সেল নম্বর পাঁচ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দী হয়েছি বুঝতে বেশ কয়েক মাস লেগে গিয়েছিল। সহসা অবসান হয়েছিল সব স্বপ্নের। যেন জরোথ্রুস্টের মতোই দীর্ঘ নিদ্রা থেকে জেগে তিক্ত মনে বুঝতে পেরেছিলাম, সব সময়ই নিরপরাধীর পক্ষে যায় না বিচারের রায়। প্রায়ই উল্টো পক্ষ বেছে নিয়ে শিকার ও শহীদের সংখ্যা বাড়ায়। শেষ বিচারে এর অর্থ দাঁড়িয়েছিল, কেউ আমার অস্তিত্ব জানার আগেই হয়তো পচে মরতে হবে আমাকে। মনে হচ্ছিল, হয়তো ভুল বুঝতে পারলেও আমাকে মুক্তি দেবে না ওরা। নিজেকে সম্পূর্ণ বিস্মৃত মনে হচ্ছিল।কারা প্রকোষ্ঠে পাশে বসা সালাম বলেছিল, ‘আমাদের কাউকে মুক্তি দেওয়া হলেই সেটা রাজনৈতিক মনে করা হয়। তোমার বেলায়ও তা-ই।’‘কিন্তু আমি তো রাজনীতিক নই।’‘তুমি কী মনে করো তাতে কিছু আসে যায় না। ওদের ধারণাই আসল।’সালামের ভুল হওয়ার কারণ ছিল না। পরিস্থিতি ঠিকই বুঝতে পেরেছিল ও। প্রতিবাদ করলাম আমি, ‘এ কেমন দুনিয়া? ভুল আর অন্যায়ে ভরা।’বুঝলাম, আমার কথা সালামকে আলোড়িত করেছে। ঝলসে উঠল ওর পঞ্চাশ বছরের বলীরেখাময় চেহারা। আমার কাঁধে মৃদু চাপড় দিয়ে বলল, ‘চলো, উঠোনে একটু হাঁটি।’সে দাঁড়ানোর পর ভাবলাম: কী শীর্ণ মানুষ! পুরোনো পত্রিকায় পড়া গিয়াকোমেতির মূর্তির মতো লাগছিল। অথচ প্রাণশক্তি আর মনের জোরে ভরপুর। জমিনের ন্যুব্জদেহীদের ছায়া বিলোতে মহীরুহের মতো দাঁড়িয়ে আছে। রাতের বেলায় অন্যদের সঙ্গে মাথার ওপর আমাকে পাশ কাটিয়ে যাওয়া জাহাজগুলোর উদ্দেশে শার্ট দোলাচ্ছিলাম, ছোট্ট দ্বীপের পাঁচ নম্বর সেলে (ছয় গুনন একুশ মিটার) ক্রমেই মিইয়ে আসছিল আমার কণ্ঠস্বর। কিন্তু মাস্তুলের মাথায় সুখ বিসর্জন দিতে নারাজ এমন একজনের কষ্ট দেখার মতো ছিল না কেউ। সারা জীবন বিশ্বাস করে এসেছি, সত্যিকারের সুখ, এমনকি ক্ষণিকের হলেও এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করে; সুখ তা যত তুচ্ছই হোক, ন্যায়বিচারের সমতুল।‘শত্রুর সঙ্গে প্রবল লড়াই করার সময় ন্যায়বিচারের সন্ধান ইতিহাসের কাছে আত্মসমর্পণের মতো। এই যুদ্ধে জিতলেই আমাদের পক্ষে ন্যায়বিচার সম্ভব হবে।’‘আমি এ যুদ্ধের সৈনিক নই। কখনো ভাবিওনি। অনেক দিন ধরেই ভেবেছি, লোকে আলোচনা করার জন্যই যুদ্ধ আবিষ্কার করে। নিজেকে এই বলে অভ্যস্ত যে, সবাই ঠিক। এসব যুদ্ধ শুরু করার নিশ্চয়ই যুক্তিসংগত কারণ ছিল ওদের।’দুটো খুঁটির মাথায় লাগানো একটা ধূসর পুরোনো জাল উঠোনটাকে দুটো অসমান ভাগে ভাগ করেছে। দুই পাশের আবর্জনা ভরা মাঠে কয়েকজন কারাবন্দী জালের ওপর দিয়ে বল ছোড়াছুড়ি করছে। আমাদের সেল থেকেও শোনা যাচ্ছিল ওদের শোরগোল, হয়তো জেলখানার পাশের রাস্তা থেকেও শোনা যাচ্ছিল।এই অস্থায়ী কোর্টের কিনারে কয়েকজন লোক যার যার শখের কাজে ব্যস্ত। ব্যতিক্রমী চমৎকার একটা দিন। প্রবেশপথের ডান দিকের দেয়ালের পেছনে সূর্য অস্ত গেছে। গাছগাছালির সুবাস নিয়ে মৃদু হাওয়া বইছে। রেডিওর স্পিকারের ঠিক নিচেই বসেছিল মোস্তফা। বুনো চেহারা আর দুর্বোধ্য অভিব্যক্তির বুড়ো রঙিন পুঁতির হাতব্যাগ বানাচ্ছিল। ক্ষণে ক্ষণে খেলোয়াড়দের দিকে তাকিয়ে মন্তব্য করলেও পাত্তা পাচ্ছিল না। রেডিওর গানের তালে তালে সাদা দাড়ি এপাশ-ওপাশ নড়ছিল তার, যেন পাহাড়ের দিকে আগুয়ান নৌকা।আনাড়ি খেলোয়াড়ের দল উৎসাহে চেঁচাচ্ছিল। উঠোনের দূর প্রান্তে ল্যাট্রিনের সামনে কয়েকজন তাদের পালা আসার অপেক্ষা করছে। এদিকে চা-ওয়ালা উঠোনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্দীদের চা বিলোচ্ছে। ভেঙেচুরে নানা আকার নিচ্ছে নীল আকাশে সাদা মেঘের দল। মেঘের নিচে দেয়ালের পাশে প্রহরী আভাসে খেলোয়াড়দের উৎসাহ জোগাচ্ছিল। উঠোনের ঠিক মাঝখানে কাঠের খুঁটির পাশে কঠিন জমিনে বসে খেলোয়াড়দের বুনো জানোয়ারের মতো পরস্পরের দিকে লাফিয়ে উঠতে দেখছিলাম। সবিরতিতে বাসস্টেশনে বিরাট বাস থামার গোঙানি শুনতে পাচ্ছিলাম। এক চিরন্তন উৎসবে যোগ দেওয়ার অদ্ভুত ধারণা পেয়ে বসেছিল আমায়। সালামকে খেলোয়াড়দের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকতে দেখলাম, ভয়ংকর লাগছিল ওকে, চোখে যেন আগুন জ্বলছে। বুঝলাম, একটা কিছু গড়বড় হয়েছে। দেখা গেল আমার সন্দেহই ঠিক। সহসা সক্ষোভে চিৎকার করে উঠল সালাম, সবাই ওর দিকে তাকাল: ‘খেলা থামাও!’ছুটে গিয়ে এক খেলোয়াড়কে কোর্ট থেকে টেনে বের করে নিল সে। ‘কে তোমাকে খেলার অনুমতি দিয়েছে?’তেইশ বছর বয়সী ইউসুফ কাঁপতে কাঁপতে জানতে চাইল, ‘কী হয়েছে?’‘কাপুরুষদের কমরেডদের সঙ্গে খেলতে দিই না আমরা।’‘আমি কাপুরুষ নই!’‘চুপ, নইলে “জলা”য় পাঠাব!’কান্নায় ভেঙে পড়ে একটা সেলে অদৃশ্য হয়ে গেল ইউসুফ। বিষণ্ন মনে ওকে অনুসরণ করলাম। কীভাবে একজন শিকার অত্যাচারীতে পরিণত হতে পারে? শান্ত কিন্তু ক্রুদ্ধ তরুণ কামরার এক কোণে বসে ছিল। ওর পাশে বসে বললাম, ‘ঘটনার জন্য আমি দুঃখিত। সালাম এমন অন্যায় করেছে, যা ক্ষমা করতে পারব না।’আমার দিকে ফিরল সে। ‘এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এর সঙ্গে তোমার সম্পর্ক নেই।’‘সম্পর্ক আছে বৈকি।’‘তোমাকেও একঘরে করা হবে।’‘কিছু এসে যায় না।’‘বেশ। তাহলে আসল কথা জানতে চাও। আদালতে একটা কথা বলার কারণে আমাকে অপমান করতে চেয়েছে সালাম। আরও অনেকের মতো আমার বিরুদ্ধে কঠিন রায় হতে পারে। কিন্তু আমি ভয় পাই না, মৃত্যুকেও না। স্রেফ নিজের কাছে পরিষ্কার থাকতে চেয়েছি আমি। রাজনৈতিক অস্ত্র হিসেবে গুপ্তহত্যা সমর্থন করি কি না জানতে চেয়েছিলেন জজ সাহেব। নেতাদের চাপিয়ে দেওয়া এই বিষয়ে আমার কোনো মত নেই, আমি কিছুই জানি না—ফর্মুলা মোতাবেক জবাবের বদলে স্পষ্ট বলে দিয়েছি, আমি অপরাধের বিরুদ্ধে; যে যুক্তিতেই অপরাধকে জায়েজ করা হোক না কেন, নিন্দা করতে হবে। ভয় পাইনি, যা বিশ্বাস করেছি তা-ই বলতে চেয়েছি।’চা-ওয়ালা এসে আমার দিকে বিতৃষ্ণার চোখে তাকিয়ে বলল, ‘সালাম তোমাকে তলব করেছে। তোমার সঙ্গে কথা বলতে চায়।’ভাবলাম, যাব না। কিন্তু ইউসুফ বলল, ‘যাও।’‘ওর চেহারা দেখতে ইচ্ছা করছে না।’‘তোমার বিপদ হবে। যাও, আমার পক্ষে সাফাই গেয়ো না।’আমি উঠে দাঁড়ালে আমার দিকে ফিরে হাসল ও। ‘প্লিজ,’ বলল।সালাম বলল: ‘ঘটনার জন্য আমিও তোমার মতো দুঃখ পেয়েছি, কিন্তু এর দরকার ছিল। আমাদের অটল থাকতে হবে, নইলে শেষ হয়ে যাব। সাহসী অবস্থানের ওপর আমাদের শক্তি নির্ভর করছে। আমাদের পক্ষে কখনোই বেশি কঠোর হওয়া যাবে না।’কী বলতে পারতাম? অন্যরা বসেছিল সালামের কাছে। আমার দিকে ছিল ওদের চোখ। নিশ্চয়ই একটা কিছু ভাবছিল। আমিও কি শাস্তিযোগ্য অপরাধ করেছিলাম? আমার কাছে সেটা কী ছিল? আমি ছিলাম বিনা দোষে বন্দী। ওদের সঙ্গে থাকলেও ওদের কেউ নই। আমার মুক্তি যতক্ষণ অজানা দৈর্ঘ্যের রশির মাথায় আটকে আছে, ততক্ষণ ওদের সঙ্গে নাকি ভিন্ন কোথাও আছি, তাতে কিছু এসে যায় না।কিছুটা বেপরোয়াভাবেই বললাম, ‘নাক গলাতে চাই না, কিন্তু রাজনীতি সম্পর্কে সামান্য জ্ঞান নিয়ে আমি মনে করি প্রকাশ্যে অপমান কঠিন শাস্তি, তাকে আরও খারাপ অবস্থানে ঠেলে দিতে পারে।’পরিহাসের ঢঙে সালাম বলল, ‘কাপুরুষটাকে হারালে পরোয়া করি না আমরা। আমরা শুধু চাই, তুমি ওর কাছ থেকে দূরে থাকো, ওকে এড়িয়ে চলো। সবাই ওর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলবে। কেউ কথা বলবে না। আদালতে ওর অবস্থানের কারণে আমাদের অসন্তোষ যেন টের পায় সে। পরের দিন অবস্থান পাল্টালেই আমাদের ব্যবহার বদলাতে পারে।’‘অসম্ভব একটা জিনিস চাইছ তোমরা। সে কি আদালতকে বলবে: “দুঃখিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডের ব্যাপারে আগেরবার ভুল মন্তব্য করেছিলাম, আমি এর নিন্দা করি না, কারণ এ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।” এটা স্রেফ পাগলামি, কঠোরও।’শীতল কণ্ঠে সালাম বলল, ‘আমরা কঠোরভাবেই এগোব। তোমাকে কি ক্যাফে থেকে বিনা দোষে ধরে আনা হয়নি? এটা ব্যক্তিগত মতামতের বিষয় নয়। ওরা চায় আসলে উত্তর আর এর অর্থ। ওরা স্রেফ নিয়তির কারণে আদালতে হাজির হওয়া লোকদের অপমান করতে চায়। আমাদের আরও কঠোরভাবে ওদের নিষ্ঠুরতার জবাব দিতে হবে।’রাতটা চমৎকার হলেও ইউসুফের বেলায় নয়। ওকে ‘জলা’য় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে: একটা জরাজীর্ণ সেল, বন্দীরা ওটাকে জেলের ভেতর আরেকটা জেলে পরিণত করার আগে পরিত্যক্ত অবস্থায় ছিল। দিনে মাত্র তিনবার ওটার দরজা খোলা হয়, দরজার একটা ছোট ফোকরের ভেতর দিয়ে খাবার দেওয়া হয়। ওদের সঙ্গে কারও কথা বলার অনুমতি নেই। বন্দীরা যাদের সাধারণত বেঈমান ও ঝামেলা মনে করে, তাদের ল্যাট্রিন-লাগোয়া কামরাটায় পাঠায়। ওকে ওখানে পাঠানোর সময় প্রতিবাদ করেনি ইউসুফ। কাঁধে বিছানা ফেলে জিনিসপত্র নিয়ে সাগরের মতো প্রশান্ত চেহারায় চলে গেছে। আমার পাশ দিয়ে যাওয়ার সময় কামরার পাশেই দাঁড়িয়ে ছিলাম। দূর থেকে হেসে ওকে সাহস দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে ‘জলা’য় আগের বন্দীদের সঙ্গে যোগ দিল ও। এই সেলের কথা অজানা ছিল না কারও। কর্তৃপক্ষের কাছেও জীবনের বাস্তবতা ছিল ওটা, শৃঙ্খলা বজায় থাকলে বন্দীদের ব্যক্তিগত জীবনে নাক গলাতে চাইত না ওরা। বন্দীদের খেপিয়ে তুলবে এমন কিছু থেকে দূরে থাকত। ভিন্ন সমাজ গড়ে তুলেছিল ওরা। বাইরের জগতের অবসান ঘটেছে এখানে, স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় সেটা।সেদিন সন্ধ্যায় চা-ওয়ালা ইসলাম কাজ শেষে আমার কাছে এল। ‘তোমার ওপর খেপে আছে ওরা।’ইসলামের মন্তব্য বিচলিত করে তুলল আমাকে। জানতে চাইলাম, ‘কারা?’‘অন্যরা।’‘কিন্তু কেন? কী করেছি আমি?’‘তোমার সম্পর্কে কিছু জানে না ওরা। ওরা বলছে, তুমি পুলিশের লোক হতে পারো। ওদের ব্যাপারে নাক গলিয়ে যাচ্ছ।’‘বাজে কথা।’‘ইউসুফকে একঘরে করার পর ওকে অনুসরণ করেছ, সান্ত্বনা দিয়েছ।’‘কয়েক মুহূর্ত আগেও ওর সঙ্গে খেলছিল সবাই।’‘ফাঁদ ছিল সেটা। সবার সামনে ওকে অপমান করতে চেয়েছি আমরা।’ওকে গাল দিতে ইচ্ছে করলেও চুপ রইলাম। বেশ, আমি ওদের কেউ নই। হয়তো আমার মত প্রকাশের অধিকারও নেই। তার পরও আমার মনে হলো, এর পরিবর্তন হওয়া দরকার। একজন শিকার অন্য শিকারের ওপর নির্যাতন চালাচ্ছে—এটা দেখা কষ্টকর। এর পরিবর্তন দরকার। কিন্তু কীভাবে? ভাবলাম, হয়তো কষ্টই সর্বত্র মানুষের নিয়তির অংশ, কিন্তু এর জন্য স্বর্গ দায়ী নয়। এটা আমাদেরই কাণ্ড—ইতিহাসজুড়ে মানুষেরই অপরাধ।সারা রাত কম্বলে শুয়ে নীরবে কাঁদলাম, কম্বলগুলো সেলের উঁচু হয়ে থাকা মেঝের খোঁচা থেকে বাঁচাতে পারেনি আমাকে। কোনো কিছুরই পরোয়া করছিলাম না, এমনকি মুক্তিরও না। নিদারুণ কষ্টে মানবজাতির জন্য শোক করলাম। অসীম চেতনাহীনতায়, মানুষের হূদয়ের চেতনাহীনতায় হারিয়ে গেলাম।ফাদহিল আল আজাবিজন্ম: ইরাকের কিরকুকে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা বাগদাদ বিশ্ববিদ্যালয়ে, পরে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন সাংবাদিকতায়। বেশ কিছু বই ও ইরাকের বিখ্যাত কবিতা পত্রিকা শি-ইর-এর প্রকাশক ও সম্পাদক। ৪ নম্বর সংখ্যাটি প্রকাশের পর তা রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়। বাথ শাসনামালে তিন বছর কারারুদ্ধ করে রাখা হয় এই প্রতিবাদী লেখক-সাংবাদিককে। আরবি ভাষায় এ পর্যন্ত আটটি কবিতার বই প্রকাশিত হয়েছে। অব্যাহত নির্যাতনের মুখে ১৯৭৭ সালে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে জার্মানিতে থাকেন।