সুবর্ণা
সে অনেক অনেক দিন আগের কথা নয়। ঢাকার এক বস্তিতে বাস করত এক কালো কুৎসিত মেয়ে। নাম তার সুবন্না। তো, সুবন্নার বয়স উনিশ হলেও তার বিয়ে হয় না। হবে কেমন করে? নামেই সুবর্ণা। দেখতে কুবর্ণা। মা রেখেছিল নাম। ভাগ্যিস বস্তির কেউ ও নামের অর্থ জানে না। এরই মধ্যে বস্তির চারজন রিকশাওয়ালা ওকে প্রস্তাব দিয়েছে—বিয়ে করতে নয়, যদি যৌবনজ্বালা থাকে, তবে মেটাতে পারে তারা। এর মধ্যে একজন আবার বলেছে, তাকে বিড়ি খাওয়ার পয়সা দিলে সে রাজি। সুবন্না বঁটি হাতে সবাইকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বঁটির গোড়ায় রাশি রাশি রজনীগন্ধা, গাঁদা, কাঠবেলি, গোলাপ। সে শাহবাগে অর্ডারি মালা সাপ্লাই দেয়। ওর কাজ এত নিখুঁত যে আশপাশের সব দোকান সুবন্নাকে অর্ডার দিতে চায়। বলে, ‘এই সুবন্না, আমরা আটআনা বেশি দেব পার মালা, আমাদেরগুলো করে দিস।’ বেশি অর্ডার নিলে বুঝি কাজ ভালো হয়? মা এনে ফেলেছিল এ বস্তিতে সেই এতটুকুন কালে কোন সে দূরের গাঁ থেকে, অভাবের তাড়নায়। রাস্তা পার হতে গিয়ে শাড়ির ছেঁড়া পাড়ে পা আটকালে ওখানেই মাকে দুই ফালি করেছিল ট্রাক। সে-ও হয়ে গেল পাঁচ-ছয় বছর। এক বস্তিতে চাচির কাছে ছিল এত দিন। কিন্তু যেদিন মাত্র এক খিলি মসলাদার পানের লোভে চাচি এক বাহাত্তুরেকে কথা দিয়েছিল সুবন্নার ব্যাপারে, সেদিন থেকে সুবন্না আরও দূরে সরে গিয়ে আলাদা হয়েছিল। চাচি বলে দিয়েছিল, ‘তোর ওই হাঁড়ির পাছার কালি শৈলে কেউ পা-ও পোঁছপে না।’সুবন্না মালা গাঁথে। স্বপ্ন দেখে। মায়ের কাছে শোনা কয়েকটা গল্প মিলিয়ে-মিশিয়ে নিজে নিজে একটা গল্প তৈরি করে। একটা সুচকুমার ও কাজলরেখার গল্প, আরেকটা সুখী-দুখীর। সুবন্না শুধাত মাকে—‘ও মা, কাজলরেখা দেখতি কিরাম?’‘সোন্দর পরির মতোন। নাজার মেইয়ি না?’সুবন্নার বিশ্বাস হয় না, ‘তেবে তার নাম কাজলরেখা ক্যান?’‘তা তো জানিনি। রূপকতা তো।’‘আমার নাম কাজলরেখা।’‘না, তুই আমার সুবন্না।’মালা সাপ্লাই দিয়ে ফিরে কোনো একদিন রাতে ঘরে ঢুকে ও যেন দেখতে পায়, ওর নিজের হাতে সেলাই করা নকশিকাঁথার ওপর এক রাজপুত্র শুয়ে আছে। সারা গায়ে, মুখেচোখে সুচ বেঁধা। যন্ত্রণায় কাতর। ঝুড়িভরা ফুলের ম-ম গন্ধে ভরে উঠল ঘর। রাজপুত্র বলে ওঠে—‘কে ওখানে?’‘আমি কাজলরেখা।’‘অ।’‘আপনার কি অনেক কষ্ট?’‘খুব কষ্ট। সারা গা ব্যথা। চোখ ব্যথা। কিছু দেখি না।’ ‘আমি আপনার সব কষ্ট দূর করে দেব।’‘সে কি সম্ভব কাজলরেখা? এত সুচ! এত বেদনা!’‘রোজ তিনটে করে সুচ তুলব। আর গাঁদা ফুলের বোঁটা বেটে ক্ষতস্থানে লাগিয়ে দেব।’‘কিন্তু সাবধান! চোখের সুচগুলো সবশেষে। যেদিন চোখের সুচ তুলবে, সেদিন উষালগ্নে ভালো করে পদ্মদিঘিতে স্নান করে নতুন শাড়ি পরে শেষ সুচ দুটোতে হাত দেবে। সেদিন আমি তোমাকে প্রথম দেখব। আমরা মালাবদল করব।’সুবন্না ওর জীবনের সবচেয়ে সেরা দুটো মালা সেদিন সারা রাত ধরে গাঁথবে।এর পরপরই কাজলরেখা আর সুচরাজার রূপকথা মোড় নেয় সুখী-দুখীর উপকথায়। সেই যে দুখী নামের অসুন্দর হাড়গিলে মেয়েটি চাঁদের বুড়ির কাছে তার উড়ে যাওয়া তুলা ফেরত আনতে গিয়েছিল। মা সুবন্নার মাথা কোলের মধ্যে নিয়ে চুলে বিলি কাটত আর বেড়ায় হেলান দিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে গল্প বলত—‘যাতি যাতি যাতি দুখী দেখে কি এক গাইগরু তার আঁতুড়ি বাছুর নিয়ি এক্কেবারে নেজেগোবরে। সে দুখীকে ডাইকি বোলে—ও মেইয়ি, আমার গা-ডা এট্টু ধুইয়ি দিয়ি যাবা? গোবর-নাদা সাফ কইরি দিবা? বাছুরডার মুখটা আমার উলানে ধইরি দিবা? দুখীর চোখে গরুর দুঃখে পানি। সে বড্ড যত্নের সাথে গরুর সব কাজ কইরি দেয়। এরাম কইরি ঘাটে ঘাটে আরও কতজনের কত কাজ হাসিমুখি কইরি তেইগি দুখী পৌঁচায় চাঁদের বুড়ির কাছ।’ ‘খিদি প্যাটে এত কাজ করার কী দরকার ছিইলু দুখীর? দুখী এত ভালো ক্যান, মা?’‘নাচার মানুষির কাজ কইরি দিলি আল্লা তাক পুরুস্কার দেয়।’‘আল্লার পুরুস্কার কি আসমানতি পড়ে?’‘না, মানুষির হাত দিয়িই আসে।’‘তে তুই যে মানুষির এত উবগার করিস, তোর পুরুস্কার কই, মা?’‘দেবে। তুই বড় হবি। এট্টা ভালো বিয়ি হবে। তুই সুখী হলি সিডাই তো আমার পুরুস্কার।’‘যে ছুরোতজামালের জরমো দিইচিস, তার আবার বিয়ি!’কেন বিয়ে হবে না? ও তো দুখীর মতো চাঁদের বুড়ির কাছে যাবে। যেদিন সুচরাজার গায়ের সব সুুচ তোলা হয়ে যাবে, শুধু চোখের দুটো বাকি থাকবে, সেদিন সুবন্না তার ছেঁড়া বালিশ থেকে সব তুলা বের করে নতুন করে সেলাই করতে বসবে। উত্তরি বাতাসে তুলা উড়তে থাকবে। সুবন্নাও তুলার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে চাঁদের বুড়ির কাছে পৌঁছে যাবে। রাস্তায় শুকনো পাতাজমা কলাগাছের নিচে বিশ্রাম নিতে গেলে কলাগাছ বলবে—‘কে ও, সুবন্না না? কোথায় যাও?’‘তুলো উড়ে গেছে গো কলাবতী মা, চাঁদের বুড়ির কাছে ফেরত আনতে যাচ্ছি।’‘তা বেশ। দেখো, কী আবর্জনা আমার পায়ের গোড়ায়। একটু সাফ করে দেবে?’‘কেন দেব না? বিলক্ষণ। এক্ষনি দিচ্ছি।’কলাগাছের তলা সাফসুতরো করে তারপর সুবন্না চলে যাবে চাঁদের বুড়ির কাছে। বুড়ি তাকে রূপের ঘাটে স্নান করে আসতে বলবে।‘খবরদার! তিন ডুবের বেশি না।’‘সে তো আমি জানি, বুড়িমা। মায়ের কাছে আমার সব শোনা আছে।’অথৈ রূপ নিয়ে সুচরাজার চোখের শেষ সুচ দুটো খুলে বিনম্র ভঙ্গিতে বসে থাকবে সুবন্না। রূপের আলোয় সুচরাজার চোখ ধাঁধিয়ে যাবে। আবারও চোখ কচলে দেখতে থাকবে সুবন্নাকে। সুচরাজা বলবে—‘কে বলে তুমি কাজলরেখা? তুমি আমার সুবন্না।’তারপর মালাবদল। সুখে-শান্তিতে বসবাস করতে থাকবে সুবন্না আর সুচরাজা। তখন তো আর সুচ থাকবে না। সুবন্না তাকে কেবল ডাকবে আমার রাজামশাই।অনেক রাত জেগে সুবন্নাকে মালা বানাতে হয়। সুবন্না মালা গাঁথে আর স্বপ্ন দেখে। চোখে রাজ্যের ঘুম। বাতাসে নিভে যায় কেরোসিনের প্রদীপ। হঠাৎ হাতে সুচ ফুটে যায়। অত রাতে কে দরজা ঝাঁকাচ্ছে? বেড়ার দরজা। নাকি বাতাসে কাঁপছে? কই, আকাশে তো ছিটেফোঁটা মেঘ নেই। পূর্ণমাসি চাঁদের আলো সুবন্নার বেড়ার ঘরের ছিদ্র দিয়ে বিছানায় পাতা নকশিকাঁথাকে আরও বেশি নকশি করে তুলেছে। চাঁদের আলোর ছিটে যেন লাল-নীল সুতোর বুননে সলমাজরির কাজ। মেঝেতে পাতা বিছানা, সারা মেঝেয় ফুলের ছড়াছড়ি, চাঁদের থির জ্যোৎস্না, যেন ফুলশয্যার রাত। কে দরজা নাড়ে? সুচরাজা? রক্তঝরা আঙুল জিবে চুষে নিয়ে বঁটি হাতে দরজার ঝাঁপ আলগা করে সুবন্না। মা কালীর মতো খড়্গ উঁচিয়ে দাঁড়িয়ে পড়ে। পায়ের কাছে প্রায় নতজানু নতমুখ বসে আছে এক ক্ষীণকায় ছিন্নবস্ত্র মানুষ। ‘কে গো, আপনে?’‘বড্ড খিদে। এট্টু ভাত। ক্ষুধার জ্বালা বড় জ্বালা।’ কেরোসিন আলো জ্বালিয়ে মুখের কাছে ধরে সুবন্না। আলো ফেলা মুখে নেই কোনো ভাবান্তর। চোখের পাতায় সুচ নেই। পাতাই নেই তো সুচের কী দরকার? অন্ধ ভিখিরি। তবে মুখখানা রাজার মতোন। শরীরের রঙে ঠিকরে পড়ছে জ্যোৎস্না। হাত ধরে ঘরে তোলে সুবন্না তার রাজাকে। সুবন্না জানে সুচরাজা আর সুখী-দুখীর গল্প জোড়াতালি লাগিয়ে নিজেকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা নিজেকে সান্ত্বনা দেওয়া বৈ আর কিছুই নয়। অন্ধ ভিখিরিকে দেখে সে গল্পটাকে একমুহূর্তে অন্যভাবে সাজিয়ে ফেলে। এ অন্ধ যুবক ভিখিরি তার মায়ের আশীর্বাদ। থাক না, সে অন্ধই থাক। সুচ তুলে তাকে চক্ষুষ্মান করার দরকারটা কী? সে রাতে সুবন্না ডালে-চালে খিচুড়ি রেঁধে পরম আদরে মুখে তুলে খাইয়ে দিল তার রাজাকে। নিজ হাতে মুখ মুছিয়ে দিল। রাজা শুধাল—‘ও মেয়ে, তোমার আর কেউ নেই?’‘যার থাকার সে যদি এতকাল বাদে আসে, তা’লি আর কিডা থাকপে?’‘ও, তাই। নাম কী গো ভালো মেয়ে, তোমার?’‘সুু্উবন্না।’‘সুবন্না! আহ্্ তাই। তোমার ঘরে এত সুবাস কেন, সুবন্না?’‘আইজ যে আমাগের ফুলশয্যা গো।’ খুব আস্তে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল সুবন্না। এ যেন করুণাময়ের উপহার। তার মায়ের আশীর্বাদ। সব ফুল ঢেলে দিল মাটিতে বিছানো তার নকশিকাঁথার ওপর। যে দুটো মালা গাঁথা হয়ে গেছে তার একটা দিল রাজার হাতে, একটা ও নিজে। হাত ধরে ফুলের সিংহাসনে বসাল তাকে। বলল—‘মালাবদল হবে না?’সুবন্না ভিখিরির বুক ছুঁয়ে মাথা নোয়াল। ভিখিরি কাঁপা হাতে সুবন্নার গলায় মালা পরিয়ে দিল। সুবন্না মালা পরাতে গিয়েই লবঙ্গলতিকার মতো ভিখিরির বুকের মধ্যে ঢলে পড়ল। ফুলের শয্যা টেনে নিল ওদের।অনেক বেলা হয়ে গেছে। সূর্য বেড়ার জানালার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় এক ঝলক আলো ফেলে যেতেই সুবন্না ঝট করে চোখের ওপর হাত বিছিয়ে দেয়। এমন ধারা জীবন্ত স্বপ্ন সে আগে কোনো দিন দেখেনি। কী আশ্চর্য! ও তো কোনো দিন ব্লাউজ খুলে ঘুমায় না। ওর গায়ে কোনো ব্লাউজ নেই কেন? এতবেলা অবদিও তো কোনো দিন আগে ও ঘুমায়নি। স্বপ্ন এমন মধুর! সুচরাজার গল্পের কথা ভাবতে ভাবতেই বুঝি ওর এ দশা! কিন্তু গায়ে কেন ওর অন্য রকম গন্ধ? শরীর কেন এত নির্ভার? ও কেন ফুলের বিছানায় শুয়ে? সকাল সকাল শাহবাগে গিয়ে মালা জমা দিতে হবে। কিন্তু মালা তো গাঁথেইনি ও গত রাতে। কেবল দুটো মালাবদল করেছে সে আর তার অন্ধ রাজা। কেন এ স্বপ্নটা তার সত্যি হলো না? সে তো বেশি কিছু চায় না। কেবল তার শরীরের সঞ্চিত সবটুকু বেদনা বিলিয়ে ভারমুক্ত হতে চায় সে। হোক না সে অন্ধ, হোক ভিখিরি, হোক হা-ভাতে। এ কি তার খুব বেশি চাওয়া? কেবল কালো কুৎসিত বলে কি ওর বেদনা নেওয়ার কেউ থাকবে না? স্বপ্নে কি সাধ মেটে? কিন্তু ওর কেন শরীরটাকে পাখির পালকের মতো হালকা লাগছে? হায়! ওর জীবনে এমন রাত কি আর আসবে? আরে! গান গায় কে? ভারি সুরেলা গলা। এবার উঠে বসে চোখ খোলে সুবন্না। খালি গায়ে শাড়ি পেঁচিয়ে নিতে গিয়ে হঠাৎ নিজের উন্মুক্ত শরীরকে ওর কেমন অচেনা মনে হয়। ধূসর আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই ও চমকে ওঠে। ওর কালো রঙে যেন লাবণ্যের বন্যা। ঠোঁট দুটোয় মলিনতা নেই আর। দুই হাতে চোখ ডলতেই তার ঘরের পৈঠা থেকে আবার ভেসে আসে গান—‘মিলন হবে কত দিইনে-এ-এ আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের স-অ-অ-অনে’।ও, তাহলে ওকে ভূতে পায়নি? ওই তো, তার অন্ধ রাজা গান গাচ্ছে। সুবন্না চুল আঁচড়ায়, খোঁপায় নকশি কাঁটা আঁটে। ব্লাউজ পরতে গিয়েও না পরে তার রাজার ছিন্ন চাদর গা থেকে সরিয়ে নিজের খোলা শরীরের ছোঁয়া দিয়ে পেছনে দাঁড়ায়। গান থামিয়ে রাজা ঘুরে দাঁড়িয়ে সুবন্নাকে গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে।‘উরি বাবা! চিমসে শৈলে জোর তো খুব!’‘তোমকে পেয়ে জোর যেন আরও বেড়ে গেছে সুন্দরী। তুমি আমার জেবনডা ভরে দিয়েছ।’‘বাবা! কতা তো না যেন রেডিও! আমি সুন্দরী তুমি জানলা কিরাম কইরি?’‘তোমার গায়ের সুবাস। আর তুমি যে সুবন্না গো!’‘সুবন্না মানে জানো তুমি?’‘জানব না? আমি যে ছেঁউড়ির সাঁইবাবার শিষ্য’ বলে গান গেয়ে ওঠে, ‘ভবে মানুষ গুরু দীক্ষা যার, ভবে মাহানুষ গুরু দীক্ষা যাআআআআর’।‘কী সোন্দর গলা তুমার। নাম কী আমার গায়েনের?’‘তুমি যদি সুবন্না আমি তা’লি সুকণ্ঠ।’‘বড্ড খটমটে।’‘তা’লি পরে জন্মান্ধ।’‘হেই, জন্মান্ধ কারোর নাম হয়? তুমি আমার রাজা। আমার সুচরাজা।’‘তা হবে। যে নারীর হাতে মালা গাঁথা সুচ, তার জেবনসাথি সুচরাজা। মন্দ কী?’ওরা দিনভর ভালোবাসাবাসি করে। সুবন্নার মনে কোনো দ্বিধা নেই। মালাবদল করেছে তো বিয়েই করেছে। তার সুচরাজা তাকে গান শোনাবে আর সে মালা গেঁথে দুজনের পেট চালাবে। অন্ধ মানুষের কাছে সে সুবন্না না কুবন্না, সে হিসেবের দরকার কী? একজন জন্মান্ধ, একজন কৃষ্ণবর্ণ। একজন অক্ষম, একজন সক্ষম। সুবন্না গায়েনের শরীর ঘেঁষে সারা দিন মালা গাঁথবে আর গায়েন মেটাবে তার দেহ ও প্রাণের দাবি। সে-ও উজাড় করে দেবে তার আযৌবন সঞ্চিত সুধা। সে ডালি ভরে ফুল আনবে, তার সুচরাজা অপেক্ষায় থাকবে। এত দিনে সে বুঝতে পারবে ঘরে ফেরার আনন্দ। রাজা তো রাজাই। তাকে কিছুই করতে দেবে না সে। সুবন্না তার অসীম প্রেম দিয়ে রাজার গৌরব রক্ষা করে যাবে। দুদিন ফুল আনতে যায়নি সুবন্না। শরীরে নিত্য জাগরণ আর বুকে ভালোবাসার তুফান। যৌবনের এ দুই মহারথী এত ক্ষমতাধর, আগে জানতে পারেনি সুবন্না। এ তো দেখি নাওয়া-খাওয়াও ভুলিয়ে দেয়! আজ না গেলে দুটো মানুষের পেট চালানো দায়। রাজার অন্ধ চোখের ওপর চুমো খেয়ে সকাল সকাল খালি ঝুড়ি মাথায় বেরিয়ে যায় সুবন্না। শরীরে তার হালকা হাওয়ার দোলা। রাজা সুবন্নার শরীর ছুঁয়ে গান গেয়ে বিদায় দেয়, ‘পড়শি যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেত দূরে..’।সুবন্নার বাধা দোকান ‘ফুলবাসর’-এ পৌঁছাতেই দোকানের চ্যাংড়া ছেলেটা হইহই করে উঠল।‘এই যে মহারানি, কোথায় ছিলি দুদিন? পাঁচটা হেভি অর্ডার ফিরাতে হলো তোর জন্যে। এত কামাই করলে তোর পেট চলবে? নে নে, হাত লাগা। আজ এখানে বসেই করতে হবে কয়েকটা।’‘ই, আমি মইরি গেলি ফুলবাসর অচল হয়্যি যাবে?’‘আল্লা তোকে বাঁচায়ে রাখুক। তুই আমাদের লক্ষ্মী। শাবানা আসছিল। বলে দিইছি তোর খোঁজ আনতে পারলে একটা কাজ ওকে দেব। কাজের যা ছিরি ওর! খালি গায়ের রং ফরসা হলেই সব হয় না।’কালো সুবন্নাকে একটু উৎসাহিত করার চেষ্টা, সেটা ও বুঝতে পারে। সুবন্না মালা বানাতে হাত লাগায়। ও তো এখন মহারানিই। তার রাজা আছে না ঘরে? প্রথম ফুল গাঁথতে গিয়েই সুচ ফুটল আঙুলে। আবার কী হলো? তার রাজা তাকে মনে করছে নিশ্চয়। তাড়াহুড়ো করলে কাজ ভালো হবে না। কিন্তু ওর যে ঘরে ফেরার তাড়া। আহা, লোকটাকে কতক্ষণ না খাইয়ে রাখবে? দুপুর গড়িয়ে গেল হাতের কাজ শেষ করতে। একটু বেশিই পারিশ্রমিক পেল আজ ও। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর হাসানমামুর ইতালিয়ান হোটেল থেকে দুজনের জন্য পলিথিনে ভাত আর ডিম রান্না নিয়ে দ্রুত পা চালাল। খিদেয় ওরও পেট মোচড়াচ্ছে। মোড়ের দোকান থেকে একটা তিব্বত স্নো কিনে নিল। যদিও তার অন্ধ রাজার বোঝার উপায় নেই তার মুখখানা স্নোমাখা না প্রসাধনহীন। তবুুুুুুুুু একটা সুন্দর গন্ধ তো দিতে পারবে। নিজের কাছে তো মনে হবে মুখটা তার ঢলঢল। লোকটাকে সে ঠকাচ্ছে না। রাজা নাকি তার গায়ের সুবাস পায়। গায়ের আবার সুবাস কিসের? ফুল ঘাঁটতে ঘাঁটতে ফুলের গন্ধ ছড়িয়ে থাকে শরীরে। নাকি শরীরের আলাদা কোনো গন্ধ থাকে?ত্রস্ত হাতে ঘরের দরজার বেড়া ঠেলে ঢুকতেই সুবন্না দেখে, তার রাজা বেড়ায় ঠেস দিয়ে বসে আছে। মুখখানা বিষণ্ন। গলায় গান নেই। তার আগমনে কোনো অস্থিরতা নেই। ভারি খিদে পেয়েছে মনে হয়।‘কী হইছে, রাজা? আমার দেরি হয়িছে বইলে রাগ কইরিছ? আমু তো এ্যখুনু খাইনি। আগে দুজুন খাইয়ি নিই তাপ্পরে রাগ কিরাম কইরি ভাঙাতি হয় তা দেকাচ্চি।’খাওয়া শেষ হয়। রাজা কথা বলে না। সুবন্না রাজার গলা জড়িয়ে ধরে। কানে ঠোঁট ঠেকিয়ে আস্তে আস্তে সুর করে বলে—‘তুমি মোর জেবনের সাধনা-আ-আ।’নিজের গলা থেকে সুবন্নার হাত ঘেন্নায় সরিয়ে দেয় অন্ধ গায়েন। বলে—‘শাবানা আসছিল তোমার খোঁজে। তুমি আমাকে মিথ্যা বলেছ। তুমি সুবন্না না। তুমি কালো, তুমি কুচ্ছিত! তুমি আমাকে ঠকায়েছ। তুমি জোচ্চোর।’থুঃ করে ঘরের মধ্যে একখাবলা থুতু ফেলে হাতের লাঠি তুলে নিয়ে অন্ধ ভিখিরি পথ হাতড়ে বেরিয়ে যায়।