সেই আমগাছটা
বয়স অমন কিছু বেশি ছিল না আমগাছটার। তখন হয়তো ওর প্রথম যৌবন। আমরা অবশ্য তখনো ঠিক যৌবনে পা দিইনি, দিই দিই করছি।নাতিপ্রশস্ত কলাভবন প্রাঙ্গণের প্রায় পুরোটাই সবুজ। সবুজ ঘাসে ঢাকা একটুকরো জমির ওপর গাছটা দাঁড়িয়ে আছে ঘন সবুজ পল্লব নিয়ে। গোড়ার চারপাশে ছোট্ট একটা ঢিবি। সেটাও ঘাসে ঢাকা। কলাভবন আর আমগাছটার মাঝখানটায় একচিলতে ঘাসে ঢাকা জমি। ভবনের উত্তরে চোখে পড়ে ঢেউটিনের ছাদের নিচে একটা রেস্তোরাঁ। মধুর রেস্তোরাঁ। আরও উত্তরে, বড় রাস্তার ওপর চোখে পড়বে সুদীর্ঘ আর সুদৃশ্য এক সারি গগন শিরীষ।প্রায় ৭০ বছর আগেকার কথা বলছি। ঢিমেতেতালায় দিন কাটছে। গাছের নিচে বসে রয়েছেন গুটিকয়েক তরুণ ছাত্র। হয়তো পাশে ছড়িয়ে রয়েছে দু-একটি খাতা। অদূরে ঢের বেশি ছাত্র ভিড় করে আছেন মধুর রেস্তোরাঁয়। ধবধবে সাদা পাগড়ি, ধুতি আর গলাবন্ধ কোট পরা আমাদের ইকোনমিকস ডিপার্টমেন্টের হেড এস ভি আয়ার হয়তো রিকশা করে এসে গাড়ি-বারান্দায় নামলেন। ড. মাজহারুল হক তাঁর ছোট্ট মোটরগাড়িটা পুকুরপাড়ে পার্ক করে দীর্ঘ পায়ে হেঁটে চলেছেন কলাভবনের দিকে। কখনো চোখে পড়ত, ড. মুহম্মদ শহীদুল্লাহ একটি বড় ব্রিফকেস বগলে চেপে রিকশা করে চলেছেন বাংলা বিভাগের পানে। অতি ধীর পায়ে হেঁটে চলেছেন মাড় দেওয়া সদ্য পাটভাঙা সুতির শাড়ি পরিহিত দুই বান্ধবী। আমগাছ দেখে সব। ঋতু বদলায়। শীতের শেষে মুকুল আসে আমগাছে। বর্ষায় অঝোর বৃষ্টিতে ভেজে ঘাস, ভেজে আমগাছ।হঠাত্ একদিন যেন বদলে যায় সবকিছু। দিনটা একুশে ফেব্রুয়ারি, ১৯৫২। গাছতলায় জড়ো হয়েছেন একঝাঁক ছাত্রছাত্রী। শত কণ্ঠে স্লোগান উঠছে, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। ১৪৪ ধারা জারি করা হয়েছে। গাছতলার নিচে শপথ নেন সবাই, ‘ও আইন ভাঙতে হবে’। আচমকা লাঠি বাগিয়ে আর কাঁদানে গ্যাস ছুড়তে ছুড়তে ছুটে আসে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে ছোটেন ছাত্রছাত্রীরা। চোখে প্রচণ্ড জ্বালা। পুলিশের লাঠির আঘাতে মানুষের মাথা ফাটল, হাড় ভাঙল। গ্রেপ্তার হলো অনেকে। পুলিশ প্রাঙ্গণ ত্যাগ করতেই বিক্ষুব্ধ ছাত্রছাত্রী আবার জড়ো হন আমগাছ ঘিরে। পরক্ষণেই সবাই ছুটে চলেন মেডিকেল কলেজের দিকে, পাঁচিল টপকে, বিক্ষোভের অন্য সব স্রোতে যোগ দেবেন বলে। গাছ নীরবে দেখে। ওর ছায়াতেই সূচনা হলো ভাষা আন্দোলনের এক নতুন অধ্যায়।পাঁচিল টপকে আরও অনেকের মতো সেদিন আমিও উপস্থিত হয়েছিলাম মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে। শুনেছিলাম গুলির শব্দ। দেখেছিলাম রক্তাক্ত শহীদের লাশ। দুই দিন পর ওখানটায় জেগে উঠেছিল একটি ক্ষুদ্র শহীদ মিনার। ভেঙেও ফেলা হয়েছিল সেই মিনার প্রায় সঙ্গে সঙ্গেই। তবু বারবার জেগে উঠেছে সেই মিনার। বহুকাল কেটে গেছে তার পর। বিদেশে বাস করি, তবে ফিরে ফিরে আসি দেশে। অমনই একটা ঘরে ফেরার বছরে দেখতে বের হই গাছটাকে।কলাভবন এখন মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড। দুই পাশে গড়ে উঠেছে অস্থাবর দোকানপাট। দুপুর পেরিয়ে গেছে। রোদ প্রখর। অতিপরিচিত সেই পথটা দিয়ে ভেতরে ঢুকেই ডাইনে চোখ ফেরাই। আর তখনই চোখ ধাঁধিয়ে ছুটে আসে ঝাঁ ঝাঁ করা এক শূন্যতা। গাছটা নেই। সেখানে এখন ঘাসহীন মাটির ওপর গৈরিক ধুলোর আবরণ।তবু যেন কিসের টানে এগিয়ে চলি। কী ওটা? ঠিক যেন যেখানটায় দাঁড়িয়ে ছিল গাছটা? একটি গাছের গুঁড়ি। প্রায় কালচে হয়ে এসেছে। আর গুঁড়ি থেকে ঊর্ধ্বে উঠে গেছে দুটো শাখা। বেশি দূর উঠতে পারেনি ও দুটো। খানিকটা উঠে হঠাত্ যেন দুমড়ে থমকে গেছে এক অব্যক্ত যন্ত্রণায়। দুটো খণ্ডিত বাহুর মতো। ছিন্ন, মৃত। বয়স বেশি ছিল না গাছটার।কী করে মরল গাছটা? স্বাভাবিক কারণে ওর মৃত্যু হয়নি নিশ্চয়। আমগাছ তো বহু বছর বাঁচে। ওকে হত্যা করা হয়েছে। ক্যামেরায় খণ্ডিত মৃত গাছটার ছবি তুলে ঘরে ফিরি।সেদিনের ছবি তুলে ঘরে ফেরার পরও কেটে গেছে আরও অনেক বছর। এই কয়েক মাস আগেও আবার গিয়েছিলাম সেইখানে। গোটা সাবেক কলাভবন প্রাঙ্গণ এখন একাধিক মেডিকেল ইমারতে ঢাকা। অবশিষ্ট সেই গুঁড়িটিও এখন হারিয়ে গেছে সেগুলোর নিচে। তার ধ্বংসাবশেষ এখন ডাকসু সংগ্রহশালায়। তবু আমি মাঝেমধ্যেই মনে মনে বসি সে গাছটার ছায়ায়। ঘাসে পড়ে থাকে একটি খাতা। মাহফুজুর রহমান: জাতিসংঘের সাবেক অর্থনীতিবিদ।