বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী প্রদর্শনীর দশমটি ‘সৃজনে ও শেকড়ে’ বাংলাদেশের ১০ জন শিল্পীর অংশগ্রহণে হয়ে গেল ৫ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে বাংলাদেশের একাডেমিকেন্দ্রিক শিল্পচর্চা বিকাশের প্রথম সময়ের শিল্পী আমিনুল ইসলামের বিরল কিছু চিত্রকর্ম দর্শক দেখেছেন। শিল্পী আমিনুল ইসলাম এ দেশের শিল্প আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব। তিনি অভিনবত্বে, ভাবনায় এবং নিরলস শিল্প সৃষ্টির নেশায় মগ্ন ও আধুনিক।প্রদর্শনীতে ‘ওরিয়েন্টাল’ শীর্ষক পেইন্টিংটি ১৯৫৩ সালে করা বাস্তবধর্মী কাজ। ‘ফেস’ লিথোগ্রাফটিতে আবার শিল্পীর ড্রইং ও রেখার বলিষ্ঠতা এবং গূঢ়তা প্রকাশ পায়। ‘স্টাডি’ ছবিটি জলরঙে করা শিল্পীর প্রথম দিককার (১৯৪৯) অনুশীলনের কাজ। আবার ‘ল্যান্ডস্কেপ’ ২০০৫-এ করা; অর্থাৎ বেশ সমসাময়িক কাজ। প্রদর্শনীতে শিল্পী আমিনুল ইসলামের নিরীক্ষা ও শিল্পচর্চা-যাত্রার যে পথ, তা সরল দৃষ্টিতে স্বচ্ছ প্রতীয়মান। এর পরই দীর্ঘ সময়কে এক নিঃশ্বাসে টপকে চলে আসতে হয় একেবারেই নবীন চিত্রশিল্পীদের ক্যানভাসের সামনে। মূল আকর্ষণ এখানেই যে, নবীন প্রজন্মের শিল্পীদের সৃষ্টিতে যে নতুন ভাষা, সময়ের দাবি, জীবনের ভিন্ন মাত্রা, তা খুব সহজেই পার্থক্যরেখা টানে প্রজন্মের দূরত্বে; যদিও কোথায় যেন একটা অভিন্ন ছন্দও বেজে ওঠে। শিল্পী শহীদ কাজির মিশ্র মাধ্যমে করা চিত্রকর্মগুলো সমাজ-বাস্তবতার উন্মোচন তাঁর নিজ অভিব্যক্তিক দৃষ্টিকোণে। ‘সোস্যাল লাইফ’ শিরোনামের ছবিগুলো এমনই প্যারোডি। ‘মোনালিসা স্মাইল’-এ আবার আরও তীক্ষভাবে ব্যঙ্গাত্মক রাজনৈতিক পরিস্থিতির উন্মোচন। শিল্পী সুলেখা চৌধুরীর ‘সীমান্ত’ শিরোনামের ক্যানভাসে নারীর সামাজিক ও মনস্তাত্ত্বিক বেড়াজালের জাতি-দেশ-সীমান্তের অভিন্নতার প্রকাশ। সবুজ-নীল-হলুদ-লাল রঙের সহজ অভিব্যক্তি দর্শককে একরকম ঘটে চলা জীবনের গল্প দেয়, সহজেই যোগাযোগ স্থাপন করে সাধারণ দর্শক। শিল্পী সাইদ জাহিদ ইকবাল, এ এস এম মুস্তফা জামিল আকবর স্থান, রং ও আলোছায়া নিয়ে অনুভূতির অস্তিত্বের ব্যঞ্জনা করেছেন বিমূর্ততায়। কাজি সৈয়দ আহমেদ ‘রিকনস্ট্রাকশন’-এ বিভিন্ন বস্তু যেমন চট, প্লাস্টিক ও সুতার পরিমিত রঙের শক্তিশালী ব্যবহারে পুনর্নির্মাণ করতে চেয়েছেন বাস্তবতা কিংবা অভিজ্ঞতাকে। শিল্পী সাফিন ওমরের বাস্তবানুগ ‘মহিষগুলো’ পরাবাস্তববাদের সুরে মেলানো। রং-ফর্মের মাঝে স্পেসের সূক্ষ্ম ব্যবহার।শিল্পী সরকার নাহিদ নিয়াজী কাঠের বিভিন্ন ব্লকে রং আর টেক্সচার ব্যবহার করে ‘উড কম্পোজিশন’ সিরিজের কাজ করেছেন। শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর একাডেমিক নিরীক্ষা ও দক্ষতার পরিচয় মেলে ‘এক্সপ্লোরিক দি বডি’ ও ‘কোয়েস্ট ফর সোল’ শীর্ষক চিত্রকর্মে।শিল্পী এস এম ময়েজউদ্দিন ‘রিয়েলিটি’ সিরিজের ক্যানভাসগুলো টেক্সচার আর একধরনের আকস্মিক ঘটনার ভেতর দিয়ে বেড়ে ওঠা। রেখা ও রঙের গোছালো-অগোছালো উপস্থাপন দর্শককে নতুন গল্পের দৃশ্যকল্প দেয়। কখনো কখনো কোনো পশুর মুখাবয়ব কিংবা আরও অনেক সম্ভাবনাকে শিল্পী ক্যানভাসে নিরীক্ষা করেছেন দর্শকের সঙ্গে।বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে চিত্রশিল্পচর্চা কোন বর্তমানে আছে আর তা কেমনতর ভবিষ্যৎকে আনছে, সে বিষয়ে ‘সৃজনে ও শেকড়ে’-এর মতো প্রদর্শনী দর্শকের বিচার-বিশ্লেষণ চমৎকার উপায়ে কাজ করায়; যখন গ্যালারিজুড়ে বিভিন্ন মনস্তাত্ত্বিক গঠনের শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়।