সে আসে ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিদিন এই করে করে সময় যাচ্ছে। বারবার বারান্দার দরজার কাছে যাই, আবার পেছাই। বারবার টেলিফোনের কাছে যাই, নম্বরটাতে ফোন করব বলে; আবার পেছাই। কোথায় যেন শুনেছিলাম টেলিফোন নম্বর মুখস্থ রাখা ভালো না, স্মৃতিশক্তি খারাপ হয়। কিন্তু এই নম্বরটা আমি কোথাও লিখে রাখিনি, শুধু আমার মাথাতেই নম্বরটা বাজতে থাকে। গানের ছন্দের মতো। পাশাপাশি বাসা আমাদের, একসঙ্গে ক্লাস করি, সবই হয়, শুধু কথা বলা হয় না। তার পছন্দের ব্যান্ড কোনটা জানি, কোন সময়ে চেহারার কেমন মুখভঙ্গি হয় তাও মুখস্থ। ক্লাস নোট দেওয়া-নেওয়াও হয়। শুধু আমি কথা বলতে পারি না। মাথা নাড়ানাড়ি পর্যন্তই। সে কথা বলে, আমি শুনি। আমার বন্ধু বলে, ‘তুই যেমন হাঁদা, ওটাও হাঁদা।’ এ জন্যই কেউ কাছাকাছি আসতে পারিস না। আমি হাসি, অত উচ্চমার্গীয় মস্তিষ্কের মানুষ আমার সইবে না। এই হাঁদাই আমার জন্য অনেক ভালো।
বৃষ্টি ঝরলে আমি বারান্দায় বের হই। তার বারান্দার দরজা বন্ধ থাকে, জানালা খোলা থাকে কিন্তু পর্দা টানা। উঁচু ভলিউমে রবীন্দ্রসংগীত শোনা যায়—‘শাওন গগনে...’ বৃষ্টিতে ভিজলে তার হয়তো ঠান্ডার সমস্যা হয়, তাই সব সময় মাথায় ছাতা নিয়ে বাড়ি থেকে বর হয়। কেমন পানসে! তার পরও ভালো লাগে। ক্লাসে খুব উঁচু গলায় কথা বলে না। কিন্তু মাঝেমধ্যে হাসির শব্দ শোনা যায়। বাচ্চাদের মতো, সুন্দর। কয়েক বছর ধরে এভাবেই সময় নষ্ট করছি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। শুনলে যদি হাসে। আরও কয়েক বছর হয়তো এভাবেই সময় নষ্ট করব। বর্ষার কদম ফুল নিয়ে একটা মিথ নাকি আছে। যদি কোনো প্রেমিক যুগল বর্ষার প্রথম কদম ফুল দেওয়া-নেওয়া করে, তাতে নাকি প্রেমিক যুগলের সম্পর্কটা বিষাদময় হয়ে যায়। কিন্তু আমি চাই সে আমাকে কোনো এক বর্ষার দিনে একটা কদম ফুল দিক, হোক সেটা বর্ষার প্রথম কিংবা শেষ কদম ফুল। সেদিন তার মাথায় ছাতা না থাকুক। সে যদি কাকভেজা হয়ে আমার সামনে আসে, আমিও তার সঙ্গে ভিজে কাকভেজা হব। শুধু এই দিনটার জন্য আমি আরও কয়েক বছর সময় নষ্ট করব। আর বারান্দায় তাকে দেখলে শুধু চমকে যাব। টেলিফোনের কাছে গিয়ে আবার পিছিয়ে যাব। আর কখনো তার হাসি শুনে শুধু তাকিয়ে থাকব, কিছু বলব না।
ঘাসফুল (ছদ্মনাম)
চট্টগ্রাম।