সুরের রাজপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বখ্যাত সেতারবাদক নৃত্যশিল্পী উদয় শঙ্করের কনিষ্ঠ ভ্রাতা, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জামাতা, ওস্তাদ রৌশনারার (অন্নপূর্ণা) স্বামী ও বিশ্বের শ্রেষ্ঠ সরোদবাদক ওস্তাদ আলী আকবর খাঁর ভগ্নিপতি ও গুরুভাই। এমন জীবনবৃত্তান্ত খুব স্বল্পসংখ্যক শিল্পীর ভাগ্যে জোটে।অত্যন্ত সুদর্শন এই সংগীতশিল্পী মাইহার ও পরে লক্ষেৗতে তাঁর গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর নিবিড় পরিচর্যায় সেতার বাজানোর তালিম গ্রহণ করেন। রৌশনারা, আলী আকবর ও রবিশঙ্কর একত্রে পাঠ নিতেন এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতে, তাঁর জ্যেষ্ঠ কন্যা ফিরোজা ছিলেন এঁদের সবার মধ্যে সবচেয়ে প্রখর ধীসম্পন্ন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁর জীবনাবসান ঘটে। পণ্ডিত রবিশঙ্করের বাজানোর পদ্ধতি ছিল দারুণ মনোমুগ্ধকর। তাঁর স্ট্রোকের ওজন ছিল ভারী—কিছুটা সরোদের মতো। ওস্তাদ বিলায়েৎ খাঁর বাজনা শুনলেই এ কথার প্রমাণ পাওয়া যায়। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত পৃথিবীর বিভিন্ন দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর অবদান একেবারেই অতুল্য। সংগীত পরিবেশন করার আগে তিনি একটা পরিবেশ সৃষ্টি করে নিতেন। তাঁর বাজানোর ভঙ্গিমা, মুখের অভিব্যক্তি এবং দৃপ্ত অথচ প্রচণ্ড রোমান্টিক আবেশ যেকোনো দেশি বা বিদেশি শ্রোতাকে আচ্ছন্ন করবেই। এত সপ্রতিভ ও রসিক সংগীতশিল্পী শতাব্দীতে হয়তো একজন জন্মগ্রহণ করেন। বাসায় দুবার তাঁকে দাওয়াত করেছি। ফরিদপুরের পাবদা মাছ খেতে ভালোবাসতেন। আমিও দিল্লিতে তাঁর বাড়িতে নিমন্ত্রিত হয়েছি। গান-বাজনা নিয়ে অনেক কথা হয়েছে। ওস্তাদ সালামত আলী খাঁর গান শুনতে তিনি ব্রাসেলস থেকে লন্ডনে এসেছিলেন এবং বুক ভরে প্রশংসা করেছিলেন। তিনি আমাকে বলেছেন, একবার খবর পেলেন বিলায়েৎ আলী খাঁর মৃত্যু হয়েছে (আসলে সংবাদটি ছিল ভিত্তিহীন)। এ দুঃসংবাদ শুনে রবিশঙ্কর অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন: ‘ও চলে গেলে আমি আর বাজাব কার জন্য?’ এমনি আরেকবার খবর না দিয়ে রবিশঙ্কর গিয়েছিলেন সানফ্রানসিসকোতে ওস্তাদ আলী আকবর খাঁর বাড়িতে। তিনি তখন ঘরে বসে গভীর মগ্নতায় সরোদ বাজাচ্ছিলেন। বাড়ির সবাইকে চুপ থাকতে বলে দরজার পাশে দাঁড়িয়ে তিন ঘণ্টা ধরে শুনলেন ‘ব্যস্যন্ত মুখারী’, যা পণ্ডিত রবিশঙ্করের একটি প্রিয় রাগ। তিন ঘণ্টা পরে ওস্তাদ আলী আকবরের মার্কিন স্ত্রীকে শুধু একটি মন্তব্য করলেন, unpaৎalled। বিশাল হূদয়ের এক মানুষ ছিলেন পণ্ডিত রবিশঙ্কর।কোনো অহংকার তাঁর বিস্তীর্ণতাকে কখনো খাটো করতে পারেনি। আমার মতো এক তুচ্ছাতিতুচ্ছ গায়কের ক্যাসেট শুনে সঙ্গে করে নিয়ে গেলেন। ভাবলাম এর গন্তব্য তো ছেঁড়া জিনিস ফেলার কোনো বাক্সেই হবে। দিল্লিতে তাঁর বাসায় গিয়ে দেখি তাঁর মিউজিক রুমে অনেক ক্যাসেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমারটাও। তার মধ্যে টোড়ির সুবাসে বিরচিত আমার ‘তুমি মানো কি মানো’ গানটির স্থায়ীর ওপর তিনি নাকি একটি ‘ধুন’ রচনা করেছেন। আমি বিস্মিত হওয়ার চেয়ে অনেক বেশি গৌরবান্বিত বোধ করলাম।বয়স হয়েছিল অনেক। উনি আলী আকবর সাহেবের চেয়ে দুবছরের বড়। চলে গেলেন বিসমিল্লাহ খাঁ, বিলায়েৎ খাঁ, আলী আকবর খাঁ, পণ্ডিত রবিশঙ্কর। প্রায় একই সঙ্গে শূন্যতায় ছেয়ে গেল উপমহাদেশীয় সংগীত। পঞ্চাশের দশক থেকে যাঁরা সুর অগ্নির কুণ্ডলী রেখেছিলেন জ্বালিয়ে এই শীতে তাঁরা লোকান্তরে বুঝিবা জমিয়ে তুলেছেন সুরের অদৃশ্য ভুবন। কিন্তু আমরা শূন্য হয়ে গেলাম।পণ্ডিত রবিশঙ্করের অন্তর্ধানে সংগীতজগতের যে ক্ষতি হয়েছে তা সত্যিই সহজে পূর্ণ হওয়ার নয়। তালের বিভিন্ন ছন্দ নিয়ে খেলা করা, বাজানোর সময় ‘ফ্রেট’ থেকে ফ্রেটে যেতে হাতের আঙুলে ‘স্লিপ’ না করা, অভ্রান্ত সুরের মীড়ে অসাধারণ কারুকাজ, স্ট্রোকের বলিষ্ঠতা, আলাপ ও বিস্তারে রোমান্টিক মগ্নতা, বেদনার সুরের মধ্যে এক অন্তর্লীন আনন্দের সন্দীপন, আবহ নির্মাণে বিস্ময়কর ক্ষমতা এবং সর্বোপরি তাঁর অমলিন বিনয়—এসবের সমাহার নিয়ে দেশে ও বিদেশে তাঁর শ্রোতাপ্রিযতা তাঁকে এক অমূল্য শিখরে পৌঁছে দিয়েছে। রবিশঙ্করই সর্বপ্রথম সংগীত পরিবেশনার মধ্যে বিনোদনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরিবেশনায় বৈচিত্র্য সৃষ্টি করার লক্ষ্যে তিনি ওস্তাদ আলী আকবর খাঁকে সঙ্গে নিয়ে শুরু করেন সেতার ও সরোদের যুগলবন্দী। ভারতে অদ্যাবধি যন্ত্রসংগীতে যুগলবন্দী বাজিয়েছেন অনেক বিশ্বখ্যাত যন্ত্রশিল্পী। যুগলবন্দী বাজিয়েছেন ওস্তাদ বিলায়েৎ খাঁ (সেতার) ও ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, রবিশঙ্কর ও আহমেদ জান (তবলা), ওস্তাদ সুলতান খাঁ (সারেঙ্গী) ও ওস্তাদ জাকির হোসেন খাঁ (তবলা) এবং আরও অনেকে। কিন্তু এ কথা সবাই একবাক্যে স্বীকার করবেন যে রবিশঙ্কর ও আলী আকবর খাঁর যুগলবন্দীর চেয়ে জনপ্রিয় ও দুই শিল্পীর এক শিল্পী হয়ে যাওয়া এর আগে বা পরে আর কখনো ঘটেনি। এখানেই অনন্যতা। এখানেই সীমাজ্ঞান।পণ্ডিত রবিশঙ্করের জন্ম বাংলাদেশের নড়াইলের কালিয়ায়। কিন্তু তাঁর কর্মস্থল ছিল বিশ্বময়। নাড়ির টানে একবার আমাকে বলেছিলেন তাঁকে যশোরে নিয়ে যেতে। কিন্তু যেহেতু এখানে আসতেন এক বা দুই দিনের জন্য, সে কারণে তাঁর এই ইচ্ছেটা আমি রক্ষা করতে পারিনি। তাঁর জীবন ছিল তাঁর বাজনার মতোই—উচ্ছল, রঙিন ও নতুন আবিষ্কারে ব্যাকুল। তিনি আমাকে বলেছিলেন সস্ত্রীক আমারই বাসায়: ‘সুরের সবচেয়ে বড় শত্রু একঘেয়েমিতা। হয় থাকতে হবে ঢেউ, নয় থাকতে হবে স্রোত। না হলে সমুদ্রও পুকুর হয়ে যায়।’দিল্লিতে ১৯৯০ সালে পণ্ডিতজি তাঁর বাসায় কয়েকটি স্মরণীয় মন্তব্য করেছিলেন আমারই নানা প্রশ্নের উত্তরে। কী খেতে ভালোবাসেন—ফরিদপুরের পাবদা মাছ আর ঢাকার দই। কার গান সবচেয়ে ভালো লাগে—লঘু সংগীতে লতা মঙ্গেশকর আর শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ আমীর খাঁর আলাপ আর ওস্তাদ সালামাত আলী খাঁর বিস্তার ও তান। সেতার বাজনায় কাকে আপনার সমকক্ষ জ্ঞান করেন—ওস্তাদ বিলায়েৎ আলী খাঁ। কার নৃত্য সব থেকে ভালো লাগে—দাদা উদয় শঙ্কর। সংগীতে শাস্ত্রজ্ঞান সবচেয়ে বেশি কার বলে আপনার মনে হয়—ওস্তাদ আল্লা রাখা খাঁ। কার কণ্ঠ আপনাকে চোখ বুজতে বাধ্য করে—ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ (কলকাতার ডোবার লেনে অনুষ্ঠিত এক সংগীত সম্মেলনে তিনি মঞ্চ থেকে সামনের সারিতে বসা ওস্তাদ বড়ে গুলাম আলী সাহেবকে লক্ষ করে পণ্ডিত রবিশঙ্কর উচ্চকণ্ঠে বলেছিলেন যে তাঁর বড় ইচ্ছা আজ সেতারের সুর বাঁধবেন ওস্তাদ বড়ে গুলাম আলীর কণ্ঠ থেকে নেওয়া সুরে, আর হয়েছিলও তাই। ওস্তাদজি স্কেলটি জানতে চাইলেন। পণ্ডিতজি বললেন: ডি শার্প। ওস্তাদজি মুহূর্তে দিলেন সুর আর পণ্ডিতজি সেই সুরে বাঁধলেন তাঁর সেতারের তার)। এ যেন বিনয় বন্ধুত্বের আর শ্রদ্ধার এক মহালগ্ন। জিজ্ঞেস করেছিলাম সুরকারদের কথা, বললেন খেমচাঁদ প্রকাশ, কমল দাশগুপ্ত ও সলিল চৌধুরীর কথা। জ্ঞানে ও দক্ষতায় কাউকে কি তিনি হিংসা করেন? চুপ রইলেন কিছুক্ষণ। বললেন: আলী আকবর ভাইকে।আমার তুচ্ছ জীবনে এত বড় একজন বিশ্বখ্যাত ও নন্দিত শিল্পীর এত ঈর্ষাহীন ও কার্পণ্যহীন ঔদার্য্য আর কারও মধ্যে দেখিনি। আর হয়তো দেখার সময় হবে না আমার।