সেদিন সে রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার নাম সিদ্ধার্থ। অবশ্য আমার নাম সিদ্ধার্থ না হয়ে মাইকেল জ্যাকসন হলেও কোনো সমস্যা নেই।আমি যে গল্পটি বলতে চাচ্ছি, তা না বলে অন্য বিষয় নিয়ে বলা শুরু করেছি। আমার চরিত্রটাই এমন। জানেন, একবার স্কুল বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। আমি বিষয়ের পক্ষ হয়ে বক্তব্য রাখছি। বিষয়: বিজ্ঞানের কল্যাণে মানুষ অতীতের চেয়ে বর্তমান সুখী। আমি বিষয়ের পক্ষে। জোরালো যুক্তি উপস্থাপন ও বিপক্ষের যুক্তি খণ্ডন করে আমি আমার বক্তব্য রাখছি, ‘আজ থেকে বিশ বছর আগেও আধুনিক ডাক্তারের অভাবে, উন্নত ওষুধের অভাবে রোগী মারা যেত। আজ বিজ্ঞানের কল্যাণে মানুষ ভালো চিকিত্সাসেবা পাচ্ছে। রোগী ভালো হচ্ছে।’এ পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু এর পরের বক্তব্য সবাইকে হতাশ করে দিল। বললাম, ‘কিছুদিন আগে মেজো কাকার সঙ্গে একটি অনুষ্ঠানে যাই, সেখানে এক মহিলার সঙ্গে কাকার পরিচয় হয়। কথার প্রসঙ্গে মহিলাটি কাকা লেখাপড়া কতটুকু করেছে জানতে চায়। কাকা একটা লাজুক হাসি দিয়ে বললেন, আমি একটু কম লেখাপড়া করেছি, কিন্তু আমার বড় ভাই বেশি পড়েছে। মহিলাটি জানতে চাইলেন, কতটুকু পড়েছে? কাকা বললেন, আমার বড় ভাই ক্লাস টু পর্যন্ত পড়েছে।’হেড স্যার অঙ্ক স্যারের কানে কানে ফিসফিস করে বললেন, ‘বিজ্ঞানের কল্যাণের সঙ্গে তার কাকার কী সম্পর্ক! গর্দভটা এইগুলি কী বলছে! আপনি ঘণ্টি বাজান। সিটে বসে পড়ুক।’এখনো আমি মূল গল্প না বলে আগডুম-বাগডুম কী বলছি!মাকে খুব মনে পড়ছে। ভাবছি, প্রকৃতি আমাদের শস্য, আহার, আশ্রয় সবকিছু দিয়ে বাঁচিয়ে রাখে। কিন্তু মায়ের মতো নিজেকে বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচিয়ে রাখাতে পারে কি?আমরা থাকতাম মফস্বলে। প্রতিদিন রাতে আমরা পথ চেয়ে থাকতাম, কখন বাবা আসবেন।পায়ের শব্দ শুনেই আমরা বুঝতে পারতাম, বাবা আসছেন। তখন কী যে আনন্দ লাগত। মা বলতেন, ‘তোমরা বাবাকে এগিয়ে নিয়ে এসো, বাজারের থলে নিয়ে তিনি হয়তো হাঁটতে পারছেন না।’আমরা ভাইবোনেরা সবাই মিলে প্রতিযোগিতা করে দৌড়াতাম। কার আগে কে বাবাকে প্রথম ধরবে।প্রায় বাবাকে প্রথম ধরতে পারত আমার বড় বোন এবং বাজারের থলেটা মাথায় করে নিয়ে আসত। ঘরে ঢোকার সময় দেখতাম মায়ের মুখের কঠিন ভাবটা চলে গেছে। তাঁর চোখেমুখে নীরব শান্তির ছায়া ফুটে উঠত। তিনি খুব চেষ্টা করতেন এই আনন্দের ভাবটা যেন কেউ বুঝতে না পারে। কিন্তু আমি ঠিকই বুঝে নিতাম।মা সব সময় বাবাকে নিয়ে আতঙ্কে দিন কাটাতেন। কারণ রাজাকার ও পাকিস্তানি সেনারা মিলে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। প্রতি রাতে জিপের শব্দ শোনা যায়। তার পরও বাবা কাজে যান। কাজে না গেলে আমাদের উপোস থাকতে হয়।তিনি একটি হারমোনিয়ামের দোকানে কাজ করেন। একদিন আমার জন্য একটি বাঁশি আনলেন। সারা রাত বাঁশিতে ফুঁ দিয়ে বাজালাম।মা বললেন, ‘কী মুশকিল! এ তো দেখি সারা রাত বাঁশি বাজাতে থাকবে, কাউকে ঘুমাতে দেবে না।’১৯৭১ সালের আগস্ট মাস, তারিখটা মনে নেই। বাবা রাতে ফেরেননি, আমরা সবাই থালাই ভাত নিয়ে অপেক্ষা করছি। একসময় মা বললেন, ‘হয়তো তোদের বাবার আসতে দেরি হবে, তোরা খেয়ে নে। আমি পরে খাব।’আমরা সাত ভাইবোন একে অন্যের মুখের দিকে করুণভাবে চেয়ে আছি। দক্ষিণের জানালার এক পাট খোলা, শো শো করে বাতাস বইছে। চাঁদের আলো পড়েছে মায়ের মুখের ওপর। কী যে সুন্দর লাগছে মাকে!সে রাতে আমরা সবাই বসে কাটিয়ে দিয়েছি, ভাত খাইনি কেউ।ভোরের দিকে কুকুররা আনন্দের শব্দে ঘেউ ঘেউ করে উঠল। বুঝতে পারলাম বাবা আসছেন।ভাইবোন সবাই মহানন্দে দৌড় দিলাম, কেউ বাবার ডান হাত ধরেছে, কেউ ধরেছে বাঁ হাত, আবার কেউ ধরেছে লুঙ্গি। আমার ছোট বোনটিকে বাবা কাঁধে তুলে নিলেন।ঘরে ঢুকতেই দেখি, মায়ের দুই চোখ দিয়ে পানি পড়ছে। বাবা বললেন, ‘কী করব! কাল রাতে পাশের গ্রামে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এত ঝুঁকি নিয়ে আসতে পারিনি।’মা বললেন, ‘ঠিকই করেছ। এ রকম পরিস্থিতিতে বাড়িতে আসার দরকার নেই।’বাবা দেখলেন, অনেক থালা ঢাকা, একটি করে উল্টিয়ে দেখলেন, ভাত রয়েছে থালায়। কেউ খায়নি।বাবা বললেন, ‘তোমরা কেউ ভাত খাওনি?’ আমরা কোরাস গাওয়ার মতো একসঙ্গে বললাম, ‘না, বাবা, আমরা কেউ ভাত খাইনি।’বাবা কেঁদে ফেললেন। বললেন, ‘আসো, আমরা এখন একসঙ্গে ভাত খাব।’ আমরা সবাই বাঁদরের মতো লাফাতে লাফাতে ভাত খেতে বসলাম।স্কুল থেকে এসে বন্ধুরা মিলে চলে যেতাম দূর পাহাড়ে। বন্ধুদের মধ্যে ভুটান ছিল খুবই দুষ্টু, তার শখ হচ্ছে দূর থেকে প্রজাপতিদের বালু মারা। প্রজাপতিগুলো ভয়ে, ফুল থেকে মধু সংগ্রহ না করে উড়ে উড়ে চলে যেত।মাকে একদিন ভুটানের দুষ্টুমির কথা বললাম। মা বললেন, ‘সিদ্ধার্থ, তুই কখনো এ কাজ করিস না বাবা! ভুটানকে তুই বুঝিয়ে বলিস, প্রজাপতিদের কষ্ট দেওয়া পাপ। শুধু প্রজাপতি নয়, পাখিদের ঢিল মারা, যেকোনো প্রাণীকে কষ্ট দেওয়াই পাপ। প্রাণীদের আঘাত করলে তারাও কষ্ট পায়। কাঁদে। আমরা মানুষেরা সে কান্না দেখতে পাই না, বুঝতে পারি না।’ মায়ের কথা ভুটানকে বলেছি। আজ ভুটান ভদ্র ছেলের মতো গাছতলায় বসে আছে। পাখিরা কিচিরমিচির করে গান করছে। ভুটান বলছে, ‘এত সুন্দর গান জীবনে শুনিনি!’পাহাড়ের নিচে সমতল জায়গা। কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে! আমি পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে নামলাম। ফুল ছিঁড়ে মালা গাঁথলাম। মালাটি মাকে দেব। মালা নিয়ে বাড়ির উঠানে আসতে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বাড়ির ভেতর নিয়ে গেলেন। বললেন, ‘তাড়াতাড়ি জামা-কাপড় পর, গোলমাল শুরু হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি আর্মির লড়াই চলছে।’মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা দূরের অন্য গ্রামে নিরাপদ আশ্রয়ের জন্য চলে যাচ্ছি। সূর্যের আলো গাছের পাতা ভেদ করে চোখে এসে লাগছে। মেঘগুলো সূর্যকে লুকিয়ে রাখছে! আমাদের মা-বাবাও তেমনি আমাদের লুকিয়ে রাখার চেষ্টা করছেন।আমরা যাচ্ছি জিপে করে। যাত্রীদের মনে আতঙ্ক। কেউ কথা বলছে না। কেউ কেউ শুধু ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলছে। চার রাস্তার মোড় দিয়ে জিপ ঘুরতে, অন্য রাস্তা থেকে পাকিস্তানি আর্মিরা হাত দেখাল। গাড়ি থামাতে বলছে। ড্রাইভার গাড়ি থামাবে কি, আরও স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে থাকে।হঠাৎ গুলির শব্দ, ‘ধুম ধুম...।’ কিছু বোঝার আগে, মা পেটে হাত দিয়ে বললেন, ‘আমার পেটে কী ঢুকেছে?’তিনি হাত দিয়ে দেখলেন, তাঁর হাত রক্তে লাল হয়ে আছে। মা বুঝতে পারলেন, তিনি গুলি খেয়েছেন। আমরা সবাই চিত্কার করে কান্না শুরু করে দিলাম। মা বললেন, ‘তোরা এমন করলে তো, পাকিস্তানি সৈন্যরা চলে আসবে।’তিনি পেট চেপে ধরে বললেন, ‘উফ্ ব্যথা! আর পারছি না...।’ আমরা আশপাশে হাসপাতাল দেখা যায় কি না লক্ষ রাখছি। ড্রাইভার বলল, ‘সামনে একটি হাসপাতাল আছে।’ জিপ ওই দিকে চলছে। কিছুদূর যাওয়ার পর দূর থেকে দেখা যাচ্ছে হাসপাতালের চারপাশে পাকিস্তানি সেনারা টহল দিচ্ছে। ওরা আমাদের দেখে ফেলে। ইশারায় গাড়ি থামাতে বলে।ড্রাইভার সামনে কিছুদূর গিয়ে, সামনে সরু একটি মাটির রাস্তা দিয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে দিল।পেছনে তাকাবার সময় নেই। শুধু দূর থেকে অন্য একটি জিপের আওয়াজ কানে আসছে। ড্রাইভার বলল, ‘খাইছে! আজকে সবাইকে মরতে হবে। পাকিস্তানি আর্মি আমাদের পিছু নিয়েছে!’বেশ কিছুদূর তুমুল গতিতে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ গাড়িটা সে একটা শুকনো জমিতে নামিয়ে দেয়। গাছপালা ঘেরা একটা জায়গায় গাড়ি থামাল সে। ড্রাইভার চিত্কার করে বলে, ‘যে যেদিকে পারেন পালান, পাকিস্তানি আর্মি আসছে। সবাইকে মেরে ফেলবে।’ আমরা ভাইবোন বাবা মিলে, মাকে জিপ থেকে নামালাম। মা হাঁটতে পারছেন না; রক্তে আমাদের কাপড়চোপড় লাল হয়ে গেছে।মা বললেন, ‘পানি...পানি...।’ আমরা চারদিকে দেখছি, কোথাও পুকুর পাওয়া যায় কি না।দূর থেকে পাকিস্তানি আর্মির গাড়ি দেখা যাচ্ছে! মা বাবাকে ডেকে বললেন, ‘পালাও...পালাও...।বাবা বললেন, ‘তোমাকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে।’‘না-না, আমাকে নিয়ে তোমরা দৌড়াতে পারবে না। শেষে আমার ছেলেমেয়ে সবাইকে ওরা মেরে ফেলবে। যাও তোমরা দৌড়ে পালাও...।’ তাড়াতাড়ি মা বললেন। অবশেষে নিরুপায় হয়ে, গাছের এক পাশে মাকে লুকিয়ে রেখে আমরা পালাতে থাকলাম। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ বুঝতে পারলাম রাত হয়ে গেছে! ছোট ভাইটি ‘মা কোথায়। মা, আমার ক্ষিদে লাগছে’ বলে কান্না শুরু করেছে।ভয়ে আমরা আর মাকে খুঁজতে যেতে পারিনি।অনেক বছর কেটে গেল, এখনো মাকে খুঁজছি। তবে আর বেশিদিন খুঁজতে হবে না। শুনেছি দূর আকাশে মা তারা হয়ে আছে। আমিও কিছুদিনের মধ্যে তারা হয়ে যাব—তখন তাঁর সঙ্গে আমার দেখা হবে, খুশিতে আমি আত্মহারা!আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কারণ ডাক্তার ফিসফিস করে ছোট ভাইকে বলেছে, ‘আর বড়জোর ক-মাস! ওঁর লিভার ক্যানসার হয়েছে।’পাশের কেবিন থেকে কথাটি আমি শুনে ফেলেছি। কতকাল পরে মার সঙ্গে দেখা হবে। আমি এখন সমুদ্রের তীরে বসে ঢেউ দেখছি।