
গত শতকের আশির দশকের শিল্পী শামীম সুব্রানা এই প্রথম একক চিত্র প্রদর্শনী করলেন ঢাকার ধানমন্ডির ‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’-এ। ২০১১ সাল থেকে ২০১৫—এই পাঁচ বছরে অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা শিল্পীর ৪১টি ছবি নিয়ে এ আয়োজন। প্রদর্শনীর শিরোনাম ‘হোয়াট আই টক অ্যাবাউট, হোয়েন আই টক অ্যাবাউট লাইফ’ বা ‘আমি কী বলি, যখন আমি জীবনের কথা বলি’। প্রদর্শনীটি আয়োজিত হয়েছে শিল্পীর অকালপ্রয়াত সন্তান, অধ্যাপক খান সরওয়ার মুরশিদের দৌহিত্র সাবাব মুরশিদের জন্মদিন স্মরণে। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে কম্বোডিয়ার নমপেনে নিজের বিদ্যালয়ে বাস্কেট বল খেলার সময় আকস্মিক অসুস্থ হয়ে মারা যায় সাবাব।
পুত্র হারানোর শোকে-অভিমানে কয়েক বছর ছবি আঁকা থেকে দূরে ছিলেন সুব্রানা। তবে পুত্রকে স্মরণ করেই আবার রং-তুলি ও ক্যানভাসের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। ক্যানভাসে অ্যাক্রিলিক রং ও মিশ্র মাধ্যমে নির্বস্তুকভাবে নিজের দেখা ও অনুভবকে ফুটিয়ে তুলেছেন তিনি। প্রদর্শিত ছবি বিক্রির অর্থ দেওয়া হবে সাবাব মুরশিদ উন্নয়ন ফাউন্ডেশনের তহবিলে।
শামীম সুব্রানার ছবির দিকে তাকালে আমরা দেখতে পাই বিচিত্র বর্ণ ও আলোর উদ্ভাস। বাইরের দেখাকে নিজের অনুভূতির সঙ্গে মিলিয়ে অন্য রকমভাবে প্রকাশে আগ্রহী যে শিল্পী দল, সুব্রানা সেই দলের একজন। নানা রঙের বুননে নিজের মনোভূমির মানচিত্র গড়েছেন তিনি। বস্তুনিরপেক্ষতার পথে পা বাড়িয়েছেন বলে তাঁর শিল্পাভিযাত্রায় শিল্পোপাদানের প্রাধান্য বিধৃত। তা সত্ত্বেও সুব্রানার চিত্রকর্মে আমরা অবলোকন করি সংক্ষুব্ধ সময়ের স্মারক, ব্যক্তিগত দুঃখ, সামাজিক-রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কষ্টদায়ক নানা ঘটনা। শুধু কি তা-ই, এসব নিয়ে শিল্পীর খেদও প্রকাশিত তাঁর চিত্রমালায়।
কিশোর বয়সে বাবার মৃত্যু, কিশোর-বয়সী সন্তান হারানো, সপরিবারে জাতির পিতা হত্যার নারকীয়তা, তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতা হত্যার নিষ্ঠুরতা, নদীমাতৃক দেশে নদীর মৃত্যু, কাবা শরিফে কয়েক হাজার হাজির মৃত্যু—এসব ঘটনা শোকাচ্ছন্ন করেছে শামীম সুব্রানাকে। হৃদয়ের রক্তক্ষরণের এই বেদনা ও কষ্ট বিচিত্র রঙের বিন্যাসে চিত্রপটে তুলে ধরেছেন তিনি। ফলে, একেকটি ক্যানভাসের রং-রেখার মধ্যে পাওয়া যায় অনেক গল্প। যেমন ‘স্মৃতিতে’ শিরোনামে কাবা শরিফে হাজিদের মৃত্যু নিয়ে আঁকা ছবিতে দেখা গেল, ক্যানভাসের কেন্দ্রস্থলে কালো বর্গাকার গড়ন স্থাপন করেছেন সুব্রানা এবং এর চারদিকে হজযাত্রীদের সাদা পোশাকের রং ভারীভাবে লেপন করে চিত্রপটের নিচের দিকে যেন তুলে ধরেছেন রক্তের ধারা। দর্শকের মধ্যে আর্দ্র অনুভূতির জন্ম দেয় এ ছবি।
অন্যদিকে, ‘জাতীয়তাবাদের মৃত্যু’ শিরোনামে ছবিতে সবুজ রঙের বিপরীতে এমনভাবে লাল রঙের প্রয়োগ করা হয়েছে, এটি যেন রাজনৈতিক কারণে যেসব রক্তপাত ঘটেছে, শেষাবধি হয়ে উঠেছে তার প্রতীক।
এ প্রদর্শনীর একটা বড় বৈশিষ্ট্য হলো, দর্শকের উপলব্ধির জন্য চিত্রসন্নিহিত শিরোনাম-কার্ডে নিজের কাজের ব্যাখ্যা যুক্ত করেছেন শিল্পী। ফলে, শিল্পীর অনুভব ও প্রকাশের ধরনের সঙ্গে দর্শকের সরাসরি সংযোগ ছবি বোঝার ক্ষেত্রে দিয়েছে বাড়তি সুবিধা।
জীবন এক জটিল ঘূর্ণাবর্ত। দুঃখ-বেদনা-শোক আর আশা-আনন্দ নিয়েই মানুষের জীবন আবর্তিত। এ জন্য কি দুঃখের সাগরে নেয়ে উঠে আবার আশায় বুক বেঁধেছেন সুব্রানা? যা-ই হোক না কেন, কল্পনা ও সুন্দরের ধ্যানে সুব্রানার চিত্রপটে ঝরনার মতো নেমে এসেছে মনোহরণকারী বর্ণিল এক আনন্দ। সেই আনন্দের নাম হতে পারে ‘জীবন’।
৯ জানুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।