সুন্দরবন
বিশ্বের সেরা নতুন সাত বিস্ময়ের তালিকায় শেষ পর্যন্ত সুন্দরবন ঠাঁই পায়নি। তার বাক্সে যথেষ্ট ভোট পড়েনি তাই। এই ভোট হয়েছে মূলত ইন্টারনেটের মাধ্যমে। আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেও অধিকাংশ ভোটারই নিজ নিজ দেশের ‘বিস্ময়ের’ পক্ষে ভোট দিয়েছেন। সে দৌড়ে আমরা হেরে গেছি। অন্য কারণ, সুন্দরবন সম্পর্কে বিশ্বের মানুষ এখনো যথেষ্ট জানে না। ইউনেসকো একে তাদের ‘ওয়াইল্ড হেরিটেজ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে বটে, কিন্তু তার পরিচিতি বাড়াতে খুব একটা কিছু করেনি। সে কাজ অবশ্য তাদের করারও কথা নয়, করার কথা আমাদের।এনায়েতুল্লাহ খানের নতুন কফি-টেবিল বই দ্য বাংলাদেশ সুন্দরবনস হাতে পেয়ে মনে হলো, এত দিনে একটি যোগ্য কাজ সম্পন্ন হলো। এই বনের সুন্দর-ভয়ংকর সৌন্দর্য বিষয়ে যত কথাই বলি না কেন, চোখে আঙুল দিয়ে তা না দেখিয়ে দিলে সত্যিকারের ছবিটা ধরা পড়ে না। এনায়েতুল্লাহ খানের এই বইটি ঠিক সেই কাজই করেছে। অসাধারণ ছবি, তার সঙ্গে মানানসই বিবরণ—সব মিলিয়ে ভারি চমৎকার।এই বই থেকেই জানলাম সুন্দরী কাঠের জন্য বিখ্যাত বলে তার নাম সুন্দরবন বলে যে ধারণা প্রচলিত, তা এক শ ভাগ সত্যি না-ও হতে পারে। একসময় বরিশালের সুগন্ধা নদীর অববাহিকায় এই বনের বিস্তার ছিল, সেই থেকে নাম হয়েছিল সুন্ধারবন। আবার অনেকে এমন কথাও বলেছেন, এই বনের নাম একসময় ছিল সমুদ্রবন। সেই নাম বিকৃত হতে হতে শেষ পর্যন্ত দাঁড়াল সুন্দরবনে। বঙ্গোপসাগরের নোনাজলে যে বন তার পা ভেজায়, এমন নাম তো তার হতেই পারে। কিন্তু আমার মনে হয় সুন্দরবন নামটাই ঠিক, শুধু সুন্দরী কাঠের জন্য নয়, এই অরণ্যের সৌন্দর্য মনে করিয়ে দেয় বলেই।জেনে অবাক হয়েছি, একসময় অনেক অনেক বছর আগে সুন্দরবন এখনকার তুলনায় বহুগুণে বিস্তৃত ছিল। এমনকি আজকের কলকাতা শহরের উপকণ্ঠ পর্যন্ত তার বিস্তার ছিল। বন কেটে মানুষ বসত গড়েছে, সভ্যতার সম্প্রসারণ হয়েছে। আর তার ফলে আগ্রাসী মানুষের কাছে ঠকে গেছে প্রকৃতি। ছোট হতে হতে এখন দুই বাংলা মিলে সুন্দরবনের মোট আয়তন দাঁড়িয়েছে ৬০১৭ বর্গকিলোমিটারে। সেও একদম কম নয়, কিন্তু ধরে না রাখলে ফুরাতে তার সময় লাগবে না। পড়েছি, একসময় নাকি সাহারা মরুভূমি সবুজ ছিল। কয়েক লাখ বছরের অত্যাচারের ফল তার আজকের এই নির্দয়, ঊষর চেহারা। একদিন সুন্দরবনের সে অবস্থা হতে পারে, যদি আমরা সচেতন না হই। বস্তুত, এখনো প্রতিদিন লোভী মানুষের আগ্রাসন সহ্য করতে হচ্ছে সুন্দরবনকে। বেআইনিভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে মানুষ, আক্রান্ত হচ্ছে ডোরাকাটা হরিণ, দেদার নিধন চলছে চিংড়ি ও অন্যান্য মাছ, মারা পড়ছে রয়েল বেঙ্গল টাইগার। এ ছাড়া আছে প্রাকৃতিক দূষণ ও বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ তাণ্ডব। প্রায় সাড়ে চার শ নদী সুন্দরবনকে ঘিরে আছে। সেসব নদীতে লবণাক্ততা ক্রমশ বেড়েই চলেছে, কমছে নদীর নাব্যতা, জাগছে চর। এনায়েতুল্লাহ খান জানাচ্ছেন, সময়মতো ব্যবস্থা না নিলে ২০৫০ সালের মধ্যে এই বনের চেহারা একদম পাল্টে যেতে পারে।যে বাঘ নিয়ে আমাদের এত গর্ব, এই বই থেকে জানতে পারছি, তার মোটে ৩০০-৩৫০টি এখন অবশিষ্ট আছে। সংখ্যায় কমে আসছে, ফলে শিকারির লোভী চোখে বাঘের দাম বাড়ছে। কাগজে-কলমে বাঘ শিকার নিষিদ্ধ হলে কী হবে, প্রতিবছরই অনির্দিষ্টসংখ্যক বাঘ শিকার হচ্ছে। বাঘের প্রধান খাদ্য ডোরাকাটা হরিণ, একসময় এই বনে তাদের সংখ্যা ছিল অগুনতি। এখন কমতে কমতে মাত্র এক লাখে এসে ঠেকেছে। প্রতিবছর মানুষ ও বাঘের পেটে কম করে হলেও ২০ হাজার হরিণ হত হচ্ছে। একসময় দেখা যাবে বাঘ ও হরিণ—দুই-ই নির্বংশ হয়েছে। তখন কী নিয়ে গর্ব করবে বাঙালি?ঠিক সেই ভয় সম্পর্কে আমাদের সাবধান করে দিয়েছেন ব্রিটিশ কবি টেড হিউজ। ১৯৮৯ সালের নভেম্বরে সুন্দরবন ভ্রমণে এসে ‘ফোর থিংস ক্রিয়েটেড বাই গড’ নামে একটি কবিতা লিখেছিলেন এই ব্রিটিশ পোয়েট লরিয়েট। এই বইতে হিউজের হস্তাক্ষরে সে কবিতাটি তুলে দিয়েছেন এনায়েতুল্লাহ খান। বাংলায় হিউজের কথার অর্থ দাঁড়ায় এই রকম:ঈশ্বরের সৃষ্টিসুন্দরবনের জন্যরয়েল বেঙ্গল টাইগারযার চোখ জাগায় সারা বিশ্বের সম্ভ্রম।ঈশ্বরের সৃষ্টিগায়কের জন্য কণ্ঠকবির জন্য শব্দআর বাংলাদেশের জন্য সুন্দরবন।গায়ক তার কণ্ঠ হারালেকী হয়?কী হয় যখনকবি হারায় তার শব্দ?অতএব, বাংলাদেশযত্ন নিয়ো তোমার সুন্দরবনের।মোট ১৬৮ পাতার এই বইতে ছবি ও কথায় এনায়েতুল্লাহ খান বারবার আমাদের সেই সাবধানবাণীই উচ্চারণ করেছেন। এনায়েতুল্লাহকে ধন্যবাদ, নিজের দায়িত্ব তিনি পালন করেছেন। গর্ব করার মতো হাতেগোনা যা কিছু আমাদের আছে, সুন্দরবন তার একটি। যক্ষের ধনের মতো তাকে আগলে রাখার দায়িত্ব আমাদের সবার।৯ জানুয়ারি ২০১২, নিউইয়র্ক