‘সুনীল-শক্তি যুগলবন্দী পয়সা লোটার নতুন ফন্দি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়
ছবি: সংগৃহীত

সুনীল গঙ্গোপাধ্যায় আর শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। আমৃত্যু তাঁরা ছিলেন একে অপরের শুভাকাঙ্ক্ষী। সত্তরের দশকে শক্তি আর সুনীল দুজনই কবি হিসেবে ছিলেন প্রচণ্ড জনপ্রিয়, তাঁদের কবিতা মানেই তুমুল কাটতি। তখন দুজন মিলে যৌথ কবিতার একটি বই বের করলেন তাঁরা। সুনীলের ২১টি ও শক্তির ২২টি কবিতা নিয়ে যুগলবন্দী নামে তাঁদের যৌথ কবিতার এ বই বের হলো। পাঠক-সমালোচক মহলে হইচই শুরু হলো। অনেক সাহিত্যিক এটি নিয়ে মজাও করতে লাগলেন। অনেকে বলতে লাগলেন, বইয়ের কাটতি বাড়াতে এই বুদ্ধি। বিখ্যাত ছড়াকার তুষার রায় ছড়া লিখলেন, ‘সুনীল-শক্তি যুগলবন্দী/ পয়সা লোটার নতুন ফন্দি’। এ বিষয়ে আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য বইয়ে সুনীল লিখেছেন, ‘সে ছড়া শুনে আমরা দুজনই হেসেছিলাম খুব। সেই যুগলবন্দীর জন্য আমরা দু–পাঁচ টাকাও পেয়েছিলাম কিনা সন্দেহ!’

শক্তি ছিলেন আলাভোলা মানুষ, ইংরেজিতে যাকে বলে ‘আনপ্রেডিক্টেবল’। কখন কী করতেন, বোঝা মুশকিল। তিনি কাজ করতেন আনন্দবাজার পত্রিকায়। একবার আনন্দবাজার থেকে কাউকে কিছু না বলেই উধাও হলেন তিনি। দশ দিন পর যখন অফিসে ফিরলেন, সম্পাদক তো বেজায় গরম, ‘কী হলো? কাউকে কিছু না বলেই হাওয়া হয়ে গেলেন? অফিস থেকে ছুটিও নিলেন না।’ শক্তির সহজ স্বীকারোক্তি, ‘দারোয়ানকে তো বলে গেলাম।’ শক্তির এ রকম খামখেয়ালিপনার কারণে প্রায়ই তাঁকে শাসন করতেন সুনীল। তিনি যেমন শক্তির বন্ধু ছিলেন, তেমনি ছিলেন অভিভাবকও।

তাই সুনীলের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়কে শক্তি একবার অনুযোগ করে বলেছিলেন, ‘তোমার বর আমাকে মেরেছে, এরপর থেকে আমি কানে একটু কম শুনি।’

সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য

গ্রন্থনা: বাশিরুল আমিন