সুচের ফোঁড়ে বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্ষত’, শিল্পী: দিলারা বেগম জলি
‘ক্ষত’, শিল্পী: দিলারা বেগম জলি

শিল্পের আছে এক নিজস্ব ভাষা। ওই ভাষাতেই ভাবনা ব্যক্ত করে শিল্পী তৈরি করেন নিজের শৈলী। দিলারা বেগম জলির ‘সেলিব্রেটেড ভায়োলেন্স ৫-উন্ড’ শিরোনামের একক প্রদর্শনীতে তাঁর চিত্রের সামনে দাঁড়িয়ে মনে পড়ল কথাগুলো। ঢাকার ‘কলাকেন্দ্র’ গ্যালারিতে এই প্রদর্শনীটি কিউরেট করেছেন ওয়াকিলুর রহমান ও কেহকাশা সাবা। এখানে স্থান পেয়েছে ১৮টি কাজ।
প্রদর্শনীর কাজগুলো সম্পূর্ণ ড্রয়িংনির্ভর। প্রচলিত ধারার বাইরে এক অভিনব পদ্ধতিতে ড্রয়িংগুলো সম্পন্ন করেছেন জলি। ড্রয়িংয়ের মাধ্যম হিসেবে প্রথমেই আমাদের ধারণায় আসে পেনসিল, চারকোল বা রং–তুলি, কালি ইত্যাদি। কিন্তু আগেই বলেছি, এ শিল্পীর কাজের মাধ্যম সম্পূর্ণ ভিন্ন—কাগজে সুচ ফুটিয়ে সম্পন্ন করেছেন প্রতিটি চিত্রকর্ম। সুচের প্রতিটি ফোঁড়ে যেন ফুটে উঠেছে ক্ষতবিক্ষত বাস্তবতার চিত্রপট।

‘ক্ষত’
‘ক্ষত’

কিন্তু প্রদর্শনীটির উদ্দেশ্য কী? এ সম্পর্কে শিল্পী ও প্রদর্শনীর কিউরেটর ওয়াকিলুর রহমানের কথাগুলো বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর কথার মধ্য দিয়ে দিলারা বেগম জলির অভিপ্রায়ও বোঝা যায় খানিকটা, ‘শুরুটা হয়েছিল ২০১৪-তে “ঢাকা আর্ট সেন্টার” থাকাকালীন। তখন “সেলিব্রেটেড ভায়োলেন্স” নামে একটা প্রদর্শনী কিউরেট করি, নয় থেকে দশজন শিল্পী নিয়ে। সেখানে আমাদের চিন্তাটা ছিল, সমাজে ভায়োলেন্সের বা সংঘাতের যে বিস্তার লক্ষণীয়, আমাদের জীবনযাপনে তা এমন এক জায়গায় চলে গেছে—মনে হয়, ভায়োলেন্সটি এখানে উদ্যাপিত হচ্ছে। মানুষের অভিব্যক্তি, আচরণ, শব্দ প্রয়োগ কিংবা এই যে বোমা হামলা, মানুষসহ বাস পুড়িয়ে দেওয়া; গণমাধ্যমগুলোতে আবার তার সবিস্তার প্রচার—সব মিলিয়ে মানুষের যে সহনীয়তা, সামগ্রিক সংঘাতের যে গ্রহণযোগ্যতা—এ প্রদর্শনী তার বিরুদ্ধে একটি প্রতিবাদ। সহিংসতা নিয়ে যে শিল্পীরা দীর্ঘদিন কাজ করছেন, তাঁদের কাজগুলোকে সামনে নিয়ে আসাই আমাদের উদ্দেশ্য।’
ড্রয়িং ও পেইন্টংয়ের মাধ্যমে দিলারা বেগম জলির শিল্পচর্চা শুরু হলেও এখন তাঁর পদচারণা বিভিন্ন মাধ্যমে। পারিবারিক, সামাজিকসহ নানা সংঘাত তাঁর কাজের এক গুরুত্বপূর্ণ অংশ। গতানুগতিক ধারার বাইরে নিজস্ব একটি আঙ্গিক লক্ষ করা যায় জলির কাজে। নতুন ধারার শিল্পচর্চায় তিনি একজন প্রথিতযশা শিল্পী। ড্রয়িং, পেইন্টিং, ভাস্কর্যের পাশাপাশি নিউ মিডিয়া আর্ট যেমন, ভিডিও আর্ট, স্থাপনা শিল্প, পার্ফমেন্স আর্ট—প্রতি ক্ষেত্রেই নতুন ভাবনা উপস্থাপন করেছেন দক্ষতার সঙ্গে। তবে এই প্রদর্শনীর শিল্পকর্মে দৃষ্টিভঙ্গি ও চিন্তার পাশাপাশি জলির কাজে ‘টেকনিক্যাল’ যে জিনিসটির দেখা মেলে সেটি হলো, সুচ ফুটিয়ে কাগজের পেছন থেকে তিনি সৃষ্টি করেছেন ক্ষত। আবার কাগজটিকে ব্যবহারও করছেন এমনভাবে যেন এটি একটি ‘স্কিন’ বা চামড়া। জলির মতে, চামড়ার আচ্ছাদন মানবদেহের অন্তর্গত শিরা-উপশিরা যেমন রক্ষা করে, তেমনি বাইরের রোদ-বৃষ্টি থেকেও রক্ষা করে। আমাদের দেহে বাইরে থেকে কিছু আঘাত আসে, যা অপ্রত্যাশিত। একে বলা যায়, ‘আননেচারাল ওপেনিং’। জলি এ বিষয়কে বিবেচনা করেন ‘ক্ষত’ হিসেবে। তাই কি আলোচ্য প্রদর্শনীর নামের মধ্যে আছে ‘উন্ড’ বা, ‘ক্ষত’-এর উল্লেখ?। হ্যাঁ, এমন ভাবনা থেকেই এই কাজগুলো করেছেন জলি। তাঁর এই পর্বের কাজগুলো বিলাপের মতো। বিলাপের সময় মানুষ যেমন সুর করে শোক পালন করে, জলির কাজও অনুরূপ। এই কাজের মধ্যে কোনো রং নেই, আছে কেবল সাদা চিত্রতল। জলি প্রথমে এই সাদার মধ্যে—সাদা কাগজে পেছন থেকে সুচ ফুটিয়ে ক্ষত তৈরি করেন, এরপর সেখানে আঁকেন কিছু ড্রয়িং। আর ওই ড্রয়িংয়ের ভেতর যে বেদনার উন্মেষ, সেটি সমাজ-বাস্তবতার নানামুখী অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদী শিল্পীর বিদ্রোহ।
২৬ ডিসেম্বর ২০১৫-তে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ৩০ জানুয়ারি।