সেকালে ঢাকার বন্যা-বিড়ম্বনা

যদি আজকাল কানে আসে যে ‘গগনে গরজে মেঘ’, আর সঙ্গে টের পাওয়া যায় খানিক পরেই নামবে ‘ঘন বরষা’, তাহলে এই বাংলায় কারও মন আর বৃষ্টির আনন্দে নেচে উঠবে কি না সন্দেহ। কারণ, ভারী বৃষ্টিপাত গ্রামাঞ্চলে ডেকে আনছে কালান্তক বন্যা, নগর এলাকায়ও তার ভয়াল আবির্ভাব ঘটবে এমন শঙ্কাও রয়েছে। তাই বরং এহেন বন্যা-বিড়ম্বনার ভয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। অবশ্য অতি-বর্ষণের ফলে তৈরি হওয়া জানমালবিনাশী দুর্যোগ বন্যা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সৃষ্ট জলাবদ্ধতা কিংবা যোগাযোগব্যবস্থার ক্ষতিসাধন—এই সব বিষম ঘটনা আজকের বাংলাদেশ কিংবা তৎকালের পূর্ববঙ্গের পরিপ্রেক্ষিতে নতুন কিছু নয়। কথাটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু তা ইতিহাসের নিরিখে সত্যি বৈকি। পূর্ববাংলার প্রধান নগরী ঢাকার নদীঘেরা ও খাল-বিলময় ভূগোলের দিকে তাকালে সেকালের বর্ষাকালেও জীবনধারণ এবং চলাচলের ক্ষেত্রে জনগণের বেহাল দশা যে হতো, তা অবিশ্বাস করার উপায় নেই। এস এম তাইফুরের গবেষণাগ্রন্থ গ্লিম্পসেস অব ওল্ড ঢাকায় শায়েস্তা খানের আমলে ঘটে যাওয়া ১৬৮৪ সালের দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে বন্যার কথাও বলা হয়েছে। তখন নাকি ঢাকার সব রাস্তা জলে ডুবে গিয়েছিল (ঠিক এখনকার মতোই!), বহু নৌকাও ভেসেছিল সেখানে।
মোগল আমল পার করে বহিরাগত কোম্পানির শাসন শুরু হওয়ার পরও ঢাকার চেহারা-সুরত একটুও পাল্টায়নি। ১৭৮৭ সালের মার্চ মাস থেকেই এই নগরীতে ঘনঘোর বৃষ্টির দেখা মিলছিল, তা জুলাই নাগাদ চলে। টানা বৃষ্টির ফলে নদ-নদীর পানি ভয়াবহভাবে বেড়ে যায় তখন, শুরু হয় বন্যা। ঢাকার অবস্থা তখন নাকি প্রায় ভেনিস নগরীর মতো হয়ে পড়েছিল, মন্তব্যটি ঐতিহাসিক যতীন্দ্রমোহন রায়ের। তবে ভেনিসের সঙ্গে মিল কেবল জলমগ্নতায়, ভেনিসের রোমান্টিকতা কিংবা সৌন্দর্যের তিলমাত্রও তখনকার পীড়িত-বিধ্বস্ত ঢাকার মধ্যে ছিল না। একসময়ের সিভিল সার্জন জেমস টেলর তাঁর টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিটিকস অব ঢাকা বইতে ওই সময়ের জলমগ্ন নগরীর বিবরণ দিয়েছেন এভাবে: ‘ঢাকার রাস্তাগুলো, সাধারণ মৌসুমের প্লাবনের সময় পার্শ্ববর্তী নদীসমূহের উচ্চতম সীমা থেকে কয়েক ফুট ওপরে থাকে; এখন তা এমনভাবে প্লাবিত হলো যে সেখানে স্বচ্ছন্দে নৌকা চালানো সম্ভব হয়ে উঠল।’ তিনি আরও জানান, শহরের অধিবাসীদের অনেকে তখন বাধ্য হয়ে এলাকা ত্যাগ করেছিল। আর যারা রয়ে গিয়েছিল, তাদের দিনযাপন করতে হতো ঘরের ভেতর বাঁশনির্মিত উঁচু চালায় বসে। সে সময় জলে ডুবে মারা পড়েছে ঘরের গবাদিপশুও। ঢাকার তদানীন্তন কালেক্টর ও ম্যাজিস্ট্রেট ম্যাথু ডে ওই সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে লিখেছিলেন: ‘এ স্থানে দুঃখ-দুর্দশার এরূপ দৃশ্য চোখে পড়েছে, যা আমি সারা জীবনে কোথাও কখনো দেখিনি।’ ঢাকা শহরে এই জলাবদ্ধতা ও বন্যার ফলে পরবর্তীকালে ধেয়ে আসে দুর্ভিক্ষ, গোটা জেলারই ফসল অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। তখন প্রায় ষাট হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল, এই তথ্য জানা গেছে ডে সাহেবের ভাষ্য থেকে।
কিন্তু বন্যার সামনে ঢাকার এমন বেহাল দশার নেপথ্যের কারণ কী? ইতিহাস থেকে যতটুকু বোঝা যায়, ঢাকা শহরের জলাবদ্ধতা নতুন কিছু নয়। মোগল আমলে ধোলাইখাল খনন করায় শহরে জমে থাকা পানি ও আবর্জনা নিষ্কাশনের ক্ষেত্রে উন্নয়ন ঘটেছিল। জলাবদ্ধতার ঝুঁকিও তখন হ্রাস পায়। তবে জোরপূর্বক গদিতে বসার পর কোম্পানি কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনের জন্য ধোলাইখালের প্রতি বিশেষ নজর আর দেননি। আবার ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ধোলাইখালের ধার ঘেঁষে জনবসতি স্থাপন আরম্ভ হয়। ফলে আগের মতো পানি নিষ্কাশনের সক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে ফেলে ধোলাইখাল। ১৮৬৯ সালে ঢাকার সহকারী সিভিল সার্জন হেনরি চার্লস কটক্লিফ এক প্রতিবেদনে অভিযোগ করেছিলেন এই বলে যে শহরটিতে পানি বা ময়লা নিষ্কাশনের কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। এর সংকীর্ণ অলিগলির নর্দমা-ড্রেনগুলোও আবর্জনা ও মলমূত্রের কারণে বদ্ধ হয়ে পড়ছে। কটক্লিফের প্রতিবেদন ও ধোলাইখালের ক্রমশ সংকীর্ণ হয়ে পড়া—এই দুটি প্রসঙ্গ মেলালেই ঢাকা শহরের জলাবদ্ধতা ও এখানে বন্যার নির্বিঘ্ন আক্রমণের আদি কারণগুলো সহজে অনুধাবন করা সম্ভব।

এর মধ্যে কোম্পানি আমলের অবসান ঘটল, গোটা ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখলে নিল শক্তিধর ব্রিটিশরাজ; কিন্তু তাদের আগমনেও ঢাকা শহরের জলাবদ্ধতা-পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি ঘটল না। ইংরেজ আমলে ঢাকা মিউনিসিপ্যালটি গঠন করা হলেও তাদের একমাত্র আগ্রহের কাজ ছিল নতুন নতুন ক্ষেত্রে কর বসানো এবং সেই সব করের হার বছর না ঘুরতেই বাড়িয়ে দেওয়া। অতিরিক্ত কর দেওয়া সত্ত্বেও কেন শহরের বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট মেরামত হচ্ছে না, এই প্রশ্ন তখন প্রায় সব ঢাকাবাসীরই। মিউনিসিপ্যালটির এমন উদাসীন আচরণের জন্য কারও কারও মনে স্বভাবত বেশ ক্ষোভও জন্মেছিল। এমন ক্ষোভের নিদারুণ ব্যঙ্গাত্মক প্রকাশ লক্ষ করা যায় ১৮৭০ সালে ৪ সেপ্টেম্বর তারিখের ঢাকা প্রকাশ পত্রিকায় প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে: ‘...ঐ দিবস ঢাকার কোন সাহেব আমাদের কটক্লিফ (পূর্বে উল্লেখিত ঢাকার সহকারী সিভিল সার্জনের কথা বলা হচ্ছে) সাহেবকে চিকিৎসার জন্য তাহার বাটীতে যাইতে বলেন। শুনিলাম কটক্লিফ সাহেব তাহাতে এই উত্তর প্রদান করেন, অদ্য বৃষ্টি হওয়াতে সড়ক অত্যন্ত দুর্গম হইয়াছে, অতএব আমি যাইতে পারিব না। তিনি যে গাড়িতে যাতায়াত করেন, এ কথা পাঠকদিগকে বলিয়া দিতে হইবে না। এখন সকলেই দেখুন যে স্থান দিয়া শকটারোহণে লোক যাইতে অক্ষম, সে স্থান দিয়া পদচারণে কিরূপে চলা যাইতে পারে। সড়কগুলি সমতল করা কি মিউনিসিপ্যাল কমিটির কর্তব্য মধ্যে নয়? কর্তব্য মধ্যে কি কেবল ট্যাক্স আদায় করা?’ ইদানীং সিটি করপোরেশনের বিবিধ উদাসীনতা নিয়ে ঢাকার নাগরিকদের মনে যেসব নালিশ রয়েছে, সেসবের সঙ্গে প্রায় দেড় শ বছর আগের এই প্রতিবেদনে দায়েরকৃত অভিযোগসমূহের সাদৃশ্য লক্ষ করার মতো।
উনিশ শতক পার হয়ে বিশ শতকে এসেও ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি বিশেষ হয়নি। উল্টো ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চাপে নগরীর জলাশয় ভরাট হতে থাকে, ফলে শহরে আরও বেড়ে যায় বন্যার ঝুঁকি। নাট্যকার সাঈদ আহমদ ঢাকায় অতিবৃষ্টির ফলে তৈরি হওয়া ১৯৪৪-এর বন্যা সম্পর্কে লিখতে গিয়ে জানিয়েছেন, জীবদ্দশায় ওই প্রথম রাস্তাঘাট কি ঘরবাড়িতে পানি উঠতে দেখা তাঁর: ‘বাকল্যান্ড বাঁধের ওপরে প্রায় হাঁটুসম পানি উঠে গেছে...আমরা শহরের ছেলে বন্যায় কী হয় জানি না। শতকরা পঞ্চাশ ভাগ লোকই সাঁতার কাটতে জানে না। তারা পানি দেখলে কিছুটা আতঙ্কিত বোধ করে।...১৯৪৪ সালে বন্যার পানি নতুন বাজারের এলাকায় খালবিল ছাপিয়ে ছড়িয়ে গিয়েছিল।’ তখন রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে তখন তাঁদের বাজার করতে বেরোতে হতো ডিঙি নৌকায় চেপে—এই ঘটনার কথাও পরে জানিয়েছেন তিনি।
এর ১০ বছর পর ১৯৫৫ সালে ঢাকায় ফের বন্যা হলো। ধোলাইখাল অবধি ছাপিয়ে পানি সব নিচু এলাকার সড়কে উঠে এল। সেই সময় ধোলাইখালের জলনিষ্কাশন-ক্ষমতা বিবিধ দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার কিছুটা আঁচ করা গিয়েছিল। প্রখ্যাত সম্পাদক-লেখক মীজানুর রহমান তখন বয়সে তরুণ, থাকতেন ধোলাইখালের কাছেই নারিন্দা-দয়াগঞ্জ অঞ্চলে। তাঁর স্মৃতিকথা ঢাকা পুরাণ-এ ওই বন্যা ও তৎসংক্রান্ত বিড়ম্বনার বিস্তারিত বর্ণনা লভ্য, দীর্ঘ হলেও তা উদ্ধৃত করার লোভ সংবরণ করতে পারছি না: ‘প্রথমে তো চাঁদাড়ে পানি এল, কলাবাগান থই থই! তারপর ক্রমে বাড়ির আঙিনায়। আঙিনা ছেড়ে রাস্তায় উঠে এল পানি। মা একদিন খুব সকালে আমাদের বাংলোবাড়ির চার ফুট উঁচু বারান্দা থেকে চেঁচিয়ে ওঠেন, “হায় আল্লাহ, অ্যাত্তো পানি! চাদ্দিকে পানি!”...ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে উঠে বাড়িটাকে পানির ওপর ভাসতে দেখে প্রথমে তো চোখ ছানাবড়া! তারই নৃত্য আর কত না কলরব!...রাস্তার চেহারা রাতারাতি পাল্টে গেল যেন এও আরেক খাল! ডিঙিতে ডিঙিতে শরৎগুপ্ত রোড, শাহ সাহেব লেন, নারিন্দা, দয়াগঞ্জ যেন বা মূর্তিময়ী ভেনিস, মায় অলিগলি। অর্থাৎ পুরো এলাকাটাই জলময়।’ ঢাকায় এমন বিচ্ছিরি পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে ফের যথাক্রমে ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যায়। তবে চল্লিশ-পঞ্চাশ দশকের বন্যার তুলনায় ওই দুই বছরের বন্যা ছিল অধিক ভয়ানক ও দুর্ভোগময়।
পূর্ববাংলার জলাবদ্ধতা: দুই ইংরেজের ভাষ্য
কেবল ঢাকা নয়, অতিবৃষ্টির কারণে সেকালের পূর্ববাংলার মফস্বল শহরগুলোতেও জলাবদ্ধতা সৃষ্টি হতো। কেমন ছিল তার রূপ? জলাবদ্ধতার ফলে কী কী বিপত্তি তৈরি হতো, সে সম্পর্কে দু-একজন ইংরেজ সিভিলিয়ান লিপিবদ্ধ করে গেছেন তাঁদের অভিজ্ঞতা। আজকের মতো ডুবুডুবু দশা না হলেও উনিশ শতকে বৃষ্টির মুখে চট্টগ্রামের পথঘাটের পরিস্থিতি খানিক প্রতিকূল হয়ে উঠত—এমন তথ্য পাওয়া সরকারি কর্তা আর্থার লয়েড ক্লের লিভস ফ্রম ডায়েরি ইন লোয়ার বেঙ্গল পুস্তকে। ১৮৬৮ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত চট্টগ্রামে ছিলেন ক্লে। তিনি লিখেছেন, ভারী বৃষ্টিতে যাতে পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য চট্টগ্রামে তখন সংস্কারকাজও চলছিল।
আর্থার লয়েড ক্লের মতো আরেক ইংরেজ কর্মকর্তা মাইকেল ক্যারিট। ব্রিটিশ সরকারের রাজনৈতিক বিভাগের বিশেষ কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়ে ১৯৩০-এর দশকে পূর্ববাংলার মহকুমা শহর টাঙ্গাইলে এসেছিলেন তিনি। টাঙ্গাইল আসার পর ক্যারিট খেয়াল করলেন, এ এমন এক এলাকা যেখানে কি না বৃষ্টি ও বন্যার কারণে বছরের চার মাস প্রায় সড়ক-যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। বছরের বাকি দিনে ঘোড়ার গাড়ি নিয়ে চলাচল করা গেলেও ওই চার মাস নৌকায় চড়া ছাড়া গতি নেই। সে সময় টাঙ্গাইল শহরে প্রবেশের কুড়ি মাইল রাস্তা ভারী বৃষ্টির সময় ক্ষতিগ্রস্ত হতো বরাবরই। কিন্তু ‘মজার ব্যাপার হলো পরবর্তী বছরের বর্ষা আসার আগে এই রাস্তা মেরামতের কাজে হাত দেওয়া হতো না’—ক্যারিট তাঁর আত্মজীবনী আ মোল ইন দ্য ক্রাউন-এ এমন মন্তব্য করেছেন। আজকের বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে কী দারুণ মিল! এখনো যে বর্ষা কিংবা বন্যা আসার আগে কোনো সড়ক মেরামতের কাজে হাত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা, এমনটা তো প্রায় দেখাই যায় না।