সৃষ্টিশীলতার খণ্ড ও সামগ্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মান্নান সৈয়দ (৩ আগষ্ট, ১৯৪৩—৫ সেপ্টেম্বর ২০১০), প্রতিকৃতি: মাসুক হেলাল
আবদুল মান্নান সৈয়দ (৩ আগষ্ট, ১৯৪৩—৫ সেপ্টেম্বর ২০১০), প্রতিকৃতি: মাসুক হেলাল

আবদুল মান্নান সৈয়দ মরদুনিয়া থেকে চলে গেছেন প্রায় তিন বছর হয়ে এল।
তিনি সৃষ্টিকর্মে এতটাই সক্রিয় আর বৈচিত্র্যময় ছিলেন যে তার খোঁজ রাখা তাঁর জীবদ্দশায় ছিল খুব কঠিন। সৃষ্টিপ্রাচুর্যের বিপুলতা আর বহুমাধ্যমবিহারী অস্থিরতা তাঁকে সম্পন্নভাবে শনাক্ত করতে দেয় না! সমাজে এমন একটা ধারণা প্রচলিত যে আমাদের সাহিত্যিকের যেন জীবন থাকতে নেই, যেন তাঁর সংসার-যাপন ও সৃষ্টিযাপন সম্পূর্ণ আলাদা ব্যাপার। হয়তো সে-কারণে সাহিত্যিকের জীবনকে বস্তুনিষ্ঠ চোখে দেখা হয় না, একে মনে করা হয় জীবনের অতিরিক্ত অপার্থিব কিছু একটা, কাজ বলতে কেবল ব্যবসা-চাকরির মতো কিছুকেই বোঝায়। ফলে আবদুল মান্নান সৈয়দদের মতো লেখকদের—যাঁরা সৃষ্টিকর্মকেই প্রধানত কাজ মনে করেছেন—সৃষ্টিকে মূল্য দেওয়ার দরকার পড়ে না! আর তাঁর মতো সৃষ্টিবহুল মানুষের সৃষ্টিকর্মের খোঁজ রাখার যেহেতু বস্তুগত তাৎপর্য খুবই কম, সেহেতু তাঁদের সৃষ্টিকর্মের অনুপুঙ্খ খবর রাখার দায় আমাদের মতো অবিকশিত রাষ্ট্রীয় সংস্কৃতির দেশে প্রায় কেউই গ্রহণ করেন না—এমনকি সাহিত্যভুবনের মানুষেরাও নন! তাঁরা যে কতটা কর্মবীর, প্রতিটি মুহূর্তকে পুড়িয়ে কীভাবে সৃষ্টিশীল জীবনদীপের আলো জ্বেলে চলেন, তার খবর রাখার দরকারই মনে করেন না কেউ। ফলস্বরূপ তাঁদের মতো কর্মাতুর মানুষ তাঁদের বাহ্যিক খ্যাতির আড়ালে বেওয়ারিশ পড়ে থাকেন।
আবদুল মান্নান সৈয়দ প্রধানত কবি। খ্যাতিরও শুরু ওই দিয়েই! কিন্তু ছোটগল্পের ক্ষেত্রেও এতটা নতুনত্বে ভাস্বর ছিলেন যে শনাক্তির আলোকবিন্দু অচিরাৎ তাঁর ওপর পড়েছিল। শব্দ প্রয়োগের মাধ্যমে সৃষ্ট তাঁর ছোটগল্পে মনোজগতের বাস্তবতাকে মূর্ত করে তোলার খবর না রেখে পারা যায়নি। একই সঙ্গে দুই মৌল সৃষ্টিধারার পাশাপাশি তিনি সৃষ্টি করতে লাগলেন ব্যক্তিগত গদ্য রচনা। সোনা ফলল সেখানেও। গত শতাব্দীর সত্তরের দশকে প্রায় অন্তরাল থেকে কবি জীবনানন্দকে নিয়ে এলেন পাদপ্রদীপের আলোয়। ওই সময়েই নান্দনিকতা-তালাশ চলল নজরুলেরও। দুই কবির ওপরই লিখলেন বই! একই সঙ্গে আধুনিক বাংলা কবিতার দশ দিগন্তকে বাঁধলেন এক মালায়।
তাঁর ছিল নিখাদ এক সাহিত্যিকের জীবন। পেশায় অধ্যাপক ছিলেন বটে, ছিলেন বটে সুস্থিত এক পারিবারিক বৃত্তের বাসিন্দা, কিন্তু সাহিত্যই ছিল তাঁর বেঁচে থাকবার অম্লজান। জীবনের প্রকৃত অবগাহন ছিল তাঁর শিল্পের জলাশয়েই। তাঁর সমকালীন বা উত্তরকালীন বাংলাদেশের লেখকদের মধ্যে ভাষিক, চিত্রিক, নাট্যিক ও চলচ্চিত্রিক নানা সংরূপের নন্দনজগৎ তাঁর চেতনালোককে যতটা প্রভাবিত করেছে বলে অনুভব করা যায়, ততটা আর কারও ক্ষেত্রে হয়েছে বলে মনে হয় না।
কী তাঁর অবদান, এই প্রশ্নের উত্তরে হয়তো বলা হবে বাংলা কবিতায় পরাবাস্তবতা প্রাসঙ্গিক হয়েছে তাঁর কল্যাণে। কিন্তু পরাবাস্তবতা তো শিল্পের একটা প্রকাশভঙ্গি মাত্র! তাঁর শিল্পীসত্তা তো কেবল উন্মূল পাশ্চাত্য-অনুকারক নয়, প্রকৃতপক্ষে স্বদেশ ও স্বসমাজ প্রোথিত চেতনালোকেরই ধারক—মাইকেল ও রবীন্দ্রনাথ, মোহিতলাল ও নজরুল, যতীন্দ্রনাথ ও বুদ্ধদেব, সুধীন্দ্রনাথ ও শাহাদাৎ, বিষ্ণু ও জসীম, সমর ও ফররুখ বাহিত ধারাবাহিকতারই যাত্রী।
আবদুল মান্নান সৈয়দের কবিসত্তা কোনো এক রেখায় চলেনি। সময়ের নানা অনুষঙ্গ তাঁর কবিতাকে বাঁকিয়ে-চুরিয়ে দিয়েছে। ফলে কবিতাও রূপান্তরিত হয়েছে বিচিত্র স্বভাবে। একজন কবির সব যাত্রাপথই সবার কাছে অনুসরণীয় হয় না, কিন্তু এই নানা দিকবিহারিতার মধ্যেই কবিকে সম্পন্নভাবে খুঁজে দেখতে হয়। সমকালে তাঁর কবিতা যুগপৎ সমাদৃতি ও উপেক্ষার মধ্য দিয়ে পার হয়েছে যা যেকোনো কবির বেলাতেই ঘটতে পারে। কিন্তু কবির সৃষ্টিকর্মকে প্রকৃত আবিষ্কার করতে হলে তাঁকে পূর্ণরূপের মধ্যে দেখতে হবে।
মৃত্যুর পর যেহেতু তাঁর পরিক্রমা সম্পন্ন হয়েছে, সুতরাং এখন পূর্ণভাবে তাঁকে দেখা সম্ভব হবে। লক্ষ করলে বোঝা যাবে, কবি হিসেবে তাঁর একটা কেন্দ্রস্বভাব যেমন ছিল, তেমনি ছিল বৈচিত্র্যপিয়াসিতাও। বিশশতকী পাশ্চাত্য চিত্রকলাবাহিত পরাবাস্তবতা ও দেশীয় পুথিসাহিত্য যুগপৎ তাঁর কবিসত্তায় ছিল অন্তঃশীল। কখনো তিনি অলংকারের মধ্য দিয়ে সৃষ্টি করেন নিজের কবিতার জগৎ, কখনো বা স্বসমাজবাহিত ভাবলোকের মধ্যে আবর্তিত হয় তাঁর কবিসত্তা। সময়ের বিবর্তন তিনি অনুভব করেন অন্তর্লোকে। সে-কারণে বহির্জগতে বিচরণ থেকে তাঁকে পুরোটা বুঝে-ওঠা যাবে না।
বহিরঙ্গের সমাজবাস্তবতা তাঁর গল্পের প্রধান প্রবর্তনা নয়, বরং গল্পে তাঁকে দেখা যায় প্রধানত ব্যক্তির মনোজগতে বিচরণ করতে। সমাজবাস্তবতার লেখক নন বলে কেউ কেউ তাঁর ছোটগল্পকে কম গুরুত্ব দিতে চান। তাঁর ছোটগল্পের একটু গভীরে ডুব দিলে সহজেই অনুভব করা যায় ভাঙাচোরা, ব্যর্থ ও অনতিক্রম্য নিরাশা-নিমজ্জিত ব্যক্তিমানুষের মনোজগৎকে। লক্ষ করা যায়, তারা কোনো-না-কোনোভাবে দেশ-কাল-সমাজ পরিবেশেরই শিকার। এ-ছাড়া সুবেদী পাঠকমাত্রই চটজলদি অনুভব করবেন গল্পের ভাষাপ্রকল্পনা তাঁর নিজস্ব, চিন্তার সূত্র স্বতন্ত্র এবং জীবনোপলব্ধি স্তরবহুল; শব্দের ব্যঞ্জনায়, গঠনের নাটকীয়তায়, সৌষ্ঠবের নিটোলত্বে এক অনির্বচনীয়লোকে নিয়ে যেতে পারেন তাঁদের। ধনুকের ছিলার মতো টান টান করে বাঁধা তাঁর গল্পের সুতো। ভাষাগত পরিচর্যায় বহুমাত্রিক ব্যঞ্জনা সৃষ্টির মধ্য দিয়ে তিনি যেভাবে শিল্পসৌকর্যে উপনীত হন, বাংলা কথাসাহিত্যে তার তুলনা বেশি নেই!
ছোটগল্পের তুলনায় খানিকটা দীর্ঘ কাহিনিমূলক রচনাও তিনি লিখেছেন কিছু। সেগুলোকে বাজারচলতি বিবেচনায় হয়তো উপন্যাসই বলা হয়ে থাকে। কিন্তু তিনি নিজে একে উপন্যাসের অভিধা দিতে চাননি। ‘নভেলা’ নামটিকেই যথাযথ মনে করেছেন। তিনি মনে করতেন ঔপন্যাসিকের অবলম্বন যে জীবনবিস্তারী অভিজ্ঞতা, তার ঘাটতি রয়েছে নিজের মধ্যে। তবে আবার শেষ পর্যন্ত নিজের জীবনাভিজ্ঞতাই তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছে নভেলাগুলো। গল্পে যেমন, তেমনই নভেলায়ও তাঁর সৃষ্ট ব্যক্তিচরিত্রকে প্রধানত দেখা গেছে পরাজিত মানুষ হিসেবেই! এই পরাজিতের অনুভব আবার ব্যক্তির অন্তর্জগতেরই ব্যাপার। তাই কথাসাহিত্যের এই সংরূপেও তিনি অন্তর্জীবনেরই রূপকার হিসেবে আবির্ভূত হন।
এ তো গেল কবিতা, ছোটগল্প ও নভেলার কথা। প্রবন্ধ রচনায়ও তো তিনি সৃষ্টিশীল শিল্পীই! তাঁর প্রবন্ধের দুই ধারা। দর্শন-কবিতা-চিত্রকলা প্রাণিত একটি ধারা রচনাসাহিত্যের। ধারাটি মূলত তারুণ্যদীপ্ত শিল্পীসত্তার অনুভূতিময় প্রকাশ, তবে আবার পরিণত বয়সের অভিজ্ঞতা ও অনুভব মিলিয়ে এর স্তরান্তরও ঘটেছিল। আরেকটি ধারায় প্রকাশিত হয়েছে তাঁর গবেষক-সমালোচকের সত্তা। সেখানে দেখা যাবে, কবিতা পাঠের আনন্দে তিনি বাংলা কবিতার বিচিত্রতলে ভ্রমণ করেছেন, পরিভ্রমণ করেছেন বিশ্বকবিতার সোনালি শস্যক্ষেত্রে। সাহিত্যজীবনের শুরু থেকেই তিনি নিজে যেমন অবিশ্রাম কবিতা লিখে চলেছেন, তেমনি আস্বাদ করেছেন এর বৈচিত্র্যকে। তিনি মনে করতেন কবিতা অনেক রকম। এই অনেক রকমের আনন্দের সন্ধান করতে সমালোচক হিসেবে তিনি ঘোরাফেরা করেছেন লালন থেকে শহীদ কাদরী পর্যন্ত বাংলা কবিতার আনাচকানাচে। এই প্রক্রিয়ায় কবিতার বৈশিষ্ট্যবৈচিত্র্যের কাছে প্রাপ্ত আনন্দের ভাগ নিজের এ ধরনের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে পৌঁছে দেন পাঠককে; যেন তা দেওয়াই হয়ে ওঠে তাঁর গবেষণামূলক প্রবন্ধ-রচনাবলির উদ্দেশ্য। অর্থাৎ, গবেষকীয় সন্ধানও তাঁর সৃষ্টিশীল সত্তারই আর এক রূপ! আর এ-কারণেই আপাতদৃষ্টে তথ্যকণ্টকিত তাঁর প্রতিটি রচনা প্রকৃতপক্ষে হয়ে ওঠে সৃষ্টিশীল সংরূপই!
কেবল কি বিচিত্র-সংরূপের রচনাকর্মে? সাহিত্যপত্রিকা বা লিট্ল ম্যাগাজিনের সম্পাদক হিসেবেও তো তিনি ছিলেন এক ভিন্নধর্মী সৃষ্টিশীল ব্যক্তিত্ব। সম্পাদকীয় ভূমিকায় কেবল লেখকদের উজ্জীবিতই করতেন না, নিজের সৃষ্টিশীল সত্তার সামগ্র্যকেই যেন আধারিত করতেন। লেখকেরা তাঁর পত্রিকায় আবির্ভূত হয়েছেন ভিন্ন ভিন্ন দুই রূপে। এক তাঁদের নিজেদের সৃষ্টিশীল সত্তার পরিচয় নিয়ে, আর এক আবদুল মান্নান সৈয়দের সৃষ্টিশীল সত্তার অনুষঙ্গরূপে। পত্রিকা-সম্পাদক হিসেবে এমন ভূমিকা পালনের সামর্থ্য বিরলদৃশ্য ঘটনা।
আবদুল মান্নান সৈয়দের কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক-গবেষক ও সম্পাদকের সত্তাগুলো তাঁর সৃষ্টিশীলতার এক একটি খণ্ড। তাঁর এ-সব সত্তার প্রতিটিরই যেমন রয়েছে এক একটি সমগ্র, তেমনি সবগুলো খণ্ডসমগ্র মিলিয়েই গড়ে উঠেছে তাঁর এক কর্মিষ্ঠ ও সৃষ্টিশীল-সাহিত্যসামগ্র্য, যে সামগ্র্যে লুকিয়ে থাকা অনেক মানিকের সন্ধান এখনো রয়েছে বাকি।