সুন্দরবনের হারানো মাছ
সুন্দরবন এমন একটি এলাকা, যেখানে সমুদ্রের নোনাপানি ঢোকে দক্ষিণ থেকে, উত্তর থেকে মিঠাপানির প্রবাহ এসে পড়ে। এখানে আছে নিরন্তর অর্ধজলমগ্ন বনভূমি। এই জলাভূমি, পলি মেশানো নোনা ও মিঠাপানি, গাছপালার পচে ওঠা পাতা কোটি কোটি অণুজীবের জন্ম দেয়। ফলে মৎস্যসম্পদের আঁতুড় এলাকা হিসেবে সুন্দরবন হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম মৎস্যসম্পদ উৎপাদন এলাকা। বাংলাদেশে সুন্দরবনের মোট এলাকা হচ্ছে ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলের এলাকা মোট বনভূমির ৩১ দশমিক ১ শতাংশ, অর্থাৎ এক হাজার ৮৭৪ বর্গকিলোমিটার। সুন্দরবনের সামগ্রিক মাছের ওপর পূর্বাপর কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি। ফলে মাছের বর্তমান অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্তপ্রায় মাছের ওপর উপাত্তনির্ভর তথ্য পাওয়া যায় না। শুধু যেসব মাছ মানুষ খায়, রপ্তানির উপযোগী মাছ চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হয়, সুন্দরবনে শিরদাঁড়াওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির। এর মধ্যে বাণিজ্যিক মাছ ১২০ প্রজাতির (সাইডেনস্টিকার ও হাই ১৯৭৮)। বার্নাকসেকের মতে, (২০০০) বাণিজ্যিক মাছ ৮৪ প্রজাতির, কাঁকড়া-চিংড়ি ১২ প্রজাতির ও নয় প্রজাতির শামুক রয়েছে। পাঠকদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এ লেখায় আমার সামান্য অভিজ্ঞতা, জেলে, বন্য প্রাণী গবেষক, শিকারি, বনের কর্মচারীদের অভিজ্ঞতা থেকে যেটুকু জেনেছি, ওই সীমাবদ্ধতায় আমাকে মাছের কথা বলতে হবে। আরেকটি সমস্যা হচ্ছে মাছের নাম। পূর্ব সুন্দরবনে যেসব মাছের নাম চিত্রা, কাইক্কা, রামশোষ—পশ্চিম সুন্দরবনে তারাই হয়ে ওঠে যথাক্রমে পায়রাতলী, কাইকশেল, তপসে মাছ। এ ছাড়া একই মাছের আকার অনুযায়ী নামও বদল হয়; ভেটকি মাছ ছোট অবস্থায় পাতারি, মাঝারি হলে ভেটকি, বড় হলে হয়ে পড়ে কোরাল। সুন্দরবনে মাছকে দুই ভাগে ভাগ করা হয়। সব মাছ মিলিয়ে হয় সাদা মাছ, বাকিরা বাগদা, গলদা, কাঁকড়া। সত্তরের দশকের মাঝামাঝি যখন সুন্দরবনে যাতায়াত শুরু করি, তখন গোনের সময় এত মাছের প্রাচুর্য দেখেছি যে সেসব কথা আজ গল্পকথার মতো শোনাবে। আশির দশকে চিংড়িপোনা ধরা শুরু হওয়ার পর মাছের প্রাচুর্য ধপ করে কমে যায়। একসময় স্থানীয় জনসাধারণের প্রাণিজ প্রোটিন ৮০ শতাংশ মেটাত মাছ। আজকাল মাছ খাওয়ার সৌভাগ্য এলাকার খুব কম লোকের ভাগ্যে জোটে। সুন্দরবনে কালা হাঙর, ইলশা কামট, ঠুঁটি কামট, কানুয়া কামট পাওয়া যায়। আগে এদের খালিশপুর এলাকা পর্যন্ত পাওয়া যেত। এখন অনেক দক্ষিণে সরে গেছে। পশ্চিম সুন্দরবনে এদের উৎপাত বেশি। এরা সংখ্যায় অনেক কমে গেছে, বিশেষ করে কালা হাঙর প্রায় দেখাই যায় না।নয় প্রজাতির শাঁকজ বা শাপলাপাতা মাছের অধিকাংশই এখন সুন্দরবনের খাঁড়ি এলাকায় দেখা যায় না।কুঁচে কা কামিলা-জাতীয় মাছের পাঁচটি প্রজাতির সাগর কুইচ্চা ও ধানি কুইচ্চার অবস্থা খুবই খারাপ। আগের দিনে বাম মাছের মতো দেখতে এই মাছগুলো স্থানীয় লোকজন খেত না। এখনো খায় না। তবে হাজার হাজার কাঁকড়া মারা জেলে কুইচ্চা মাছের টুকরো কাঁকড়া ধরার টোপ হিসেবে ব্যবহার করে। শীতকাল সাগরপারের জঙ্গলি খালে পূর্ণ জোয়ারের প্রায় স্বচ্ছ জলে আর্চার ফিশ বা তীরন্দাজ মাছ দেখতাম। তিতপুঁটি মাছ আকারের এই মাছগুলো জলের এক-দেড় ফুট ওপরে গাছের পাতা বা ডালে পিঁপড়ে, নানা মধ্যম আকৃতির পতঙ্গ দেখে পিচকারীর মতো তীব্র জল ছিটিয়ে পোকাটিকে ভিজিয়ে জলে ফেলে দিত। তারপর টপ করে গিলে ফেলা। শুনেছি, এই মাছ ফুটখানেক লম্বা আকারের হয় পূর্ণ বয়সে। এই মাছগুলো আজকাল আর দেখি না। একসময় খুব জাভা মাছের খুব নাম শুনতাম। ৫৫ সেন্টিমিটার লম্বা। সম্প্রতি দেখিনি। পায়রাতলী বা চিত্রার মতো অত্যন্ত সুস্বাদু মাছ আজকাল জেলেদের জালে খুব কম পড়ছে। সুন্দরবনের সবচেয়ে পরিচিত মাছ পারশে মাছ। ১৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এ মাছটি জঙ্গলের সর্বত্র প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখনো পাওয়া যায়। তবে কম। ঢাকা-খুলনায় আমরা যে হূষ্টপুষ্ট পারশে মাছ পাই, সেগুলো ঘেরের মাছ, বাদার মাছ এত বড় হওয়ার আগেই অন্যান্য বড় মাছের খাবার হয়ে যায়। পারশেরই জাতভাই বাটা ভাঙান। ভাঙান, গুল বাটা, খরুল ভাঙান আজকাল খুব কম ধরা পড়ে। খরশুলা বা খল্লা অত্যন্ত সুস্বাদু মাছ। বনের নদী-খালে এদের তেমন দেখতে পাই না আজকাল। তবে ঘের করে পুষছেন কেউ কেউ। সুন্দরবনের কাইক্কা বা কাইকশেল মাছ স্বাদু পানির কাইক্কার চেয়ে আকারে অনেক বড় হয়। এখানকার এই ঠুঁটি কাইকশেল খুব কম ধরা পড়ছে বলে জেলেরা জানিয়েছেন। বিশাল আকৃতির মেদ মাছের দুটি প্রজাতি এখন বিলুপ্তপ্রায়। বাদার এক স্বাদু কিন্তু মারাত্মক মাছ কান মাগুর। মাছের পাশের কাঁটায় মারাত্মক বিষ রয়েছে। বড় কান মাগুর এখনো কিছু পাওয়া গেলেও দাগি কান মাগুর এখন বিলুপ্তপ্রায়। ট্যাংরা জাতের গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা এখনো কিছু পাওয়া গেলেও বিশাল আকৃতির শিলং মাছ প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। কাজলী মাছও সহসা চোখে পড়ে না। অপূর্ব সুন্দর ভোল মাছ। সুন্দরবনের সবচেয়ে বড় মাছ কই ভোল এখন ধরা পড়ে কালেভদ্রে। সুন্দরবনের খলশেবুনিয়া খালে একবার বড়শিতে আমি একটি কুৎসিত দর্শন গনগইন্যা মাছ ধরি। এটি বড়শিতে থাকা অবস্থায় এঁকেবেঁকে ক্যা ক্যা আওয়াজ তুলছিল। সঙ্গী একজন বনকর্মী বড়শি আছড়ে মাছটি ছাড়াল। শুনলাম, এ মাছ কেউ খায় না, তেমন একটা পাওয়াও যায় না।রেখা মাছ একসময় বেশ দেখতে পেতাম। ইদানীং পাই না। গুটি দাতিনা এখনো পাওয়া গেলেও লাল দাতিনা একেবারেই বিরল হয়ে গেছে। সুন্দরবনের নদী-খাঁড়িতে মাঝ ভাটায় নৌকায় বসে দেখতাম কী এক ধরনের প্রাণী যেন দারুণ আলোড়ন তুলে ছোট, মাঝারি পারশে, দাতিনা মাছ তাড়িয়ে বেড়াচ্ছে। জেলেদের কাছে শুনলাম, তাড়ানো প্রাণীটি এক ধরনের মাছ। সহসা জালে পড়ে না। নাম তাড়িয়াল মাছ। খেতে অত্যন্ত সুস্বাদু। পরে খোঁজ করে জানতে পারলাম, এটা হচ্ছে লাক্ষা মাছ, যার ইংরেজি নাম ইন্ডিয়ান স্যামন। আকারে প্রায় চার ফুট লম্বা হয়। তাদের অবস্থা সুবিধার নয় শুনেছি। রামশোষ বা তপসে মাছের আজকাল খুব আক্রা চলছে। জেলেরা অন্তত পাঁচ প্রজাতি চেউয়া মাছ ধরে বড় নদীতে। এর মধ্যে লাল চেউয়া বিপন্ন হয়ে উঠেছে। সুন্দরবন তথা পৃথিবীর সব ক্রান্তীয় ম্যানগ্রোভ বনের প্রতীক মাছ হলো মেনো মাছ, যার ইংরেজি নাম মাড স্কিপার। কোথাও ডাহুক মাছও বলে। এগুলো কেউ তেমন একটা ধরে না; তবে শুনেছি, চাটগাঁয়ের জেলেরা শুঁটকি করে। বনে এদের পাঁচটি প্রজাতি দেখতে পাওয়া যায়। প্রজাতিভেদে এরা ৯ থেকে ২২ সেন্টিমিটার লম্বা হয়।বনের বলেশ্বর, কুঙ্গা নদীতে যথেষ্ট ইলিশ ধরা পড়ে। দুই প্রজাতির ইলিশের মধ্যে চন্দনা ইলিশ কম পাওয়া যাচ্ছে। চার প্রজাতির ফ্যাসা মাছের মধ্যে রাম ফ্যাসা কম ধরা পড়ছে। বৈরাগী মাছের সংখ্যাও কমেছে। সুন্দরবনের ভেতর পোড়ামহল, আন্ধারমানিক, জোংরা, শুবদি-গুবদি এলাকায় কিছু মাঝারি আকারের বিল রয়েছে। এগুলোতে বর্ষায় পানি আটকে যায়। কোথাও জোয়ারের পানি ঢোকে। বিলগুলোর পানি মিঠা, এখানে মিঠাপানির মাছ পাওয়া যায়। বেশির ভাগ জিওল মাছ। কই, শিং, মাগুর, দুই প্রজাতির টাকি, শোল ছাড়াও ছোট ট্যাংরা, পুঁটি, খলসে, চ্যালা, দাঁড়কিনা, কুঁচো চিংড়িসহ নানা মাছ পাওয়া যায়। বৈশ্বিক উষ্ণতার কারণে এসব বিলে লোনা পানি ঢুকছে। এই বিলগুলোর মাছ তাই শেষ হওয়ার দিন গুনছে। সুন্দরবনে এখন ১৩ ধরনের পদ্ধতিতে মাছ ধরা হয়। ঠেলা জাল, রকেট জালের ছিদ্র খুব ছোট হওয়ায় চারা মাছ, ডিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলে বেড়েছে অনেক। ফলে মৎস্যসম্পদ কমছে দ্রুত। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিংড়ির জিন সংগ্রহ করতে গিয়ে আর রিপকট, রোটেক্স বিষ দিয়ে খুনে জেলেদের মাছ মারায়।ছবি: ওয়েবসাইট ও ফিল্ডগাইড টু ফিনফিশেজ অব সুন্দরবন জার্নালের সৌজন্যে