সুতোয় বোনা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঝরনা’, শিল্পী: ইরানী আহমেদ
‘ঝরনা’, শিল্পী: ইরানী আহমেদ

দূর থেকে দেখলে মনে হয়, নিসর্গের নানা রূপের পসরায় সেজে উঠেছে চিত্রপটগুলো। কাছে গেলে চমক; হ্যাঁ, চমকই জাগে! কারণ, গ্যালারির দেয়ালে দেয়ালে ঝুলছে সুইসুতো আর বাহারি বর্ণের কাপড়খণ্ডের সমন্বয়ে গড়া বাস্তবানুগ হরেক ছবি। এসব ছবিতে আমরা দেখি বসন্তের গোলাপ বাগান, অর্কিড, মাছরাঙা পাখি, জাল পেতে মাছ ধরাসহ প্রকৃতি ও জনজীবনের অনেক বিষয়-অনুষঙ্গ। এখানে রং-তুলি আর স্পেচুলার বদলে শিল্পীর হাতে উঠে এসেছে নানা রঙের কাপড় আর সুঁইসুতো। চারুশিল্প আর কারুশিল্পের ব্যবধান ঘুচে গেছে অনেকটাই। গ্যালারি চিত্রকে ‘আমার অনুভূতির প্রতিবিম্ব’ শিরোনামে চলমান ইরানী আহমেদের প্রদর্শনীর কথা বলছি।
প্রকৃতির রূপ-রস-রং ছেনে ছবি আঁকেন শিল্পীরা। তবে সত্তরের দশকের শিল্পী ইরানী আহমেদ আঁকেন অন্যভাবে। চিত্রপটে নানা রঙের সুতো, শাড়ির পাড় আর কাপড়ের টুকরো বসিয়ে।
পাহাড়ি প্রকৃতির বুক বেয়ে গড়িয়ে পড়া ঝরনা তিনি এঁকেছেন ক্যানভাসে। যথাযথ রং ঢেলে তৈরি চিত্রপটে টুকরো বস্ত্র ফেলে, সেলাই করে প্রকৃতির নানা উপাদান—ঘাস, ফুল, জল, পাথরের রূপ নির্মাণ করেছেন। সাদা সুেতার জাল দিয়ে সৃষ্টি করেছেন ঝরনা। ফলে আঁকা-গড়ার শিল্পিত দক্ষতায় বিষয়গুলো হয়ে উঠেছে অসামান্য।
ইরানীর বেশ কয়েকটি কাজ আমাদের দৃষ্টিকে মুগ্ধতা দেয়—‘গোলাপ বাগান’ এর অন্যতম। যত রং আর যত ধরনের গোলাপ পাওয়া যায়, নিজের ক্যানভাসে পাতা ও ডালসহ বর্ণিল সেই ফুলের বাহার উপস্থাপন করেছেন শিল্পী। গোলাপের ঔজ্জ্বল্য আনতে প্রয়োগ করেছেন মিহি সিল্ক ও ভেলভেট কাপড়। উপরন্তু ফুলের দল ও পাপড়িকে সুদক্ষভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করায় তা হয়ে উঠেছে বাস্তবসম্মত।
সাদা কাশবনের বাহার, যুগল রাজহাঁস, জলাধারের পাশে গাছের ডালে বসা মাছরাঙা, মাছ ধরতে সারসের অপেক্ষা, নদীর পাড়ে ফুলের রঙিন দোলা, ডালে বসা চড়ুই যুগল, কৃষ্ণচূড়ার ডালে হলুদ পাখি, হলুদ সরষে খেত—এমন নানা বিষয়কে ক্যানভাসে ধারণ করেছেন শিল্পী।
গ্রামবাংলার সাধারণ নকশিকাঁথা শিল্পীদের সুচিকর্ম উৎসাহ জুগিয়েছে তাঁকে। নকশিকাঁথার ধরনে ইরানী গড়ে তুলেছেন পুরোনো ঢাকার কয়েকটি বাড়ি নিয়ে একটি কাজ। কোথাও রং চটা, হাঁ করা ইটের উঁকি, কোনো বাড়ির দেয়ালে চুনকাম করা, অন্যান্য রঙের বাহার, ইলেকট্রিকের তার, তাতে কাক বসা—সব মিলে এখানে আছে পুরোনো ঢাকার এক বিশ্বাসযোগ্য রূপ। স্বীকার করতে দ্বিধা নেই প্রদর্শনীটি অন্য রকম আর ‘অন্য রকম’ বলেই এটি এত ভালো লাগা জাগায়।
১ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি ৮ এপ্রিল শেষ হবে।