সেকালের বাঙালি পুলিশদের খোঁজে
উপমহাদেশে পুলিশ বাহিনীর গোড়াপত্তন ঘটে ব্রিটিশ শাসনামলে। সে সময় ব্রিটিশদের পাশাপাশি বাঙালিরাও পেয়েছিলেন ব্রিটিশ পুলিশে যোগ দেওয়ার সুযোগ। কেমন ছিল সেকালের বাঙালি পুলিশদের জীবনচিত্র?
১৫২ বছর আগে, ১৮৬৯ সালে একটি বই প্রকাশ হয়। ইংরেজিতে। অজ্ঞাতপরিচয় এক লেখক তাতে তুলে ধরেন বাংলাদেশের যশোর জেলার এক দারোগার বিচিত্র জীবনের গল্প। তারপর সেই বই প্রায় হারিয়েই যায়। ইতিহাসের জগদ্দল পাথরে চাপা পড়ে মিয়াজান দারোগার স্বীকারোক্তি। প্রায় দেড় শতাব্দী পর মিয়াজান দারোগার একরারনামা নামে সেই বই অনুবাদ করে আবার প্রকাশিত হয়। অন্ধকারের আস্তাকুঁড় থেকে আলোর মুখ দেখে এক অবিশ্বাস্য ইতিহাস।
ঊনবিংশ শতাব্দীর ত্রিশের দশক। ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন উইলিয়াম হেনরি স্লিম্যান সে সময় ঠগি দমনে দুঃসাহসিক অভিযান চালাচ্ছেন। ঠিক ওই সময় আবির্ভাব মিয়াজান দারোগার। লোকটা নিরক্ষর। খুব যে চালাক–চতুর, তা–ও নয়। কিন্তু দ্রুত শিখতে পারার অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। তবু একেবারে গণ্ডমূর্খ এক ছোকরাকে কেন দারোগার পদে বহাল করবে ব্রিটিশ সরকার! কারণ অনেকগুলো। সবচেয়ে বড় কারণ স্বজনপ্রীতি। মিয়াজানের বোন ছিলেন এক ইংরেজ কালেক্টরের রক্ষিতা আর ভগ্নিপতি ছিলেন আরদালি। তো রক্ষিতার মন রাখতে আর আরদালির তোষামোদিতে মিয়াজানকে চাকরিতে বহাল করেন কালেক্টর সাহেব। তারপরও পাকা নিয়োগ পাওয়া অত সহজ ছিল না মিয়াজানের। ডেপুটি ম্যাজিস্ট্রেটের সই লাগে। এ জন্য ঘুষ দিতে হয় ম্যাজিস্ট্রেটের সরদার–বেয়ারা গোপাল দাসকে। শর্ত ছিল মিয়াজান চাকরি করবেন ঠিকই, কিন্তু চাকরির বেতন তিনি তুলতে পারবেন না। পুরোটাই ওই বেয়ারা-সরদারের পকেটে যাবে। আর নিজের পদটাকে কাজে লাগিয়ে ‘উপরি’ আয় দিয়ে জীবন চালাতে হবে মিয়াজানকে। কিন্তু এই শর্তের কোনো কিছুই লিখিত–পড়িত ছিল না, ছিল অলিখিত চুক্তির অংশ। বেতন-ভাতার চেয়ে উপরি আয়ের অঙ্কটা নিশ্চয়ই অনেক বেশি ছিল সেকালে। তাঁর একরারনামায় মিয়াজান কবুলও করেছেন সে কথা। জানিয়েছেন, এলাকার প্রভাবশালীদের নজর সেলামিতে দারোগাজীবনের প্রথম দিনেই কীভাবে তাঁর আয়ের অঙ্কটা বারো শ টাকায় ঠেকেছিল। আজ থেকে প্রায় দু শ বছর আগে বারো শ টাকার দাম কত ছিল ভাবুন তো একবার!
মিয়াজান দারোগার একরারনামা দারোগা মিয়াজানের জীবনের অকপট স্বীকারোক্তি। সে কাহিনি যেমন পাঠককে চমকিত করে, তেমনি ‘পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’, এই প্রবাদ সেকালে কেন বলা হতো, তার প্রমাণ চোখের সামনে এসে মেলে ধরে। নিজের ধূর্তামি ও দুর্নীতিপরায়ণ সত্তাকে সততার মুখোশে মুড়িয়ে রাখার সামান্যতম চেষ্টাও মিয়াজান এখানে করেননি। অন্যকে ফাঁসাতে, নিজের ট্যাঁকের বহর বাড়াতে কতটা নির্মম ছিল সেকালের পুলিশের অনেকেই, তার ভয়ানক বর্ণনা এ বইয়ে মিয়াজান দিয়ে গেছেন দ্বিধাহীন কণ্ঠে। উঠে এসেছে নীলকর-জমিদারদের পারস্পরিক রেষারেষিতে, ডাকাতের খামখেয়ালিতে খাবি খাওয়া জনতার তুচ্ছ প্রাণের করুণ আর্তনাদ। সেই সঙ্গে ব্রিটিশ বাংলা তথা গোটা ভারতবর্ষের সেকালের নড়বড়ে বিচার ও প্রশাসনিক ব্যবস্থার অকাট্য দলিল এই একরারনামা।
প্রথমে যশোরের তেজপুর থানায় (এখন তেজপুর বলে কোনো থানার অস্তিত্ব নেই বৃহত্তর যশোর জেলায়) বহাল করা হয় মিয়াজানকে। তাঁর নিয়োগপত্রের সঙ্গে অদ্ভুত এক শর্ত জুড়ে দিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রতাপ গাঙ্গুলি নামের এক দুর্ধর্ষ ডাকাতের তাণ্ডবলীলা চলছে যশোরজুড়ে। তাঁর পায়ে বেড়ি পরাতে হবে কৌশলে। কৌশলটা আদিম, কিন্তু অব্যর্থ। অনেকটা বলির পাঁঠাকে দিয়ে বনের বাঘকে ফাঁদে ফেলার মতো ব্যাপার। কিন্তু তাগড়াই পাঁঠা তো চাই। খুঁজে পেতে পাওয়া গেল নিরীহ গোছের ‘টাকার কুমির’ এক গৃহস্থকে, যাঁর বাড়িতে ডাকাতি হওয়ার মতো পর্যাপ্ত অর্থসম্পদ আছে। সেই হতভাগা গৃহস্থের নাম কার্তিক পোদ্দার।
হইহই করে মাঠে নেমে পড়লেন মিয়াজান। কার্তিক পোদ্দারকে বললেন প্রতাপ গাঙ্গুলির নামে এজাহার দায়ের করতে। প্রতাপ গাঙ্গুলি যেহেতু ডাকসাইটে ডাকাত এবং তাঁর ভয়ে যখন ইংরেজ ও নেটিভে এক থালায় ভাত খায়, তখন তাঁর নামে মিথ্যা অভিযোগ দেবে এমন বুকের পাটা কার! কার্তিকেরও তা ছিল না। কিন্তু কার্তিকের তো তখন ‘ডাঙায় বাঘ জলে কুমির’ অবস্থা। ডাকাতির অভিযোগ করলে প্রতাপের লোকেরা তাঁকে খুন করবে, আর অভিযোগ না করলে জুটবে পুলিশের প্যাদানি। প্যাদানির চেয়ে জীবনের দাম বেশি। তাই লাভজনক পন্থাটাই বেছে নিলেন কার্তিক। কিন্তু মিয়াজানের কথা না শোনায় তাঁর ওপর নেমে এল নির্মম নির্যাতন। মিয়াজানের অকথ্য অত্যাচার সইতে পারেননি কার্তিক। গারদেই মৃত্যু হয় তাঁর।
সেকালে পুলিশি হেফাজতে মৃত্যুর আইন ছিল ভীষণ কড়া। অপরাধ প্রমাণিত হলে নিশ্চিত মৃত্যুদণ্ড। কিন্তু মিয়াজানের খুঁটি তো নড়বড়ে নয়, কালেক্টরের প্রিয়ভাজনের ভাই বলে কথা! তাই নীলনকশা সাজিয়ে এবং দিনকে রাত বানিয়ে আসামির মৃত্যুকে ‘স্বাভাবিক মৃত্যু’ বলে প্রমাণ করতে তাঁর ততটা বেগ পেতে হয়নি। মিয়াজানের এরপরের গল্প শুধু ফুলেফেঁপে কলাগাছ হওয়া।
কিন্তু শেষরক্ষা হয়নি, সম্পত্তির পাহাড়ও রক্ষা করতে পারেনি দারোগাকে। যত দিন বোন বেঁচে ছিলেন, তাঁর কেশাগ্র ছুঁতে পারেনি কেউ। কিন্তু তাঁর বোনের মৃত্যুর পর উল্টে গেল পাশার দান। কালেক্টরের আশীর্বাদবঞ্চিত মিয়াজান তাঁর অধস্তনদের ষড়যন্ত্রে সামান্য একটা দুর্নীতির মামলায় ফেঁসে হারালেন সব কূল। শেষমেশ তাঁকে বেছে নিতে হলো ফকিরের জীবন।
মিয়াজানের জীবনটা আদতে সেকালের পুলিশের অন্ধকার একটা দিক। তবে মুদ্রার উল্টো পিঠও ছিল। বাঙালি পুলিশের সবাই যে মিয়াজানের মতো ছিলেন, তা বলা যাবে না। শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান দারোগাও ছিলেন সেকালে। যেমন মিয়াজানের ঠিক উল্টো চরিত্রের ছিলেন বাঁকাউল্লা। তিনি ছিলেন রীতিমতো শিক্ষিত ভদ্রলোক। গোয়েন্দা পুলিশের কর্তা হয়ে ঘুরে বেড়ান গোটা বাংলায়। ইতিহাস বলছে, রহস্যময় ডাকাতি আর খুনের তদন্ত তিনি করেছেন শার্লক হোমসের দক্ষতায়। ভারতবর্ষের এই পুলিশ কর্মকর্তার বারোটি সফল অভিযানের কাহিনি নিয়ে প্রকাশিত হয় বাঁকাউল্লার দপ্তর নামের বই। তবে বই হিসেবে প্রকাশের আগে বিখ্যাত দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় সম্পাদিত দারোগার দপ্তর নামের সাময়িকীতে ধারাবাহিক প্রকাশিত হয় তাঁর রোমাঞ্চকর কাহিনিগুলো।
বাঁকাউল্লার আসল নাম মুনশি বরকতউল্লা। মিয়াজানের মতো অকপট তিনি ছিলেন না। তাই গোয়েন্দা পুলিশের সফলতা, দক্ষতার যে চিত্র বাঁকাউল্লার কাহিনিতে ফুটে উঠেছে, তাঁদের নিয়ে নেতিবাচক কিছু সেভাবে আসেনি। ব্রিটিশ প্রশাসন ব্যবস্থারও একটা ‘ভালোমানুষি’ ছবি ফুটে ওঠে বাঁকাউল্লার কাহিনিগুলোতে। অথচ তিনিও ছিলেন মিয়াজানের সমসাময়িক দারোগা।
তবে বাঁকাউল্লার যে গোয়েন্দা হিসেবে দক্ষ, এ কথা তাঁর পাঠকমাত্রই স্বীকার করবেন। নদীতে গোসল করতে গিয়ে নারীদের প্রাণ হারানোর ঘটনাগুলোর জন্য যখন কুমির-কামটকে দায়ী করা হচ্ছিল, তখন বাঁকাউল্লা ওই ঘটনাগুলো দুর্ধর্ষ ডাকাতের কাণ্ড বলে প্রমাণ করেন নিজের অসাধারণ বুদ্ধিমত্তায়। আবার তাঁর উদ্ঘটন করা এক সিরিয়াল কিলিংয়ের রহস্য আগাথা ক্রিস্টির পোয়ারোকেও যেন হার মানায়।
সেকালের আরেক বিখ্যাত বাঙালি দারোগা ছিলেন গিরিশচন্দ্র বসু। তিনি ছিলেন প্রথম বিশ্ববিদ্যালয়পড়ুয়া নেটিভ দারোগা। ঢাকায় জন্ম, ঢাকাতেই মৃত্যু। কিন্তু কর্মজীবন ছিল নদীয়ায়। ১৮৫৩ সালে তিনি দারোগার পদে যোগ দেন। পুরোপুরি না হলেও অনেকটাই অপকট ছিলেন তিনি। তাঁর বিখ্যাত বই সেকালের দারোগার কাহিনি। এই আখ্যানটি প্রথমে নবজীবন নামের মাসিক পত্রে বের হলেও ঢাকা থেকে বই আকারে প্রকাশিত হয় ১৮৮৮ সালে। পুলিশের সাধারণ সেপাইদের তিনি ক্ষীণকায়, স্বার্থপর ও অকর্মণ্য বলে উল্লেখ করেছেন। অন্যদিকে গ্রামের অবহেলিত চৌকিদারগোষ্ঠী পেয়েছে তাঁর অকুণ্ঠ প্রশংসা। তাঁর মতে চুরি-ডাকাতি সংঘটিত হওয়ার পরই কেবল পুলিশ তাদের বমাল ধরার চেষ্টা করত। এতে মিলত যশ, পদোন্নতি। তিনি নিজে অবশ্য আগেভাগেই চোর-ডাকাতকে প্রতিরোধ করার পক্ষে ছিলেন। ব্রিটিশ রাজত্বের পুলিশি ব্যবস্থা সম্বন্ধে একটা ভালো ধারণা পাওয়া যাবে এই বইয়ে।
চমকপ্রদ তথ্য হলো, গিরিশচন্দ্র বসু ইংরেজদের দারোগা হয়েও নীল বিদ্রোহীদের সমর্থন করেছেন। ১৮৬০ সালে ব্রিটিশ সরকার যখন নীলকরদের অত্যাচার বন্ধ করতে ইন্ডিগো কমিশন গঠন করে, সেই কমিশনের কাছে তিনি সাক্ষ্য দিয়েছেন নীলচাষিদের পক্ষ নিয়ে। তাঁর সেই সাক্ষ্য নীল চাষবিরোধী আইন পাসে সহায়ক ভূমিকা রেখেছিল।
বিখ্যাত কবি সুনির্মল বসুর মামা গিরিশচন্দ্র বসু দারোগা হিসেবে সফল ছিলেন, অন্যদিকে সেকালের দারোগার কাহিনিতে লেখক হিসেবে নিজের মুনশিয়ানার পুরোটাই দেখিয়েছেন। বেশ কয়েকজন কুখ্যাত ডাকাত পাকড়াওয়ের কাহিনির পাশাপাশি তখনকার সমাজজীবনের ছবিও তিনি এই বইয়ে এঁকেছেন লেখকসুলভ ভঙ্গিতে।
এতক্ষণ যেসব ‘বাঙ্গাল’ দারোগার কথা বলা হলো, তাঁদের সবার চেয়ে জনপ্রিয় দারোগা ছিলেন আরেকজন—প্রিয়নাথ মুখোপাধ্যায়। তিনি শুধু দারোগা হিসেবে জনপ্রিয় ছিলেন তা নয়, দারোগার দপ্তর–এর প্রকাশক–সম্পাদক হিসেবেও ইতিহাসের অংশ হয়ে আছেন তিনি। কেননা, মূলত এই পত্রিকার মাধ্যমেই বাংলার আদি পুলিশের অনেক খোঁজখবর তথা সেকালের পুলিশের জীবনাচার সম্পর্কে জানতে পেরেছি আমরা। সঙ্গে এ কথাও বলা দরকার, এ দেশে গোয়েন্দা–সাহিত্যের গোড়াপত্তনের পেছনেও প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বিস্তর অবদান রয়েছে। কারণ, দারোগার দপ্তর–এ তিনি যখন পুলিশের সত্যিকারের গোয়েন্দাকাহিনি লিখছেন ও ছাপছেন, এখানে তখনো সুগঠিত গোয়েন্দাকাহিনির জন্ম হয়নি।
প্রিয়নাথের জন্ম ও বেড়ে ওঠা বর্তমান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে। এই দারোগার স্মৃতিকথা আর গিরিশচন্দ্র বসুর সেকালের দারোগার কাহিনি একসঙ্গে করে ২০১০ সালে ফিরে দেখা-৩ নামে একটা বই বের হয় কলকাতা থেকে। এতে অবশ্য প্রিয়নাথের নিজের পুলিশ–জীবনের কাহিনি উঠে আসেনি, এসেছে ব্রিটিশ ভারতের বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের জীবনচিত্র, সঙ্গে পুলিশি ব্যবস্থা। আগেই বলা হয়েছে, এই কাহিনিগুলো নিজের সম্পাদিত দারোগার দপ্তর–এ নিয়মিত লিখেছেন তিনি।
প্রিয়নাথের জন্মস্থান জয়রামপুর ও দর্শনার কাছাকাছি লোকনাথপুর নামে একটা গ্রাম আছে। বড় হাট বসে এখানে। সে জন্য ওই এলাকায় গ্রামটি এখনো বিখ্যাত। প্রিয়নাথের সমকালে এ গ্রামে নীলকুঠি ছিল। সেই নীলকুঠির নীলকর–জমিদারদের অত্যাচার-অনাচারের কাহিনি সবিস্তার লিখেছেন প্রিয়নাথ। পাশাপাশি তাঁর জবানিতে ধরা পড়েছে হতভাগ্য এক দারোগার কথা। অজ্ঞাতপরিচয় এই দারোগা একটি খুনের মামলার তদন্ত করেছিলেন। তাতে অভিযুক্ত হয় লোকনাথপুর গ্রামের নীলকুঠির সেই ইংরেজ নীলকর। দারোগা তাঁকে গ্রেপ্তার করেন। প্রমাণও ছিল যথেষ্ট। কিন্তু তখনকার দিকে একজন ইংরেজ নীলকরকে আটক করতে অসমসাহস লাগে। দারোগা সেই সাহসটুকু দেখিয়েছিলেন। কিন্তু এটাই কাল হলো তাঁর জন্য। বাদীপক্ষের সাক্ষীদের হাত করে আদালত থেকে বেকসুর খালাস পেলেন ওই খুনি নীলকর। অন্যদিকে ‘ভুল তদন্ত’–এর দায় চাপিয়ে এক মাসের জন্য কর্মচ্যুত করা হলো দারোগাকে। পরে তাঁকে বদলিও করা হলো অন্য জায়গায়।
এভাবে গল্পের পর গল্প আছে, আছে বাঙালি পুলিশের অনেক অনেক কাহিনি। আর সেকালের এসব কাহিনিতে বাংলার আদি পুলিশের যে চেহারা ভেসে ওঠে, প্রকারান্তরে তা ব্রিটিশ শাসনের শেষ ভাগের আর্থসামাজিক ইতিহাসেরও একটা চিত্র তুলে ধরে। এই রাজত্বে সৎ–অসৎ দুই ধরনের বাঙালি পুলিশই পাওয়া যাবে। তবে এ–ও ঠিক যে নিজেদের প্রয়োজনে গোরা সাহেবরা এই বাঙালি পুলিশদের কেবল ব্যবহারই করেছেন; কিন্তু প্রয়োজন শেষে তাঁদের দিকে আর ফিরেও তাকাননি।
একনজরে ব্রিটিশ–বাংলার পুলিশ
১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিশ বাংলায় প্রথম থানাভিত্তিক পুলিশি ব্যবস্থা চালু করেন।
প্রতিটি থানায় একজন দারোগা, একজন মোহরার, একজন জমাদার, দশজন বরকন্দাজ (কনস্টেবল) নিয়োগ করা হয়।
শুরুতে দারোগার বেতন ছিল ২৫ টাকা। এ ছাড়া জমাদারের ৮, মোহরারের ৫ ও বরকন্দাজের বেতন ছিল ৪ টাকা।
বাংলায় কতজন দারোগা ছিলেন, তার সম্পূর্ণ সংখ্যা জানা যায় না। তবে বীরভূম, বর্ধমান, রাজশাহী, সিলেট, চব্বিশ পরগনা, ময়মনসিংহ, ঢাকা, মুর্শিদাবাদ, মেদিনীপুর ও আলীপুর—এই ১০ জেলায় মোট দারোগার সংখ্যা ছিল ২০০।
হিন্দু জনগোষ্ঠীর তুলনায় মুসলিমরাই পুলিশের চাকরিতে বেশি আগ্রহী ছিলেন। ১০ জেলায় মুসলিম দারোগা ছিলেন ১২০ জন। অন্যদিকে সব মিলিয়ে হিন্দু দারোগার সংখ্যা ছিল ৭৪।
১৮৬০ সালে নতুন পুলিশ অ্যাক্ট পাস হয়। এ সময় বাংলায় মোট পুলিশ সদস্য ছিলেন ২৬ হাজার ৮২৭ জন। পুরো বাংলার পুলিশের প্রধান কর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় একজন ইন্সপেক্টর জেনারেল বা আইজিকে। ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয় ৮ জনকে। তা ছাড়া ২৫ জন এসপি, ৯০ জন এএসপি, ৫২১ জন ইন্সপেক্টর, ৭৪১ জন এসআই, ৭৪১ ওভারসিয়র এবং ২৪ হাজার ৭০০ জন কনস্টেবল হিসেবে নিয়োগ পান।
১৮৬৭ সাল নাগাদ বাংলার পুলিশ বাহিনীর ৯ হাজার ৭৩৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৯৫৭টি তলোয়ার ও ২৩ হাজার ৭৯৫টি বেটন ছিল।
সূত্র: আব্দুস শুকুরের বাংলার পুলিশ: সেকাল একাল ও কাবেদুল ইসলামের অবিভক্ত বাংলার পুলিশের ইতিহাস