সুসময় আমাদের আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না। নানা রকমের অসুখ-বিসুখ লেগেই আছে। বয়সের কারণেই বোধ হয় এমনটা হচ্ছে। অবসর জীবনের সময়গুলো কাটছে পড়াশোনা আর ছোটখাটো কাজ করে। একাডেমিক পড়াশোনার কথা বলছি না। এখন যেগুলো পড়ছি বা পড়া শেষ করেছি, তার মধ্যে রয়েছে হাসান আজিজুল হকের উপন্যাস সাবিত্রি উপাখ্যান, শহীদুল ইসলামের ৭১ বাংলাদেশের অভ্যুদয়, সৌভিক রেজার কবিতার বই বাতাসে বিসর্জন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং ওসামা বিন লাদেনকে নিয়ে মার্ক ওয়েনের লেখা নো ইজি ডে বইটি।পড়ার ফাঁকে ফাঁকে লেখার চেষ্টা করি। আমি প্রতিদিন, সময় মেনে নিয়মিত লেখালেখি করি না। যখন যা ভাবনাচিন্তা হয়, তা-ই লেখার চেষ্টা করি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিনগুলো এখন ভীষণভাবে মনে পড়ে। অবশ্য আমি যেহেতু রাজশাহীতেই থাকি, তাই মাঝে মধ্যে যাওয়া হয়। আমি কখনো রাজশাহী ছেড়ে যাইনি। শিক্ষাজীবন, কর্মজীবন দুটোই এখানে কেটেছে। এখানকার জল-হাওয়াতেই জীবনটা কেটে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনে আলী আনোয়ার, হাসান আজিজুল হক, গোলাম মুরশিদ প্রমুখের সঙ্গে আমার হার্দিক সম্পর্ক গড়ে ওঠে। এঁদের সান্নিধ্যে আমার চেতনার বিকাশ ঘটে। এঁদের মধ্যে অধ্যাপক মশাররফ হোসেনের প্রভাবটা একটু বেশি। একসঙ্গে কাজ করায় তাঁর প্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। তিনি ’৭১-এ মুজিব নগরে চলে যান এবং মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। দূরত্ব তৈরি হলেও আমরা বিচ্ছিন্ন ছিলাম না, যোগাযোগটা নিয়মিতই হতো।জীবন সায়াহ্নে এসে আর পাঁচজন যেভাবে বাঁচে, আমিও সেভাবেই বেঁচে আছি। ব্যক্তিগত চাওয়া-পাওয়া নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ব্যক্তির ঊর্ধ্বে থেকে যখন দেখি, তখন মনে হয় আমাদের চারপাশটা অন্য রকম হতে পারত। নিজেদের মধ্যে উদার, মুক্তবুদ্ধির চর্চা ও সহমর্মিতা যদি আরেকটু বেশি হতো, ভালো হতো। আমাদের জাতীয় জীবনে অর্জন যতটুকু হয়, তা আবার নানাভাবে বাধাগ্রস্ত হয়, ধাক্কা খায়। আমাদের তরুণদের তৈরি গণজাগরণ মঞ্চ আমাদের আশার আলো দেখাচ্ছে। সামনে হয়তো সুন্দর সম্ভাবনা অপেক্ষা করছে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের পথ দেখিয়েছে। এই দেশের মানুষের যে জীবনসংগ্রাম, লড়াই তা কোনোভাবে খাটো করে দেখার অবকাশ নেই। প্রতিটি অর্জন আমাদের কাছে অসামান্য।মনে রাখতে হবে, বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরকে রুখে দেওয়া সম্ভব হয়নি। শেষাবধি আমাদেরই বিজয় হয়েছে। গণজাগরণ মঞ্চ ইতিহাসে জায়গা করে নেবে। সেখান থেকে যে আহ্বান করা হয়েছে, তা আমাদের অনুসরণ করতে হবে, তা না হলে আমরা পিছিয়ে পড়ব। নারী-পুরুষের সমান ভূমিকাকে স্বীকার করতে হবে। পৃথিবী এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যাব, তা হবে না। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।। সাভার ট্রাজেডিতে আমি ব্যথিত ও শোকাহত। বিশ্বাস রাখি সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শোক কাটিয়ে উঠতে পারব। দুঃখ হলো, আমাদের যে সম্ভাবনা তৈরি হয়, তা আমরা নিজেরাই নষ্ট করি। আমাদের যে গৌরবের অর্জন, তা নানা ফন্দি-ফিকিরের মধ্য দিয়ে ধূলিসাৎ করে ফেলি। ছায়ার সঙ্গে যুদ্ধ করার একটা বদ-অভ্যাস তৈরি হচ্ছে অনেকের মধ্যে।আমরা ক্ষুদ্রতার কারণে অনেক সম্ভাবনাকে বিপর্যস্ত করেছি। তার পরেও যা কিছু পেয়েছি, তা কোনোভাবে উপেক্ষা করার মতো নয়। প্রবীণ, চিন্তাশীল ব্যক্তি বলে পরিচিত, এঁদের চিন্তাভাবনাকে সামনে রেখে, এঁদের উৎসাহে আমরা সামনে এগিয়েছি, তা কিন্তু নয়। তরুণরাই আমাদের পথ দেখিয়েছে। এটা স্বীকার না করলে, আমাদের পেছন দিকে যাওয়ার পথটা নিশ্চিত করা হবে। ইদানীং আমরা নানা ধরনের আপস করছি। বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরে কোনো আপস ছিল না। নানা আপসে আমরা পিছিয়ে পড়ছি, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি।আমরা সুযোগ তৈরি করেছি ঠিকই, সুযোগগুলোকে কাজে লাগাতে পারিনি। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিক দিয়ে এগোনোর চেয়ে আমরা ব্যক্তিকেন্দ্রিক এগিয়েছি এবং তা যেকোনো প্রকারেই। নিজেদের কর্তৃত্ব নিজেদের প্রভাব-প্রতিপত্তি বাড়াতে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। এসব দেখেশুনে পীড়িত বোধ করি। স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী, গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক কর্মসূচি দেওয়া হচ্ছে, যা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে আহত করছে। ইদানীং এসব দেখেশুনে ক্লান্ত ও হতাশা বোধ করি, তবে এটাও বিশ্বাস রাখি, সুসময় আমাদের আসবেই।অনুলিখন: কাজল রশীদ