সেই চুরির ১০০ বছর
লেওনার্দো দ্য ভিঞ্চির সৃষ্টির জন্য শুধু নয়, মোনালিসা ব্যাপক আলোচনায় এসেছিল এক চোরের কারণে! ল্যুভর থেকে মোনা লিসা চুরি হয়ে যাওয়ার পরই বিশ্বজুড়ে আলোচিত হয় এই শিল্পকর্ম। সেই চৌর্যবৃত্তির ১০০ বছর পূর্ণ হলো ২১ আগস্ট। স্মিথসোনিয়ান অবলম্বনে লিখেছেন রাজীব হাসান১৯১১ সালের ২১ আগস্ট। প্যারিসের সকালটা শুরু হয়েছে আর সব দিনের মতোই। তবে অন্যান্য দিনের তুলনায় গরমটা যেন একটু বেশিই পড়েছে। ঠিক সেই সময় ল্যুভরের ভেতর বিড়াল-পায়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিলেন তিনজন লোক। অথচ প্রতি সোমবার ল্যুভর বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য। তবে কি তাঁরা দর্শনার্থী নন! এই তিন ব্যক্তি আসলে ল্যুভরে ঢুকেছিলেন রোববার বিকেলে। এর পর গিয়ে লুকিয়ে ছিলেন স্যালন ক্যারের পাশের একটা ছোট্ট স্টোররুমে। স্যালন ক্যার হলো সেই জায়গা, যেখানে রেনেসাঁর সময় আঁকা ছবিগুলো রাখা আছে। এরই একটি সেই বিখ্যাত স্মিত হাসির অধিকারিণীর ছবি। তিন ব্যক্তির একজন ভিনসেনজো পেরুজিয়া, বাকি দুজন ল্যান্সেলত্তি ও মিকেলে। পেরুজিয়া ল্যুভরেই কাজ করেন। ফলে বিশাল এই জাদুঘর তাঁর কাছে হাতের তালুর মতোই চেনা। এই ‘ঐতিহাসিক চৌর্যবৃত্তি’তেও নেতৃত্ব দিলেন পেরুজিয়া। ঝাড়া-মোছের কাজে ব্যস্ত কর্মীদের ফাঁকি দিয়ে দেয়াল থেকে নামিয়ে আনা হলো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি। এরপর কাপড়ের আড়ালে লুকিয়ে সেই ছবি নিজের বাড়িতে নিয়ে এলেন পেরুজিয়া। ২৬ ঘণ্টা পর বোঝা গেল, চুরি হয়ে গেছে মোনা লিসা!মোনা লিসার চুরি যাওয়ার ব্যাপারটি প্রথম ধরা পড়ে লুই বেরোঁ নামের এক শিল্পীর চোখে। ২২ আগস্ট তিনিই প্রথম স্যালন ক্যারে গিয়ে দেখেন যেখানে মোনা লিসার ঝুলে থাকার কথা ছিল, সেখানে শোভা পাচ্ছে কেবল চারটি পেরেক!আসলে সেই সময় মোনা লিসা দর্শনার্থীদের কাছে খুব জনপ্রিয় ছিল না। আর ল্যুভরের নিরাপত্তাব্যবস্থাও ছিল না এখনকার মতো। প্রায় ৪৫ একর জায়গাজুড়ে এক হাজারেরও বেশি কক্ষবিশিষ্ট এই জাদুঘরের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন মাত্র ১৫০ জনের মতো রক্ষী; যাঁদের পাহারা দিয়ে রাখতে হতো আড়াই লাখের মতো নিদর্শন।এর আগে মোনা লিসা বলা যায় অরক্ষিতই ছিল। তবে ১৯১০ সালে ভিয়েনা থেকে একটা উড়োচিঠি আসার পর মোনা লিসাসহ আরও বেশ কয়েকটি শিল্পকর্ম কাচের স্বচ্ছ গ্লাসের আবরণে ঢেকে ফেলা হয়। এই কাজের নির্মাণশ্রমিক হিসেবে নিয়োজিত ব্যক্তিদের একজন ছিলেন পেরুজিয়া।সে সময় তাঁর বয়স ছিল ত্রিশের কোঠায়। ইতালির এই তরুণ বন্ধুমহলে একটু রগটচা স্বভাবের বলে পরিচিত ছিলেন। ১৯০৭ সালে দেশ ছেড়েছিলেন কাজের সন্ধানে। মিলান, লিওঁ ঘুরে শেষে থিতু হন প্যারিসে। দুবার ছোটখাটো অপরাধে গ্রেপ্তারও হয়েছিলেন। পেশা যা-ই হোক, তাঁর স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। শেষ পর্যন্ত পেরুজিয়া ইতিহাসের পাতায় ঠাঁই পেলেন মোনা লিসাকে চুরি করে! মোনা লিসা চুরি যাওয়ার ব্যাপারটি জাদুঘর কর্তৃপক্ষই বিবৃতি দিয়ে জানায়। সঙ্গে সঙ্গে যেন একটা বিস্ফোরণ ঘটে যায়। পত্রপত্রিকাগুলোতে ব্যানার হেডিং হয়। প্যারিসই শুধু নয়, শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। প্রথম সন্দেহটা গিয়ে পড়ে ফরাসি কবি অ্যাপোলিনায়েরের ওপর। গ্রেপ্তার করা হয় তাঁকে। অ্যাপোলিনায়েরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় পাবলো পিকাসোকেও!পুলিশি তদন্ত চলছিল একপাশে, অন্য পাশে ল্যুভরের সামনে চলছিল সাধারণ মানুষের প্রতিবাদ কর্মসূচি। রীতিমতো আন্দোলনই শুরু হয়ে গিয়েছিল। এই আন্দোলনে শামিল ছিলেন ফ্রাঞ্জ কাফকাও। একটা সময় যে চিত্রকর্ম শুধু উচ্চমার্গের শিল্প-সমঝদারদের নজরে ছিল, সেটাই হয়ে গেল আমজনতার। মোনা লিসা হয়ে গেল সাধারণ মানুষের প্রাণের সম্পদ। এই শিল্পকর্ম আর কোনো দিনই ফিরে পাওয়া যাবে না—এমন একটা হাহাকার গ্রাস করল পুরো প্যারিসকে।বাইরে যখন এত সব শোরগোল চলছে, মোনা লিসা কিন্তু তখনো প্যারিসেই। পেরুজিয়ার ঘরে কাঠের ট্রাঙ্কের ভেতর। ল্যুভরের আর সব কর্মীর পাশাপাশি তাঁকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের সামনে দারুণ একটা নাটক করেন পেরুজিয়া। জানান, চুরির খবর তিনি প্রথম জেনেছেন পত্রিকায় পড়ে। পুলিশও তাঁর মধ্যে সন্দেহের কিছু খুঁজে পায়নি। ফলে আসল চোর থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।১৯১৩ সালের ডিসেম্বরে ট্রেনে চেপে প্যারিস থেকে ফ্লোরেন্সে চলে যান পেরুজিয়া। সেখানেই উফিজি গ্যালারির আর্ট ডিলারের কাছে মোনা লিসাকে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যান। গ্রেপ্তার হন। কিন্তু সে সময় আদালতে তিনি দাবি করেন, ফ্রান্সই ইতালির এই বিখ্যাত শিল্পকর্ম চুরি করেছিল। আর তাই নিজের দেশের সম্পদ তিনি ফিরিয়ে আনতে চেয়েছিলেন নিজের দেশে। পেরুজিয়ার এই বক্তব্য ইতালিতে তাঁকে রীতিমতো জাতীয় বীর বানিয়ে দেয়। মাত্র ছয় মাসের জেল হয় তাঁর।তবে এ কথা স্বীকার করতেই হবে, পেরুজিয়া বিশ শতকের সবচেয়ে আলোচিত এই চুরিটি না করলে আজ হয়তো এতটা মাতামাতি হতো না মোনা লিসাকে নিয়ে। ফ্লোরেন্স, মিলান আর রোমে প্রদর্শনী শেষে ল্যুভরকে ফিরিয়ে দেওয়া হয় মোনা লিসাকে। স্যালন ক্যারে আবারও মোনা লিসাকে বসানো হলে প্রথম দুই দিনেই প্রায় এক লাখ দর্শনার্থী এসেছিল ছবিটি দেখতে! এখন প্রতিবছর প্রায় ৮০ লাখ লোক ল্যুভরে আসে আপাতদৃষ্টিতে সাধারণ কিন্তু ভিঞ্চির তুলির পরশে অসাধারণ হয়ে ওঠা এই রমণীর ছবিটি দেখতে।