
বাতাসে লাশের গন্ধ, আহত ব্যক্তিদের আর্তচিৎকারে সে বাতাস আরও ভারী ও করুণ। যমে-মানুষে টানাটানির সেই দিন কী উৎকণ্ঠাই না গেছে! হ্যাঁ, বলা হচ্ছে সাভারের রানা প্লাজা ধসে শত শত পোশাক-শ্রমিক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার কথা। তিন বছর পার হয়েছে সেই দিনের।
ওই মর্মান্তিক ঘটনায় আহত নারী শ্রমিকদের নিয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা মীনা, আলোকচিত্রী আবির আবদুল্লাহ, কির্সটেন ফুগল ও ধামরাই মেটাল ক্রাফটস ‘২০১৫ সালে বেঁচে যাওয়াদের জন্য ভাস্কর্য’ শিরোনামে একটি শিল্পকর্মশালার আয়োজন করেছিল। এ বছর আন্তর্জাতিক নারী দিবসে নরওয়ে দূতাবাস তাদের এবং নারী শিল্পীদের সংগঠন ‘সাঁকো’কে নিয়ে কির্সটেন ফুগলের তত্ত্বাবধানে আয়োজন করে আরেকটি শিল্পকর্মশালার। সেখানে শিল্পীরা যে কাজগুলো করেছেন তার সমন্বয়ে এ প্রদর্শনী। প্রদর্শনী আয়োজনে আরও সহায়তা দিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস, আর্য চলচ্চিত্র, ফ্যাশন রেভল্যুশন এবং বেঙ্গল লাউঞ্জ।
ওই দুই কর্মশালায় মাটি দিয়ে মানুষের শরীর গড়েছেন রানা প্লাজার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া ছত্রিশ জন পোশাকশ্রমিক। সেগুলো থেকে ডাইস বানিয়ে মেটাল কাস্টিং করে তৈরি হয়েছে দারুণ দৃষ্টিনন্দন সব ভাস্কর্য। সেই ভাস্কর্য আর সাঁকোর নয় শিল্পী ও তিনজন অতিথি শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে ‘আশার ডানা’ শিরোনামে গুলশানের বেঙ্গল লাউঞ্জে হয়ে গেল একটি দলগত প্রদর্শনী।
গ্যালারিতে ঢুকেই অবাক হওয়ার পালা! একেবারে জাত শিল্পী ও ভাস্করের কাজের অনুরূপভাবে সাজানো সব ভাস্কর্য। গত শতাব্দীর নব্বইয়ের দশকে কৃতী ভাস্কর হামিদুজ্জামান খান একাত্তর স্মরণে যে একক ভাস্কর্য প্রদর্শনী করেছিলেন, তাতে মেটালে ছোট ছোট অনেক কাজের সমাহার দেখেছি। যেন তেমনই সংখ্যা ও বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে এ প্রদর্শনীতে। তবে মজার ব্যাপার হলো, আদিকালের মতো দলগত সৃজন ধারণা তাঁরা যেন আবার তুলে আনলেন নতুন করে। এখানে তাঁরা একক ভাস্কর্য গড়েননি, দলবদ্ধভাবে কাজ করেছেন দু-তিনজন মিলে। উপস্থাপিত শিল্পকর্মের ক্ষেত্রেও দেখা মিলল এই দলবদ্ধতার। কোনো ভাস্কর্যে দুজন আবার কোনোটাতে পাওয়া গেল তিনটি শরীর-গড়ন। এঁদের প্রায় সবাই-ই ব্যস্ত বিভিন্ন কাজে। কর্মজীবী মানুষের সৃষ্টি বলেই কি তাঁরা নিজেদের জীবনের কর্মিষ্ঠ হাতের কর্মকাণ্ড তুলে ধরেছেন? আবার কখনোবা কাজগুলোতে দেখা গেল কর্মিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও আহ্লাদের চিত্রও।
‘ছোট সুখী পরিবার’ শিরোনামে মা, বাবা ও সন্তানের হাতে হাত রাখা একটি ভাস্কর্য গড়েছেন রাজিয়া, শাহানাজ ও লুৎফা। শত সংকটেও পরিবার যে মানুষের সবচেয়ে নিকটতম, সবচেয়ে বড় আশ্রয়—এই সত্যকে তুলে ধরেছেন তাঁরা।
আরেকটি পরিবার গড়েছেন ঝরনা ও রুবানা। এখানে দেখা যায়, মা-বাবার মাঝখানে ছোট এক শিশু। হাসিনা ও অজুফা গড়েছেন ‘গালগল্প’। দিনমান কাজের ব্যস্ততার পর বন্ধুর সঙ্গে গালগল্প করার অভিব্যক্তি ফুটে উঠেছে এতে। ভালোবাসার গল্প তুলে ধরেছেন মালেকা ও সালমা। বন্ধুত্বের নিবিড় বন্ধন চমৎকার প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন জেসমিন ও আনোয়ারা। পপি ও পারভীন উপস্থাপন করেছেন শ্রমজীবীর শক্তিমানতা। রসিয়া ও সাহিদা তাঁদের ভাস্কর্যে তুলে ধরেছেন অসুস্থ মাকে সন্তানের সেবার চিরায়ত চিত্র। আরও ভাস্কর্য গড়েছেন আকলিমা, আল্পনা, আনোয়ারা, আশা, কল্পনা, নাসিমা, নাজমা, নাসরিন, জোহরা, রেহেনা, রেবেকা, রুনা, সালমা, শেফালি, শিপু, শিরিন, সুমা ও তাসলিমা। একই প্রশিক্ষকের কাছে তালিম নেওয়ায় প্রত্যেকের কাজের ধরন প্রায় এক রকম।
সাঁকোর শিল্পী সুলেখা চৌধুরী ঢোলবাদকের ভাস্কর্য গড়েছেন দারুণ অভিব্যক্তিতে। ছবিও এঁকেছেন তিনি। আরও এঁকেছেন কনকচাঁপা চাকমা, ফারেহা জেবা, নাইমা হক, ফারজানা ইসলাম, রেবেকা সুলতানা, কির্সটেন ফুগল, লুৎফুন নাহার ও ফারজানা রহমান।
২১ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ২৪ এপ্রিল।