আল ফারাবির মতে, মানুষ রাষ্ট্রে বসবাস করতে আগ্রহী, কারণ সে সুখ চায়। অর্থাৎ রাষ্ট্র আদর্শিকভাবে সুখের নিয়ামক। কিন্তু আদর্শ তো প্রতিষ্ঠা পায় না। প্রতিষ্ঠায় আদর্শ মারা যায়। তার মানে, সুখের আদর্শিক ভূগোল সম্ভব নয়। তাই আমরা দেখি, মানুষ সুখের নিমিত্তে চিরকাল ছোটাছুটি করে। পায় অথবা পায় না। সুখ নিয়ে সেই নিরন্তর ভাবনার নানা ব্যঞ্জনে পরিপুষ্ট একটি অনুবাদ গ্রন্থ : ‘সুখ ও অন্যান্য ছোটো অতি প্রয়োজনীয় বিষয়’। বইটি মূলত হিব্রু ভাষায় লেখা। লেখকের নাম হাইম শাপিরা। বারুখ গেফেনের ইংরেজি অনুবাদ থেকে বইটির বাংলা তরজমা করেছেন কবি ও গদ্যকার মৃদুল মাহবুব। বৈভব থেকে প্রকাশিত এই গ্রন্থ এবারের মেলায় প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম।
কেন উল্লেখযোগ্য, এ নিয়ে কিছু কথা বলার প্রয়োজন বোধ করি। পাঠকের প্রতি সম্মান রেখে লেখক নিজেই অবশ্য জানান দিচ্ছেন: ‘সুখী হওয়ার সাতটি উপায়’ বা ‘সুখী জীবনের আটটি মূলনীতি’ ধরনের বই এটি না। অর্থাৎ সুনির্দিষ্টভাবে সুখের পথ বাতলে দেওয়া এই গ্রন্থের উদ্দেশ্য নয়। সব প্রশ্নের উত্তর দেওয়া থাকলে পাঠক বরং প্রতারিত হয়। সেই প্রতারণার দিকে লেখক যেতে চাননি। সুখ নিয়ে যে পরস্পরবিরোধী ধারণাগুলো লেখক সামনে এনেছেন, তা আলাদাভাবে বিপরীতমুখী হলেও সামগ্রিক বিচারে একটা প্যারাডক্সিক্যাল ইউনিটি হিসেবে কাজ করে। ফলে ভিন্ন ভিন্ন ধারণার মধ্যেও নিবিড় সম্মিলন পরিলক্ষিত হয়। পাঠক মতামত গ্রহণ-বর্জনের ক্ষেত্রে তুমুল স্বাধীনতা ভোগ করে। যেমন লেখক বলছেন:
‘কিছু কিছু মনোবিজ্ঞানী মনে করেন, সুখ বাসনাকে নষ্ট করে। আবার অন্যরা মনে করেন, বাসনা সুখকে নষ্ট করে।’
আবার অস্কার ওয়াইল্ডের উদ্ধৃতি দিয়ে লিখেছেন: ‘কিছু না করে থাকার মতো পরিশ্রমের কাজ আর নেই।’
উভয় উদ্ধৃতির ক্ষেত্রেই একটা বিরোধাভাসসমৃদ্ধ বাক্য-বিনোদন আমাদের আনন্দ দেয়।
‘সুখ ও অন্যান্য ছোটো অতি প্রয়োজনীয় বিষয়’
হাইম শাপিরা
অনুবাদ: মৃদুল মাহবুব
প্রকাশক: বৈভব, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
১৯২ পৃষ্ঠা
দাম: ৩৮০ টাকা।
এই গ্রন্থের আরও একটি বৈশিষ্ট্য বেশ চমকপ্রদ। সুখ নিয়ে বিভিন্নজনের বিচিত্র অভিমত বুদ্বুদের মতো উত্থিত হয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু চিন্তার ভার হয়ে তা পাঠকের মনে চেপে বসছে না। তাই একটা নির্ভার চেতনা পাঠককে দিয়ে তরতর করে পড়িয়ে নেয় বইটি। কোথাও জ্ঞানের চাপ অনুভব হয় না। পড়তে গেলে কথাগুলো নিজের বলে মনে হয়। কিংবা বলা যায় সুখের এই ধারণাগুলো বেশ পরিচিত। আবার কিছু কথা অভিনবত্ব নিয়ে জ্বলজ্বল করে। বিভিন্ন শিরোনামের পরিচ্ছদগুলো আলাদা হলেও যেকোনো পরিচ্ছদ থেকে শুরু করা যায়। এতে কোনো ধারাবাহিকতা নষ্ট হলো বলে মনে হয় না। পাঠক চাইলে শেষ পরিচ্ছদ থেকেও শুরু করতে পারে।
আরও একটি কথা গুরুত্ববহ। তা হলো, আমাদের প্রচলিত ধারণায় সুখের বিপরীত যে ব্যাপারগুলো অভিঘাত তৈরি করে, সেসব নিয়েও লেখক আলোচনা করেছেন। যেমন কষ্ট ও দুঃখ। এতে করে ‘সুখ’ অনুভব হিসেবে প্রগাঢ় হতে থাকে পাঠকের মনে। কিন্তু মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদে বার্ট্রান্ড রাসেলের ‘সুখ’ শিরোনামের বইটির সঙ্গে আলোচ্য গ্রন্থের পার্থক্য হলো, বার্ট্রান্ড রাসেল তাঁর ঈশ্বরহীন দার্শনিকতার মানদণ্ডে ‘সুখ’ বিবেচনা করেছেন। কিন্তু এই গ্রন্থের ‘সুখ’ বিবেচনায় কোনো সুনির্দিষ্ট দার্শনিক মানদণ্ড কাজ করেনি। ফলে সুখের ধারণা এখানে আরও বেশি অবারিত ও তাত্ত্বিকতাহীন। মৃদুল মাহবুব তার সাবলীল অনুবাদের মধ্য দিয়ে মৌলিক গ্রন্থের স্বাদ এনে দিয়েছেন। কথোপকথনের ঢঙে এমন এক আটপৌঢ়ে ভাষাকে তিনি তাঁর এই অনুবাদে আত্মস্থ করেছেন যে এক নিশ্বাসে পড়ে ফেলা যায়। সামান্য মুদ্রণপ্রমাদ ক্ষমা করে দিলে এই বই পড়তে যে সুখ অনুভব হয়, তা সত্যিই অসাধারণ। সুখ কী? কিংবা সুখের পন্থাই বা কী? এসবের কাঙ্ক্ষিত উত্তর বইটিতে নেই। তবু কেন বইটি পড়বেন? লেখক সেই উত্তর দিয়ে দিয়েছেন:
‘আমি বিশ্বাস করি যে কোনো ভালো বই (আমি আশা করি যে এটাও তেমন একটা ভালো বই) প্রশ্ন করার জন্য আমাদের মনকে উন্মুক্ত করে।’
আমি অবশ্য বেকনের উদ্ধৃতির সাহায্য নিয়ে বলতে চাই যে পড়তে হয় বিরোধ কিংবা তর্কের খাতিরে নয়, বিশ্বাস করা বা মেনে নেওয়ার জন্য নয়, বিতর্কের উপাদান খুঁজতেও নয়, পড়তে হয় নিজের ওজন বাড়াতে। মৃদুল মাহবুব অনূদিত আলোচ্য গ্রন্থটি পাঠকের ওজন বাড়াতে সহায়ক। মন, মনন এবং হৃদয় একসঙ্গে সেই সহায়তা পায়।