সেই বিজয়ের ১০০ বছর
১৯১১ সালের ১৪ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রের দক্ষিণতম স্থানে প্রথম পদচিহ্ন এঁকে দিয়েছিলেন রোয়াল্ড অ্যামুন্ডসেন। দক্ষিণ মেরু জয়ের শততম বর্ষপূর্তি হলো। লিখেছেন রাজীব হাসানছেলেটাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই মায়ের। একরত্তি ছেলে, তার দস্যিপনায় অস্থির সবাই। কয়েক পুরুষ ধরে জাহাজের ব্যবসা তাদের। ছেলেও যে একদিন বড় হয়ে উত্তাল সমুদ্রের সঙ্গে সখ্য গড়বে, এ নিয়ে আর সন্দেহ কী!মায়ের আপত্তিটা এখানেই। মমতার আঁচলে বেঁধে রাখতে চান প্রিয় সন্তানদের। নাবিকের কাজ মানেই মৃত্যুর সঙ্গে নিয়ত লড়াই করা। আর আমরা বলছি উনিশ শতকের কথা। যে সময়টায় আজকের মতো এত উন্নত প্রযুক্তি আর প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুঝতে যাওয়ার সামর্থ্যও ছিল না।মা তাই এক রকম দিব্যিটিব্যি দিয়ে বসলেন রোয়াল্ড অ্যামুন্ডসেনকে, নাবিক নয়, তাকে হতে হবে চিকিৎসক। সমুদ্রের ঢেউ নয়, গুনতে হবে মানুষের হূদ্স্পন্দন। মায়ের একান্ত বাধ্য ছেলেটি কথা রাখলেন। মন দিয়ে শুরু করলেন ডাক্তারি বিদ্যা আয়ত্ত করতে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের ঢাউস সব বইয়ে নয়, মন তাঁর পড়ে থাকত সাগরেই।এরই মধ্যে জীবনের সমুদ্রে এল উথালপাতাল ঢেউ। তাঁর বয়স যখন মাত্র ২১, মা নিজেই চলে গেলেন কথা না-রাখার দেশে। বাবা আকাশের তারা হয়ে গিয়েছিলেন আরও সাত বছর আগে। পারিবারিক পিছুটান নেই। আর তাই নির্দ্বিধায় ১৮৯৩ সালে ডাক্তারি পড়াশোনার ইতি টেনে দিয়ে অ্যামুন্ডসেন নাম লেখালেন নাবিকের খাতায়। ভিড়ে গেলেন বেলজিয়ামের এক অভিযাত্রী দলে। ‘বেলজিকা’ নামের এক জাহাজে চেপে পাড়ি দিলেন অ্যান্টার্কটিকার উদ্দেশে। আলেকজান্ডার আইল্যান্ডে বরফের ফাঁদে আটকে পড়ে গেল বেলজিকা। পুরো শীতকাল সেখানেই কাটাতে হলো নাবিকদের। চলল মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই। প্রায় এক বছর শীত, ক্ষুধা আর স্কার্ভি রোগের সঙ্গে লড়াই করে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরলেন অ্যামুন্ডসেন। এই অভিযান তাঁকে শেখাল অনেক কিছু। এই অভিযানই আসলে ছিল তাঁর দক্ষিণ মেরু অভিযানের মূল প্রস্তুতি।মজার ব্যাপার হলো, দক্ষিণ মেরু নয়; অ্যামুন্ডসেন আসলে জয় করতে চেয়েছিলেন উত্তর মেরু। সেটারই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাঁর সব পরিকল্পনায় জল ঢেলে দিল একটা খবর। ১৯০৯ সালের ঘটনা। খবর এল, ফ্রেডেরিক কুক আর রবার্ট পিয়ারি নামের দুই ব্রিটিশ জয় করে ফেলেছেন উত্তর মেরু। উৎসাহ হারিয়ে ফেললেন অ্যামুন্ডসেন। তবে একই সঙ্গে দেখা দিল নতুন আশার রেখা। পরিকল্পনা পাল্টে ফেললেন। উত্তর মেরুতে গিয়ে আর কাজ নেই, এর চেয়ে চলো দক্ষিণ মেরু। সেটা তো এখনো অজেয় থেকেই গেছে!তাঁর শৈশবের মহানায়ক ছিলেন সে সময়ের বিখ্যাত অভিযাত্রী, পরে শান্তিতে নোবেলজয়ী ফ্রিডচফ ন্যানস্যান। শৈশবে ন্যানস্যানের রোমহর্ষক সব অভিযানের গল্প গোগ্রাসে গিলেছেন রূপকথার মতো। ভাগ্যের কী আশ্চর্য খেলা, ন্যানস্যানের প্রিয় জাহাজ ‘ফ্র্যাম’-এ চেপে ১৯১০ সালের ৩ জুন নরওয়ে ছাড়লেন অ্যামুন্ডসেন। বেশ কজন সাহসী নাবিক ছাড়াও তাঁর সঙ্গী হলো অদম্য সাহস, স্বপ্ন আর বেলজিকা অভিযান থেকে পাওয়া শিক্ষা। শুধু প্রকৃতি নয়, পৃথিবীর মানচিত্রের দক্ষিণতম স্থানটি জয় করার এই অভিযানে অ্যামুন্ডসেনের জন্য চ্যালেঞ্জ ছিল আরেকটি। একই সময় ‘টেরা নোভা এক্সপিডিশন’ নামের এক অভিযান নিয়ে দক্ষিণ মেরু জয় করতে রওনা দিয়েছিলেন ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কট। একবার ব্রিটিশদের কাছে হেরেছেন। এবার আর কিছুতেই হারতে চান না অ্যামুন্ডসেন।১৯১১ সালের ১৪ জানুয়ারি ফ্র্যাম নোঙর ফেলেছিল বে অব হোয়েলসে। এখানেই বেজ ক্যাম্প স্থাপন করেন অ্যামুন্ডসেন। বেজ ক্যাম্পের নাম দেওয়া হয় ফ্র্যামহেইম। উলের মোটা পোশাক তাঁদের গতিতে বাদ সাধবে। বুদ্ধি করে এস্কিমোদের মতো পোশাক বানিয়ে এনেছিলেন অ্যামুন্ডসেন। একটা দীর্ঘ পথ তাঁরা পাড়ি দিয়েছিলেন কুকুরে টানা স্লেজ গাড়িতে। ওই বছর ৮ সেপ্টেম্বর প্রথম দক্ষিণ মেরুর দিকে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যর্থ হয় সেই চেষ্টা। দলে দেখা দেয় বিভেদ। অধিনায়ক হিসেবে বিদ্রোহীদের আরেকটি অভিযানে পাঠিয়ে দেন অ্যামুন্ডসেন।দল বেশি ভারী হলে চলবে না, এটাও মাথায় ছিল তাঁর। অক্টোবরে চার বিশ্বস্ত সঙ্গী ওলাভ বায়াল্যান্ড, হেলমার হেনসেন, সেভার হ্যাসেল, ওস্কার উইস্টিংকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন দ্বিতীয়বারের মতো। চারটি স্লেজ গাড়ি আর ৫২টি কুকুর সঙ্গে ছিল। শুধু স্লেজ টানা নয়, খাবার হিসেবেও এ কুকুরের মাংস ব্যবহার করার উদ্দেশ্য ছিল। অবশেষে ১৪ ডিসেম্বর স্বপ্ন পূর্ণ হলো। পৃথিবীর দক্ষিণতম প্রান্তে নরওয়ের পতাকা পুঁতে দিলেন অ্যামুন্ডসেন। যত সহজে লিখে দেওয়া হলো, কাজটি ছিল তার চেয়ে অযুত-নিযুত গুণ কঠিন।দুটো ছবি তোলা হলো। বেজক্যাম্পে যদি ফিরতে না পারেন, তার পরও যেন সবাই তাঁদের সাফল্যের কথা জানতে পারে, এ জন্য একটা চিঠিও লিখে রেখে দেওয়া হলো তাঁবুতে। না, শেষ পর্যন্ত সাফল্যের সঙ্গেই বেজক্যাম্পে ফিরেছেন। ১৯১২ সালের ৭ মার্চ তাঁদের জাহাজ অস্ট্রেলিয়ার হোবার্টে নোঙর করলে সবাই জানতে পারে এ সাফল্যের খবর। স্কটের নেতৃত্বাধীন অভিযাত্রী দলও কয়েক দিন পরে সেখানে পৌঁছায়। তবে ফেরার আগেই মারা পড়েন সবাই। নিজের এই অভিযানের সাফল্য সম্পর্কে অ্যামুন্ডসেন তাই পরে বলেছিলেন, অদম্য সাহস, স্বপ্ন, দৃঢ়প্রতিজ্ঞার পাশাপাশি তাঁদের সঙ্গে ছিল আরও একটা জিনিস—ভাগ্য। এ ভাগ্যই সঙ্গী না হওয়ায় ১৯২৮ সালে এক উদ্ধার অভিযানে অংশ নিয়ে নিরুদ্দেশ হয়ে যান অ্যামুন্ডসেন! সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ওর্য়াল্ড