
গোল্ডেন হ্যান্ডশেক টু গোল্ডেন ফাইবার
খালেদ রব
তরফদার প্রকাশনী
১৬০ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা
‘এই দেশের ভিত্তি হচ্ছে পাট ও ভাষা’—গোল্ডেন হ্যান্ডশেক টু গোল্ডেন ফাইবার গ্রন্থের এক জায়গায় লেখক খালেদ রব করেছেন মন্তব্যটি। বইটির ভূমিকায় হায়দার আকবর খান রনো এ বক্তব্য সমর্থন করে বলেছেন, ঐতিহাসিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে লেখকের বক্তব্য সঠিক। এটি লেখকের বিভিন্ন সময় লিখিত প্রবন্ধসমূহের সংকলন। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই লেখা হয়েছে প্রবন্ধগুলো। বইটির লেখক খালেদ রব কাজ করেছেন বিজেএমসিতে। চাকরির সুবাদে বাংলাদেশের পাটশিল্পকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন তিনি। আর তার ভিত্তিতেই লেখা হয়েছে বইটি। লেখার ছত্রে ছত্রে জড়িয়ে আছে তাঁর আবেগ, তবে কখনোই যুক্তিবর্জিত হননি তিনি।
বিভিন্ন প্রবন্ধে পাটশিল্প ধ্বংসের জন্য বাংলাদেশের বিভিন্ন সময়ের সরকার ও নীতিপ্রণেতাদের সমালোচনা করেছেন লেখক। তাঁর অভিযোগ, বিজেএমসিকে কখনোই বাণিজ্যিকভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। নীতিপ্রণেতাদেরই তা বাস্তবায়নের কাজ করতে হয়েছে। ফলে এই শিল্প সরকারি বা বেসরকারি মালিকানা—কোনো ক্ষেত্রেই ঠিকঠাক কাজ করতে পারেনি। একই সঙ্গে বিশ্বব্যাংকেরও সমালোচনা করেছেন তিনি। কারণ, বিশ্বব্যাংকের ক্রমবর্ধমান চাপের মুখে সরকার পাটশিল্পের বেসরকারিকরণ ও পাটকলগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আর সে সময় পশ্চিম বাংলায় নতুন করে গড়ে উঠেছে পাটকল।
লেখকের মতে, এ দেশের পাটশিল্প স্বাধীনতার আগে বা পরে খুব স্বল্প সময়ের জন্যই লাভজনক ছিল। এ শিল্পে প্রকাশ্যে বা গোপনে ভর্তুকি দেওয়া হয়েছে। পাকিস্তান আমলে ব্যক্তি খাতের পুঁজিপতিদের বোনাস ভাউচারের মাধ্যমে ভর্তুকি দেওয়া হতো। স্বাধীনতার পর সে ব্যবস্থা তুলে দেওয়া হলেও ১৯৭৯-৮০, ৮০-৮১, ৮২-৮৩ অর্থবছরে বাংলাদেশের পাটশিল্প লাভের মুখ দেখেছিল। ঠিক সে সময়ই এ শিল্প ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
তবে লেখক পাটশিল্পে ব্যক্তি–পুঁজি বিনিয়োগের বিরোধী নন। এ ক্ষেত্রে তাঁর অভিমত হলো, সারা দুনিয়ায় পাট ও পাটজাত পণ্যের যে চাহিদা তৈরি হয়েছে, তাতে সরকারি ও বেসরকারি উভয় খাতেই পাটশিল্প টিকে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের পাটশিল্পের বেসরকারিকরণের পরও কোনো লাভ হয়নি। বরং দিনের পর দিন ক্ষতি গুনতে গুনতে শেষ পর্যন্ত পুরো লাটেই উঠেছে এ শিল্প।
জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলা করতে গোটা দুনিয়াই এখন পরিবেশসম্মত পণ্যের দিকে ঝুঁকছে। সে কারণে পচনশীল আঁশ হিসেবে কদর বাড়ছে পাটেরও। লেখকের মতে, পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের কিছু সুবিধা আছে: পাট একটি কৃষিভিত্তিক ও নবায়নযোগ্য সম্পদ, পাটজাত পণ্য শতভাগ মূল্য সংযোজন করতে পারে। এর জন্য আমাদের কোনো কাঁচামাল আমদানি করতে হবে না, কেবল যন্ত্রপাতি ছাড়া।
সম্প্রতি পাটের জীবনরহস্য উন্মোচন করেছেন বাংলাদেশের একদল বিজ্ঞানী। পাটের একটি জাত ‘দেশি পাটের’ জীবনরহস্য বা জিন নকশা উন্মোচনকারী বিজ্ঞানীরা বলছেন, এর ফলে দেশি বা সাদা পাট দিয়ে বস্ত্রশিল্পের উপযোগী সুতা উৎপাদন করা সম্ভব হবে। ফলে এই শিল্প বিকাশের জন্য বৈজ্ঞানিক, আইনগত ও আবহাওয়াগতসহ সব সুবিধাই রয়েছে বাংলাদেশের হাতে। এখন প্রয়োজন হচ্ছে সরকারের সদিচ্ছা ও উদ্যোগ—বইয়ে লেখকের সারকথা এমনই।