সেই পতনের সাহিত্যিক দলিল
মেয়েজাহীদ রেজা নূর প্রচ্ছদ: সব্যসাচী হাজরা বিশ্বসাহিত্য ভবন দাম: ১২০ টাকাশুরুটা খুবই সাদামাটাভাবে, অথচ সমাপ্তিটা অসাধারণ। অভিজ্ঞতা যেখানে রগরগে, গভীর, হূদয়-ছোঁয়া, তার প্রকাশগত শৈলী অন্তরঙ্গ না হয়ে পারে না। এ বইয়ের স্তরে স্তরে তার ছাপ। জাহীদ রেজা নূরের এই উপন্যাসের শুরু একটা সফরকে কেন্দ্র করে। উপন্যাসের নায়ক রাশেদ সুইডেনে যায় দূষণসংক্রান্ত এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য। পেশায় বাংলাদেশের একটি পত্রিকার সাংবাদিক। বিমানযাত্রা শেষে সুইডেনের রাজধানী স্টকহোমে পৌঁছার পর অন্য আরও সাত দেশের সফরসঙ্গীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এই সুবাদেই পরিচয় লাটভিয়ার মেয়ে আলেকসান্দ্রার সঙ্গে। সে-ও সাংবাদিক। কথায় কথায় বেরিয়ে পড়ে আলেকসান্দ্রার বাবা মস্কোতে পড়াশোনা করার সময় রাশেদের ব্যাচমেট ছিল। কাহিনির শুরুটা এখান থেকে। বলাই বাহুল্য, এ উপন্যাসের ঘটনাক্রমে থেকে থেকেই বর্তমান থেকে চলে যায় বিশ শতকের নয়ের দশকের সেই সময়টায়, যখন কমিউনিস্ট শাসন-সংবলিত সোভিয়েত ব্যবস্থা ভাঙনের মুখে। প্রকাশিত হচ্ছে সেই শাসনব্যবস্থার এত দিন ধরে অউন্মোচিত স্বরূপের পর অবিশ্বাস্য সব স্বরূপ। আর এসবই হচ্ছে আলেকসান্দ্রার জিজ্ঞাসার দৌলতে এবং রাশেদের জবাবগত বর্ণনার কল্যাণে। একেবারে সাম্প্রতিক বর্তমান থেকে দুই দশক আগে যেমন চলে যাচ্ছে এর কাহিনি, তেমনি আবার ফিরে আসছে বর্তমানে। কাহিনির ধরনই জাহীদ রেজা নূরকে এই পন্থা অবলম্বনে বাধ্য করেছে। এবং এই ব্যাপারটা এই উপন্যাসের কাহিনির চলমানতাকে বিন্দুমাত্র ব্যাহত করেনি বরং দিয়েছে নতুনতর এক গতি, কাহিনি বর্ণনার সবিশেষ এক ভঙ্গি। আলেকসান্দ্রা, এই উপন্যাসের নায়িকা, যখন জানছে, রাশেদ তার বাবার বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেট, মস্কোতে তারা একসঙ্গে চারটা বছর কাটিয়েছে, তখন সে বলছে, সে তার বাবা ভালদিসের কম বয়সের গল্প শুনবে তার কাছ থেকে। এবং ভালদিসের সেই গল্প শোনাতে গিয়েই রাশেদের কাছ থেকে শোনা যাচ্ছে একদিকে কমিউনিস্ট পার্টির সংকটের কথা, অন্যদিকে আমরা জানছি ভালদিসের পারিবারিক সমস্যার কথা। দীর্ঘ ২১ বছর পর লাটভিয়ান ভালদিসের সঙ্গে রাশেদের যোগাযোগ হচ্ছে ভালদিসের মেয়ে আলেকসান্দ্রার মাধ্যমে। লাটভিয়া তখন আর সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত নয়। স্বাধীন রাষ্ট্র। ভালদিসের বউ তাকে ছেড়ে গিয়েছিল তার মস্কোতে অবস্থানের সময়ই। পার্টি করত সে গভীরভাবে। ফলে আলেকসান্দ্রা যে মনোগত শূন্যতার শিকার হয়, তা-ই তাকে তার বাবার একটা পূর্ণাবয়ব ছবি আঁকতে তাড়িত করে। ভালদিসের তরুণ বয়সের ছবি আঁকায় সাহায্য করতে গিয়েই রাশেদের বর্ণনার পর বর্ণনা থেকে সোভিয়েত কমিউনিস্ট পার্টির অন্তর্গত দুর্নীতির যে চেহারা, পার্টি নেতৃত্বের অন্তঃসারশূন্যতার কথা, তাদের চরিত্রহীনতার কথা, ভালদিস ও রাশেদের বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষক প্রফেসর জানিনের মুখোশ উন্মোচনের কথা, তার চারিত্রিক স্খলনের বিভিন্ন দিক যেভাবে উঠে আসে, তাতে করে সোভিয়েত ব্যবস্থা যে শেষ পর্যন্ত একটা বুলি বা প্রচারসর্বস্ব শাসনব্যবস্থায় পরিণত হয়েছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। এবং রাশেদের ভাষ্যে লেখক যখন বলেন, ‘তুমি সে সময়কার সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে কিছু জানো না বলেই এ কথা বলছ। কমসোমলের যে ছেলেমেয়েরা বিদেশি ছাত্রদের সঙ্গে মিশত, তাদের সবাই কালোবাজারি হয়ে গিয়েছিল। বিদেশি ছেলেদের কাছ থেকে কাপড়চোপড় কিনে বাইরে চড়া দামে বিক্রি করত।’, তখন রীতিমতো ধাক্কা খেতে হয়। এবং যখন দেখছি সেই আদর্শবান প্রফেসর জানিন, বিদেশি এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন সাইবেরিয়ার বন কেটে বাইরের দেশে রপ্তানি করার জন্য, তখন বিস্ময়ের ঘোর যেন কাটতে চায় না। ভালদিস নিজেও কি শেষ পর্যন্ত তার চরিত্র রক্ষা করতে পেরেছে! মাত্র একবারের জন্য তুরস্ক সফরের ভেতর দিয়েই সে বেশ টাকার মালিক হয়ে বসে। তার পরও ভালদিস বেঁচে থাকতে পারে না। তাকে হত্যা করা হয়েছিল প্রফেসর জানিনের গুপ্ত প্ররোচনায়। তার মেয়ে আলেকসান্দ্রার বয়স তখন মাত্র দুই বছর।উপন্যাসের শেষটা এ রকমের: ‘প্রফেসর জানিন রিগার পার্টি অফিসে জানিয়েলি, ভালদিস খুব ভয়ংকর। ওকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। ওই কমিউনিস্ট যুগের মতো ব্যাপার আর কি!’ সবকিছু শুনে লেখক রাশেদের ভাষ্যে অন্তিমে বলছেন: ‘আমি তখনও নিশ্চুপ। আলেকসান্দ্রার চোখে জল। আমিও নিজেকে ঠিক রাখতে পারছি না।’আমরা, পাঠকেরাও কি এই উপন্যাসের পাঠ শেষে নিজেদের ঠিক রাখতে পারব!