সে এক ঝড়ো বছরের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা আমার রক্ত ঝরা দিনবেগম মুশতারী শফীঅনুপম প্রকাশনীইতিহাসের বেলায় একটা কথা মোটাদাগে সত্যি, যতই সময় গড়ায় ইতিহাস ততই খাঁটি হয়। নিরপেক্ষ হয়। সত্য রূপে প্রতিভাত হয়। অথচ বাঙালির মুক্তিযুদ্ধের বেলায় ঘটছে উল্টোটা। স্বাধীনতার ৪০ বছর কেটেছে, আর ইতিহাস অস্পষ্ট হচ্ছে। পূর্ণাঙ্গ হওয়া দূরের কথা, পাঁচ বছর পরপর পরিবর্তন হয় মুক্তিযুদ্ধের ইতিহাস। তরুণ প্রজন্ম ছেলেবেলার সমাজবিজ্ঞান বইয়ে জানছে এক আর নবম-দশম শ্রেণীতে উঠে জানছে আরেক। এমন একটি বিপর্যয়ের মুহূর্তে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটুকু তুলে ধরতে পারে এই ডায়েরিধর্মী স্মৃতিগ্রন্থটি। অনেক প্রশ্নের মীমাংসা এতে আছে। বেগম মুশতারী শফী প্রত্যক্ষদর্শী, যা দেখেছেন তা-ই লিখেছেন। ৩ মার্চের ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে, ৭ মার্চের ভাষণ দিয়ে বঙ্গবন্ধু মুক্তিকামী বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে যে জায়গায় অধিষ্ঠিত—এই বইয়ে তিনি তা-ই। আবার মেজর জিয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন, সে কৃতিত্বও সমুজ্জ্বল কালিতে লিখিত। আবার জিয়ার আগেই আওয়ামী লীগের নেতা এম এ হান্নান আর ডাক্তার আবু জাফর গিয়েছিলেন বঙ্গবন্ধুর ঘোষণা পাঠ করতে। প্রথম ঘোষণা পাঠ করলেনও। অথচ তা কেউই শোনেনি। মুশতারী লজ, যেটি চট্টগ্রামের কদমতলীর সন্নিকটে। এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূতিকাগার। এ বাড়িতেই বেলাল মোহাম্মদ বেতার প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। সঙ্গে ছিলেন মুশতারী শফীর স্বামী ডাক্তার মোহাম্মদ শফীও। এ বইটি চট্টগ্রামের প্রথম পর্যায়ের মুক্তিযুদ্ধেরও দলিল। অসহযোগ আন্দোলনের পর যে যেখান থেকে পেরেছে, নিকটাত্মীয়রা ছুটে এসে আশ্রয় নিয়েছে মুশতারী শফীর চারতলা বাড়িতে। বাড়ির সদস্যসংখ্যা দাঁড়াল ৪০-৪৫। সে সময়ের চট্টগ্রাম শহরের কিছু লক্ষণ দেখেই বোঝা সম্ভব ছিল দেশে কিছু হতে চলেছে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি আর্মি ঢাকা ম্যাসাকার করে দিয়েছে। অথচ তার আগেই চট্টগ্রাম শহরে বিহারি-বাঙালি মারামারি, ক্যান্টনমেন্ট থেকে ব্রিগেডিয়ার মজুমদার কিডন্যাপ। আনা হয়েছে পাঞ্জাবি ব্রিগেডিয়ারকে। ৭ এপ্রিল বাড়িতে গোলাবারুদ রাখার অপরাধে মুশতারীর স্বামী ডা. শফী ও ভাই এহসানকে ধরে নিয়ে যায় পাকিস্তানি আর্মি। যুদ্ধ শুরু জাতীয় জীবনের সঙ্গে সঙ্গে একজন মুশতারীর জীবনেও। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে আশ্রয়ের খোঁজে এ-ঘর থেকে ও-ঘরে। শেষে আশ্রয় মেলে মিরসরাইয়ে এক পীরসাহেবের বাড়িতে। মিরসরাইয়ে পৌঁছানোর আগে পথে পথে আশ্রয়হীন মানুষের জীবনযন্ত্রণা তাঁকে পরিচয় করিয়ে দেয় চট্টগ্রাম শহরের বাইরের যুদ্ধঝড়ের সঙ্গে। মিরসরাই থেকে বর্ডার হয়ে পালিয়ে যান ভারতে। সেখান থেকে আগরতলায়। সেখানে শরণার্থী জীবনের দিনগুলো। গুরুত্বপূর্ণ দলিল, প্রবাসী মুজিবনগর সরকার ভারতে প্রতিষ্ঠা-পরবর্তী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেতার ব্যক্তিত্ব, অনেক বুদ্ধিজীবীর অন্তরঙ্গ ও বহিরঙ্গের ভূমিকা। নানা স্মৃতি। তারপর এল সেই স্বপ্নের স্বাধীনতা। কলকাতাকে বিদায় জানিয়ে দেশে ফেরা। যুদ্ধের পর ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় চাঁদপুর-লাকসাম-ফেনী হয়ে চট্টগ্রাম। তারপর মুশতারী লজ অথচ কোথাও কেউ নেই! স্বাধীনতা এসেছে। মুশতারীর স্বামী ও ভাইয়ের মতো লাখ লাখ শহীদের জীবনের বিনিময়ে। এখন তবে এই ফাঁকা বাড়িতে কিসের অপেক্ষা? এককালের পূর্ব পাকিস্তানের একমাত্র মহিলা মাসিক পত্রিকা বান্ধবীর সম্পাদক বেগম মুশতারী শফীর হয়তো এখন একটাই অপেক্ষা, নতুন প্রজন্ম কবে জানবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস?