সুফিয়া কামালের জন্মদিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কেন নেই আজকে?
কার কাছে হাপুস নয়নে বসে কাঁদি!
কে আমার চোখ-ভরা পানি দেখে বলবে না:
‘তোমাকে শক্ত হতে হবে।’
দুই চোখে অলৌকিক মায়া নিয়ে আপনি ছাড়া
কে আমার হাত দুটি ধরে
বসে থাকবে নীরবে।
আজ কেন নেই আপনি?
অমন বলিষ্ঠ স্বরে, অমন নির্ভয়ে
আপনার মতো করে কে বলবে, ‘এ ঘোর অন্যায়’
অমন সহজ করে অমন জটিল প্রশ্ন কে বলবে আজ!
আপনি আজ নেই বলে কেউ আর জানতেও চায় না
নূরুল ইসলাম আর পুচি রোজ স্বপ্নে আসে কি না
কবরের নিচে ওরা ভালো আছে? নাকি ঘাস হয়ে
সবুজ সবুজ মুথা ঘাস হয়ে
আকাশের দিকে দুই হাত তুলে আছে?
আপনি নেই, কার কাছে জেনে নেব আজ—
বলপেনে রিফিল বুঝি চোখের জলেও ভরা যায়!
আপনি আজ নেই কেন, কার কাছে শিখব বলুন
কী করে বৃক্ষের মতো, অটল বৃক্ষের মতো
মাথার ওপরে তীব্র বজ্রপাত
দিগন্তে ছড়িয়ে দেওয়া যায়।