সুখ-দুঃখের নিবিড় পাঁচালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিমির নোটবই—আন্দালিব রাশদী
মিমির নোটবই—আন্দালিব রাশদী

মিমির নোটবই—আন্দালিব রাশদী
প্রচ্ছদ ও অলংকরণ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথম প্রকাশন
৭৯ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা
এ উপন্যাসের কাহিনির আদ্যোপান্ত আমরা জানতে পারি উপন্যাসের অন্যতম চরিত্র মিমির নোটবইয়ে লেখা বিবরণের সুবাদে। পরিবারটির কেন্দ্রে রয়েছে মিমির বাবা সৈয়দ নূর আলী, ব্র্যাকেটে মজনু, মা নাইয়ার সুলতানা লিচু, ভাইবোনদের মধ্যে সবার বড় অনার্স সেকেন্ড ইয়ারে পড়া বোন রিমি, ভাই তিমি আর ছোট বোন হিমি। মা-বাবার সঙ্গে সারা দিন ঝগড়া লেগেই আছে। আবার ‘ঝগড়া করতে করতে দুজন কখন যে তাদের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় ছেলেমেয়েরা টের’ পায় না। এবং ‘বছরের প্রথম দিনই রাতের কাজটা বিকেলে করে’ ফেলে, আর তাতে ‘মায়ের কী রকম খুশি খুশি ভাব’—এ জাতীয় বর্ণনাও মিমি যখন লেখে বড় বোন রিমির সংলাপের অনুসরণে, তখন একটু নড়েচড়ে বসতেই হয়। মিমি কিন্তু এত কিছু বোঝে না। খুবই সহজ-সরল মেয়ে।
যে হালকা চালে এ উপন্যাসের শুরু ও তার এগিয়ে যাওয়া, আন্দালিব রাশদী শেষ পর্যন্ত আমাদের সেই রম্য বা রমণীয় মেজাজের বৃত্তে বদ্ধ থাকতে দেন না। ক্রমশ তিনি উন্মোচিত করেন, নাইয়ার সুলতানা অর্থাৎ রিমির মা অন্য একজনের স্ত্রী ছিলেন। তার সেই আগের স্বামীর নাম কাজী বদরুদ্দোজা। কিন্তু সে বিয়ে টেকেনি তার ওপর দৈহিকভাবে অত্যাচার করা হতো বলে। রিমি কাজী বদরুদ্দোজার ঔরসজাত। তাকে পেটে নিয়েই তিন মাসের মাথায় নাইয়ার সেই স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসে ওঠে সৈয়দ নূর আলীর ঘরে। তাদের বিয়ে হয়। এ উপন্যাসের একেবারে আধাআধি পর্যন্ত বোঝার উপায় নেই যে রিমি সৈয়দ নূর আলীর ঔরসজাত নয়। আর মিমিও পথ থেকে কুড়িয়ে পাওয়া।
ওদিকে কাজী বদরুদ্দোজার মেয়ে কাজী লাবণ্য একাত্ম মিমি, রিমি, তিমি আর হিমিদের সঙ্গে। যোগসূত্র কিন্তু সেই মা নাইয়ার সুলতানা। কাজী বদরুদ্দোজা যখন মারা যান, তখন তার বাড়ির একটি ফ্ল্যাট লিখে দিয়ে যান তার ছেলে কাজী শুভ্র ও মেয়ে কাজী লাবণ্যর নামে। তার ঔরসজাত মেয়ে রিমির নামেও। এই উপন্যাস একটা বড় বাঁক নেয় এখান থেকেই। এসব আমরা জানতে পারি মিমির নোটবইয়ের বিবরণের সুবাদেই, সেখানে এক জায়গায় সে লেখে, ‘কাজী লাবণ্য এবং কাজী শুভ্র দুই সন্তান রেখে কাজী বদরুদ্দোজা খুব নির্দয়ভাবে নাইয়ারকে ঘাড় ধরে যখন রাস্তায় বের করে দেন, তিনি হয়তো জানতেনই না যে তাঁর স্ত্রীর গর্ভে বেড়ে উঠছে আরও একটি সন্তান।’ সবকিছু জানার পরও সেই রিমি সৎবাবাকে সঙ্গে নিয়ে প্রকৃত বাবা কাজী বদরুদ্দোজার কবরে ফুল দেয় এবং কাঁদে। শেষে বলে, ‘বাবা, তোমরা কি আমাকে কাজী রিমি বানিয়ে তোমাদের সংসার থেকে বের করে দিলে?’ চোখ ভিজে আসে এ সময়। মনের অজান্তে চোখের পানি গড়ায়। সৎবাবা সৈয়দ নূর আলী তার কথার যে জবাব দেয়, যথার্থ পিতারই আশ্বাসবাণী সেটা।
আর নোটবইয়ের লেখক মিমির কী হয়। বড় বোন লাবণ্য তাকে আমেরিকায় পড়াশোনার তাবৎ ব্যবস্থা করে দেয়। সে স্বপ্ন দেখে, তার ভাষায়, বিয়ে করবে সেই শাকিল ভাইকে, যে একদিন গোলাগুলির হাত থেকে তাকে বাঁচিয়েছিল, তার হাত থেকে পড়ে যাওয়া ক্রাচ তার হাতে তুলে দিয়েছিল। এখন সে আহত। অলৌকিকভাবে সে যদি বেঁচে যায়, তার এই প্রতিজ্ঞার অন্যথা হবে না।

এ উপন্যাস সংক্ষিপ্ত, সহজ অথচ মানবমনের নিগূঢ় রহস্য উন্মোচক এক আখ্যান। প্রতিটি চরিত্রকে লেখক এঁকেছেন নিখুঁত শিল্পীর তুলির আঁচড়ে। আন্দালিব রাশদী আমাদের কথাসাহিত্যের এক অবিচ্ছেদ্য নাম। মিমির নোটবই উপন্যাস রচনা করে তিনি নতুন করে তাঁর সেই পরিচয়কে উজ্জ্বলতর করে তুলেছেন।