ছেলেবেলায় নিজের বয়সের চেয়ে বেশি বয়সের এক অপরূপা সুন্দরীর প্রেমে পড়েছিলাম। সে প্রেমে আজ অবধি মজে আছি। তাঁকে দেখব বলে বারবার ছুটে গেছি তাঁর কাছে। দেখে দেখে তবু মেটেনি এ অভাগা চোখের সাধ। সে আমার প্রেম। প্রথম এবং শেষ—দুটোই বলতে পারেন। তাঁর নাম সুচিত্রা সেন। বয়সে আমার বড় হলে কী হবে? নায়িকাদের তো কোনো বয়স হয় না, তাই না?আমার সেই প্রেম বাঁচাতে রপ্ত করতে হলো চুরিবিদ্যা। উপায় হিসেবে বেছে নিলাম ঘরের কাঁচাবাজার করার গুরুদায়িত্ব। তখনকার দিনে এক টাকায় অনেক বাজার করা যেত। এর থেকে এক আনা পয়সা মেরে দিলে কী অমন বড় ক্ষতি হতো! এক আনা এক আনা করে জমিয়ে যখনই সাড়ে তিন আনা হতো, তখনই ছুট দিতাম পাবনার ‘রূপকথা’ সিনেমা হলে। সুচিত্রা সেনের কত সিনেমা যে দেখেছি তা গুনে শেষ করা যাবে না। কখনো কখনো এক সিনেমাই বারবার দেখতে যাওয়া হতো। প্রেয়সীর সঙ্গে সাক্ষাৎ ছিল আমার মূল উদ্দেশ্য। সুচিত্রার প্রেমে পড়ি যখন আমার বয়স ১৪ কি ১৫। সে সময় একবার ঢাকায় বেড়াতে আসি। তখন মাত্র মুক্তি পেয়েছে অগ্নিপরীক্ষা সিনেমাটি। ঢাকার ‘মুকুল’ হলে সে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। উত্তমকুমার ছিলেন সুচিত্রার অপর পাশে। না উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়—কাউকেই আমার সহ্য হতো না সুচিত্রার পাশে। মনে মনে বেশ ঈর্ষাও অনুভব করেছি। আর যেহেতু আমি পাবনার ছেলে, সুচিত্রাও পাবনার মেয়ে, সে হিসেবে আমার অধিকারটিই তো বেশি। অগ্নিপরীক্ষা সিনেমাটি তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর হারানো সুর, পথে হলো দেরি, সাত পাকে বাঁধা—কোনো সিনেমাই দেখা বাদ দিইনি। মনে মনে নিজেকে সুচিত্রার নায়ক হিসেবে কতবার ভেবেছি। আজও মনে হলে হাসি পায়। সুচিত্রা ছিল আমার প্রেম। তবে অভিনেত্রী হিসেবে সুচিত্রার পর আমার বেশ ভালো লাগে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয়। চলচ্চিত্রজগতের সঙ্গে আমার জড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তখন চিত্রালীর বেশ রমরমা অবস্থা। আমি খণ্ডকালীন চাকরি হিসেবে চিত্রালীতে কাজ করেছি বহুদিন। তখন নায়ক-নায়িকাদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। কিন্তু হায়! আমার সুচিত্রাকে কখনোই কাছ থেকে দেখার সুযোগ হলো না।বয়সের সঙ্গে সঙ্গে বদলে গেছে জীবনের পথ। চলচ্চিত্রজগৎ থেকে বের হয়ে উঠেছি সাহিত্যজগতের মানুষ। বই আর কলমের সঙ্গে সখ্য হলেও রুপালি পর্দার সঙ্গে হূদয় ছেদ হয়নি। তবে বয়সের সঙ্গে সঙ্গে পছন্দ না বদলালেও বদলে গেছে অভ্যাসটা। এখন আর একটানা সিনেমা দেখতে বসা হয় না। এখনকার সিনেমাগুলোর সব দেখা হয় না। তবে মনে রাখার মতো কয়েকটির নাম বলতে পারি। তারেক মাসুদের মাটির ময়না দেখেছি। বর্তমান প্রেক্ষাপটে মাটির ময়নার মতো চলচ্চিত্র আমাদের খুব বেশি প্রয়োজন। মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক গেরিলার মতো ভালো সিনেমাও প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে সমাজবাস্তবতা, ইতিহাসকে তুলে ধরতে চলচ্চিত্রের কোনো বিকল্প নেই। আমি সময় ও সুযোগ পেলে এখনো বসে যাই সিনেমা দেখতে। সুচিত্রার সিনেমাগুলো দেখলে ছেলেবয়সের সেই পাগলামির কথা ভেবে এখনো খুব হাসি পায়। কিন্তু হায়, মনে মনে আজও আফসোস হয়, সুচিত্রার সঙ্গে আমার বিয়েটা যে হলো না!অনুলিখন: তাওহিদা জাহান