সৈনিক এবং গণমানুষের কৃতিত্বগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তেভেজা একাত্তরমেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসাহিত্য প্রকাশসম্মুখসমরে অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তাদের মধ্যে যে কয়েকজনের বীরত্বগাথা যুদ্ধকালেই দেশে ও বিদেশে বহুল প্রচার পেয়েছিল, তাদের অন্যতম ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে মেজর হাফিজ যশোর সেনানিবাসে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মার্চ মাসের শেষের দিকে পাকিস্তানি বাহিনী দ্বারা আক্রান্ত হওয়ার পর তিনি ব্যাটালিয়নকে নিয়ে সেনানিবাস থেকে পালিয়ে নিরাপদ এলাকায় আসেন এবং স্বাধীনতাযুদ্ধে যোগ দেন। বাকি নয় মাস তিনি যুদ্ধের বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। কামালপুর যুদ্ধ, আটগ্রাম যুদ্ধ, সিলেট দখলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মেজর হাফিজ যুদ্ধকালে আহতও হয়েছিলেন। যুদ্ধ চলাকালেই বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে একাধিকবার খেতাব প্রদানের সুপারিশ করা হয় এবং যুদ্ধ শেষে তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। ১৯৯৭ সালে মেজর হাফিজ তাঁর যুদ্ধের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে রক্তেভেজা একাত্তর গ্রন্থটি রচনা করেন। মেজর হাফিজ যুদ্ধের শুরুতে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন পদবিতে কোম্পানি কমান্ডার ছিলেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত প্রথম ইস্ট বেঙ্গলের সঙ্গেই ছিলেন। এ কারণে গ্রন্থটিকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আংশিক ‘ওয়ার ডায়েরি’ও বলা চলে। স্বাধীনতাযুদ্ধকালে মেজর হাফিজ যেসব যুদ্ধ ও খণ্ডযুদ্ধে অংশ নিয়েছেন, গ্রন্থে তার বর্ণনা আছে। যুদ্ধের বর্ণনা আত্মস্থ করার জন্য যুদ্ধ এলাকাসমূহের বেশ কয়েকটি স্কেচ বা নকশা তিনি গ্রন্থে ব্যবহার করেছেন। যুদ্ধে মেজর হাফিজ তাঁর ভূমিকা বর্ণনা করার পাশাপাশি অন্যান্য সামরিক ও বেসামরিক অফিসার এবং জেসিওদের কর্মকাণ্ডও বর্ণনা করেছেন। ক্ষেত্রবিশেষে সাধারণ সৈনিক এবং গণমানুষের কৃতিত্বও উল্লেখ করেছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান বেনু, কিশোর তোতা মিয়া বা চা-শ্রমিক হরিও তাঁর গ্রন্থে নিয়মিত বাহিনীর সদস্যদের মতো সমান গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে গ্রন্থ থেকে নিচের উদ্ধৃতাংশটি তুলে ধরলাম, ‘তুরা ভারতীয় মিলিটারি হাসপাতালে আমাকে ভর্তি করা হলো। পাশের বেডে লে. মান্নান, তার ঊরু গুলিবিদ্ধ হয়েছে। উল্টোদিকের বেডে শুয়ে আছে তৃতীয় বেঙ্গলের সুবেদার বুলু মিয়া। সিংহ হূদয় মুক্তিযোদ্ধা মেজর শাফায়াত জামিলের নেতৃত্বে বাহাদুরাবাদে সফল অপারেশনকালে দুঃসাহসী বুলু মিয়া মারাত্মকভাবে আহত হন।হাসপাতালের বেডে চোখ মুদে শুয়ে আছি। পাশেই একটি কোমল কণ্ঠস্বর শুনতে পেলাম, “স্যার, আপনার কোথায় লেগেছে?” তাকিয়ে দেখি এক গ্লাস পানি হাতে দাঁড়িয়ে আছে ১৩-১৪ বছরের এক গৌরবর্ণ ছিপছিপে কিশোর। তার ডান হাতটি গোড়া থেকে পুরোটা কেটে ফেলে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। “তোমার হাতে কি হয়েছিল?” আমার ব্যাকুল প্রশ্ন।“ও কিছু না স্যার, শ্রীবর্দীতে রাস্তায় মাইন বসাতে গিয়েছিলাম, হাতটা উড়ে গেছে”, তাচ্ছিল্যভরে হেসে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কিশোরটি জানালো। জীবনের শুরুতে অঙ্গহানি কোনো ব্যাপারই নয়!তার নিষ্পাপ মুখচ্ছবি দেখে আমার দু’চোখে অশ্রুর বন্যা নেমে এলো। এ অশ্রু গর্বের, আমি তারই দেশের সন্তান।’তিনি গ্রন্থে যুদ্ধের সাফল্যসমূহ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন, আবার ব্যর্থতা বা ত্রুটিগুলোও ইতিহাসের উপাদান হিসেবে লিপিবদ্ধ করেছেন। যুদ্ধবর্ণনা ছাড়াও স্বাধীনতাযুদ্ধ-সংশ্লিষ্ট ঘটনা যা তিনি দেখেছেন, শুনেছেন বা বুঝেছেন তারও কিছু বর্ণনা গ্রন্থে বিধৃত হয়েছে। মুক্তিযুদ্ধের একটি অসাধারণ গ্রন্থ।