সেবা যাঁর রক্তে
সময়টা ১৯৮৪ সালের ডিসেম্বর মাসের কোনো এক দুপুর। একটা দরকারি কাজে মাসুদ ইকবাল বাসে চেপে যাচ্ছিলেন বায়তুল মোকাররম মসজিদের দিকে। হঠাৎ কানে এল মাইকে বাজতে থাকা কিছু কথা, ‘রক্ত দিন, জীবন বাঁচান...।’ কথাগুলো শুনতে শুনতে বাস থেকে নেমে গেলেন মাসুদ ইকবাল। মাইকের কাছে গিয়ে জানতে চাইলেন, ব্যাপারটা কী? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা তাঁকে জানালেন, একজন সুস্থ মানুষ ইচ্ছা করলে রক্ত দিতে পারেন। এতে শরীরের কোনো ক্ষতি হয় না। এই রক্তে বাঁচবে অন্যের জীবন।কাজ শেষ করে আবার বাড়ি ফেরার সময় মাসুদ ইকবাল চিন্তা করতে থাকলেন, ‘আমার রক্ত দিয়ে যদি অন্যের জীবন বাঁচে, তো ক্ষতি কী?পরে রক্ত দেওয়ার বিষয়ে বিশদ কথা বললেন ওই স্বেচ্ছাসেবকদের সঙ্গে। সব শুনে এবার স্থির করে ফেললেন রক্ত দেওয়ার বিষয়টি। সেই থেকে রক্ত দেওয়া শুরু।’ বলছিলেন মাসুদ ইকবাল। ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে প্রতি চার মাস পর নিয়ম করে রক্ত দিয়ে আসছি। এ পর্যন্ত ৮৩ বার রক্ত দিয়েছি। সামনে অক্টোবরে আবার রক্ত দেব।’বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হিসাব অনুযায়ী, মাসুদ ইকবাল তাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ রক্তদাতা ব্যক্তি। মাসুদ ইকবাল ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেকে বড় হয়েছেন। তাঁর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। চট্টগ্রামের একটি মাছের খামারে চাকরি করেন তিনি। তার পরও সময় করে প্রতি চার মাস পর ঢাকায় এসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পুরোনো মোহাম্মদপুর থানার সামনের কার্যালয়ে রক্ত দিয়ে যান। অনেক সময়ই তিনি ঢাকায় এসেছেন কেবল রক্ত দেওয়ার জন্যই। এটি যেন তাঁর কাছে নেশার মতোই হয়ে গেছে!বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র মোহাম্মদপুর, ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক মেহেদী বলেন, মাসুদ ইকবাল এ পর্যন্ত ৮৩ বার রক্ত দেওয়ার কথা নিশ্চিত করেন। ‘অনেকেই নানা কথা বলে ভয় দেখায়, রক্ত দিলে শরীরের ক্ষতি হয়। আমি তাদের কথায় কান দিই না। এতবার রক্ত দেওয়ার পরও আমার শরীরের কোনো সমস্যা দেখা দেয়নি। এ কথাটি আমি সবাইকে বারবার বোঝাতে চেয়েছি, রক্ত দিলে শরীরের কোনো সমস্যা হয় না বরং শরীর সুস্থ থাকে। সবাইকে বলি, নিয়মিত রক্ত দিন, এই রক্তেই বাঁচতে পারে আপনার কোনো ভাই অথবা বোন।’বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে সর্বোচ্চ রক্তদাতা হিসেবে নাম লিখিয়েছেন মাসুদ। চার বছর ধরে এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা হিসেবে সর্বোচ্চ আসনটি ধরে রেখেছেন। এ কারণে চার বছর ধরে পেয়ে আসছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বোচ্চ রক্তদাতার সনদপত্র ও ক্রেস্ট। এ ছাড়া একবার সরকারি পর্যায়ে সর্বোচ্চ রক্তদাতার সনদপত্র পেয়েছেন তিনি। রক্ত দেওয়ার পাশাপাশি অন্যদেরও রক্ত দিতে উৎসাহী করার কাজ করছেন মাসুদ ইকবাল। তাঁর ইচ্ছা, যত দিন বেঁচে থাকবেন, এভাবেই রক্ত দিয়ে যাবেন নিয়মিত। নিজের রক্তে অন্য একটি জীবন বেঁচে থাকবে—এর চেয়ে আনন্দের আর কিছু খুঁজে পান না মাসুদ ইকবাল।