সেই তিনি জিল্লুর রহমান সিদ্দিকী
জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। শিক্ষা দিয়েছেন, শিক্ষা নিয়ে ভেবেছেন। তাঁকে শ্রদ্ধা

সদ্য প্রয়াত হলেন দেশের অনন্য প্রতিভাধর ব্যক্তিত্ব, নামে যিনি জিল্লুর রহমান সিদ্দিকী। সময়টা কি খুবই ট্র্যাজিক যাচ্ছে? যেন বা একে একে মিলিছে দেউটি। এই সেদিন হারালাম আমাদের গৌরবের অন্যতম প্রতিনিধি জাতীয় অধ্যাপক, ইতিহাসবিদ ড. সালাহ্উদ্দিন আহ্মদকে। তারপর কত দিনই বা গেল, অনন্তধামে পাড়ি দিলেন জিল্লুর রহমান সিদ্দিকী। আমাদের এমনতরই দুর্ভোগ্য, কী যে অতল শূন্যে অবস্থান আমাদের!
কেমন যে লাগছে, প্রায় সাড়ে ছয় দশকের মতো কাল আমরা কাটিয়েছি একসঙ্গে—আমি ও জিল্লুর রহমান সিদ্দিকী। এখন তিনি হারিয়ে গেলেন আরেক ধামে। স্বভাবতই একান্ত করে স্মৃতিচারণায় পেয়ে বসেছে আমাকে। হা-হুতোশ করব, না স্মৃতিচারণা করব, কিংবা মূল্যায়ন করব সেই তাঁকে—বুঝে উঠতে পারছি না। তবে প্রতিভার বরপুত্র জিল্লুর রহমান সিদ্দিকীকে যথার্থ অর্থে তাঁর তাবৎমাত্রিকতাসহ মূল্যায়নের অবকাশ এই ক্ষণে মোটে নেই বলেই মনে করি। সে জন্য সময়ের প্রয়োজন। কিন্তু হুতোশেই বা ফায়দাটা কী? সে তো নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তার চাইতে খানিকটা হলেও স্মৃতিচারণার প্রয়াস পাওয়া যাক। আজকের দিনের প্রজন্মের কাছে বরং তাঁকে খানিকটা হলেও তুলে ধরতে চাই।
সময়টা বোধ হয় গত শতাব্দীর চল্লিশ দশকের শেষভাগ। তখন সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নাম লিখিয়েছি। আমার ও জিল্লুর রহমান সিদ্দিকী—আমাদের পারস্পরিক পরিচিতির, কাছাকাছি আসবার দিনগুলো সম্ভবত আরও কিছুটা পরের। তাঁর সম্পর্কে শোনাটাই পয়লা, খ্যাতি শুনতাম কলকাতা থেকে এখানে এসেছে এক মেধাবী ছাত্র, সে ইংরেজি বিভাগের। পাশাপাশি ঘরে আমরা তখন পড়ি বাংলা বিভাগে। খুবই নামকরা ছাত্র জিল্লুর রহমান সিদ্দিকীর সঙ্গে শুরুতে সেইটে সেতুবন্ধ। তবে মুখোমুখি পরিচয় লেখালেখির মাধ্যমে। সিদ্দিকী সাহেব কখনোই তেমন আড্ডাবাজ ছিলেন না। তাঁর বিচরণ প্রধানতই ছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও শ্রেণিকক্ষে। কিন্তু তাঁর সঙ্গে মুখোমুখি পরিচয়ের কথাটা যে বললাম, যতটা মনে পড়ছে সেটা হয়েছিল মধুর চায়ের দোকানে, ইংরেজি বিভাগেরই অন্যতম ছাত্র কবি শামসুর রাহমানের মাধ্যমে। শামসুর রাহমান সে সময় আমাদের আড্ডায় ঘনিষ্ঠ এক সতীর্থ। সেকালে এবং বেশ কিছুদিন ধরেই তিনি বেশ রোমান্টিক কবিতা লিখতেন। তিনিই একই বিভাগের জিল্লুর রহমান সিদ্দিকীকে টেনে এনেছিলেন আমাদের ওই আড্ডায়।
জিল্লুর রহমান সিদ্দিকীকে প্রথম দেখায় মনে হলো লাজুক প্রকৃতির ছেলেটি স্বভাবতই নম্র। রাহমান সূত্রে জানা গিয়েছিল, নবাগত তিনি কবিতা লিখে থাকেন। স্পষ্টই মনে পড়ছে, আমাদের সবার চাপাচাপিতে ওই ‘নবাগত’ জিল্লুর রহমান সিদ্দিকী নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন সেদিন। তাঁর সে কবিতাটি ছিল ভারি রোমান্টিক। সে সময়টায় আমাদের মধ্যে বাম ধারার আন্দোলনের ও লেখালেখির ঢেউ। আবারও বলি, তবু সেদিন পঠিত এই কবিতাটি মনের মাঝে নতুন আবেগের নাড়া দিয়েছিল। তার পরের থেকে লেখালেখির সড়কে আমাদের পথচলা। এর মধ্যে সময়ের টানে কখন যে আমরা পরস্পরের কাছাকাছি এসে পড়েছি!
এদিকে সব ছাপিয়ে এসেছে ভাষা আন্দোলনের জোয়ার। নিত্য গ্রন্থাগারে পাঠরত, শ্রেণিকক্ষে নিবিষ্ট মেধাবী ছাত্র, পরীক্ষায় উজ্জ্বল ফলের অধিকারী জিল্লুর রহমান সিদ্দিকী—পেছন ফিরে তাকিয়ে দেখি তিনিও যে কখন জড়িয়ে পড়েছেন আমাদের সঙ্গে একই কাতারে।
স্মৃতিচারণার পয়লা পালার কথা বললাম এতক্ষণ। এইখানেতে খানিকটা ছাত্ররাজনীতির কথাও এসে পড়ে। আমি নিজে যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের নির্বাচিত সহসভাপতি, পরের বছরেই ওই একই হলের নির্বাচিত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী। এ সময়ে তাঁর সঙ্গে আরও কত স্মৃতি আছে, সব আজ আর মনেও নেই। আসলে আমাদের দুজনের এত দীর্ঘকালের পথচলা, স্মৃতিচারণা, এ তো প্রায় মহাভারতের অষ্টাদশ পর্বের বৃত্তান্ততুল্য! আজকের অবকাশে তাতে কাজ নেই।
বরং এখন তবে দ্বিতীয় পালায় আসা যাক। এর মধ্যে জিল্লুর রহমান সিদ্দিকীর জীবনেও স্বাভাবিকভাবেই এগিয়ে যাওয়ার মেলা কিছু ঘটেছে। আমার নিজের জীবনেও ওলট-পালট কম নয়। ছাত্রজীবনের পর কিছুদিনের জন্য হলেও আমরা দুজন দুই ভুবনের বাসিন্দা-সিদ্দিকী সাহেব বরাবরই লেখাপড়ায় এক ধাপ থেকে আরেক উচ্চতর ধাপে; দেশের সীমানা পেরিয়ে অক্সফোর্ডে তিনি পড়াশোনা করলেন। আর আমার বেলাতে হাতেখড়ি হলো সাংবাদিকতায়, এরপর যুক্ত হই অধ্যাপনার সঙ্গে।
এরপর আবারও আমি আর জিল্লুর রহমান সিদ্দিকী—আমরা একই কাতারে—সেইটে অধ্যাপনার অঙ্গন। আমাদের ওঠাবসা, কাজকর্ম, অধ্যাপনা, লেখালেখি—সবকিছুই জীবনভর বিশ্ববিদ্যালয়ে। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার পরের থেকে শেষতক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যে কয়েক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেই সময়টায় অর্থাৎ গত শতকের ষাটের দশকে দেশজুড়ে আন্দোলন—আমরা সবাই জড়িয়ে পড়েছি পাকিস্তানি আগ্রাসনের মোকাবিলায়—চাই বাঙালিত্বের প্রতিষ্ঠা, বাঙালিত্বের জয়। আর এখানে রয়েছেন অবশ্য করেই জিল্লুর রহমান সিদ্দিকীও। এ সময় শুরু হলো রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপন ও এই দেশে রবীন্দ্র সংগীতচর্চার উদ্বোধনের কর্মযজ্ঞ। সেই ইতিহাসের ধারায় বারংবার দেখি সিদ্দিকী সাহেবের মুখ। এসব অলমিতি বিস্তারেন।
তবে এই রাজশাহী পর্বে বিশেষ করেই জানাই, আমাদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সেই বিশেষ পত্রিকাটির কথা—পূর্বমেঘ। অত বছর আগে ঘোরতর সেই মফস্বল শহর রাজশাহী থেকে অমন মানের একটি সহিত্যপত্রিকা দশ-বারো বছর ধরে নিয়মিত বেরিয়েছে, এটা ভাবতেও আজ অবাক লাগে! যতটা মনে পড়ছে, পত্রিকাটি বের করা হয়েছিল ১৯৬১-তে। বেশ কিছুসংখ্যক নতুন লেখককে প্রতিষ্ঠিত করেছে পূর্বমেঘ। এ পত্রিকার জন্য লেখা সংগ্রহ, লেখকদের সঙ্গে যোগাযোগ, প্রাপ্ত ও নির্বাচিত লেখাগুলোকে পরিমার্জনায় জিল্লুর রহমান সিদ্দিকীর মূল অবদান বলার অপেক্ষা রাখে না। এ ক্ষেত্রে গুরুত্বারোপ করে বলি, পূর্বমেঘকে অমন উচ্চতর মানে উন্নীত করেছিল সিদ্দিকী সাহেবের ভূমিকা। তাই জিল্লুর রহমান সিদ্দিকী ও পূর্বমেঘ অবশ্য করেই অবিচ্ছেদ্য।
এইবার অবশেষে বলব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের, বিশেষত জিল্লুর রহমান সিদ্দিকীর দিনযাপনের কথা। এক কথায় বলতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগটিকে শুরুর থেকেই গড়ে তুলেছেন তিনি। অধ্যাপনার অভিজ্ঞতা তো তাঁর ছিলই, এখন অতঃপর পেলেন সংগঠকের ভূমিকা। ইংরেজি বিভাগটিকে ষোলো আনা রূপদান, তা তাঁরই অবদান। কেবল শুধু বিশেষ একটি বিভাগমাত্রই নয়, এক দুঃসময়ে গোটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও জিল্লুর রহমান সিদ্দিকীর ভূমিকা প্রতিষ্ঠানটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইতিতে নিবেদন করি যে সুহৃদ জিল্লুর রহমান সিদ্দিকীর তিরোধানেরর পর তাঁর বিপুল কর্মযজ্ঞের মূল্যায়ন, যেমনটা সূচনাতেই বলা গেছে, এই স্বল্প সময়ের ব্যবধানে সেটি যথার্থভাবে করা সম্ভব নয়। আমার, সমকালীন আমাদের অবলোকনে, স্মৃতিতে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক।
আজ দিনে স্মৃতিচারণার এই অবকাশে সহযাত্রীবান্ধব জিল্লুর রহমান সিদ্দিকীর উদ্দেশে আমার হৃদয় নিংড়ানো যত শ্রদ্ধার, ভালোবাসার উৎসর্গ।