সৈয়দের ডায়েরি
ডায়েরি: ১৯৭৮-২০০৮, আবদুল মান্নান সৈয়দ \ প্রচ্ছদ: সেলিম আহেমদ \ ফেব্রুয়ারি ২০০৯ \ পাঠক সমাবেশ, ঢাকা \ ৩৪৫ পৃৃষ্ঠা \ ৭২৫ টাকাবইয়ের ভূমিকাতেই আবদুল মান্নান সৈয়দ বলে দিয়েছেন জীবনভর তাঁর ব্যস্ততার কথা। বলে দিয়েছেন, সেভাবে হিসাব করে ডায়েরি লিখতে পারেননি তিনি। কিন্তু ডায়েরি লেখার অভ্যাসটা একটু একটু করে গড়েও উঠছিল সে সময়। অনিয়মিত লেখা এই ডায়েরিগুলো তিনি ছাপার উদ্দেশ্যে লেখেননি। কিন্তু ৩০ বছরে ডায়েরির বুকে জমে ওঠা অসংখ্য ঘটনার বিবরণ ফেলে রাখার জিনিস নয়। এ স্মৃতিকথা দ্যুতি ছড়াবেই। ২০০৮ সালের রোজার মাসে ডায়েরিগুলো একত্র করে ছাপার মতো করে তুললেন। বিভিন্ন খাতায়, নোটবুকে, টুকরো কাগজে বিরামহীনভাবে তিনি লিখে গেছেন; যার অনেকগুলোই হারিয়ে গেছে। যা পাওয়া গেছে, তা দিয়েই তৈরি হয়েছে ডায়েরি: ১৯৭৮-২০০৮ বইটি। এখানে শুধু লেখা আছে, তা নয়, আছে আঁকাও। অশোক সৈয়দ নামে বহু কিছু এঁকেছেন তিনি। এ বইয়ের সেটিও একটি আকর্ষণীয় দিক।বইটিতে ধারাবাহিকভাবে ডায়েরির লেখাগুলো যেমন আছে, তেমনি মাঝেমধ্যেই হাতের লেখা বা ছবিও নিজের পছন্দ অনুযায়ী বসিয়েছেন লেখক। বলে দিয়েছেন, পরবর্তী সংস্করণগুলোতেও যেন এই ক্রম বজায় রাখা হয়। অর্থাৎ অনেক ভেবেচিন্তেই তিনি কাজটি করেছেন।বইটি হাতে নিয়ে পাতা ওল্টাতে থাকলে যে বিষয়টি দৃষ্টি এড়িয়ে যাবে না, তা হলো প্রতিদিন কী পরিমাণ লেখার প্রুফ দেখতেন তিনি। বিভিন্ন ফোন কিংবা কথোপকথনগুলোও বই লেখা অথবা প্রুফ দেখা-সংক্রান্ত।বইটিতে ১৯৭৮ সালের ডায়েরির পর আছে ৮২ সাল, এরপর ৮৫। ১৯৮৮ আর ১৯৯১-৯৪, ৯৭ সালের কোনো লেখা নেই। যে সালগুলোর লেখা আছে, সেগুলোরও নাম দিয়েছেন তিনি। যেমন, ১৯৭৮ সালেরটির নাম একটি অভিযান; ১৯৯৮ সালেরটি নজরুল, জীবনানন্দ, আরও সব কবি; ২০০০ সালেরটি শতাব্দীসন্ধির দিনগুলি; ২০০৫ সালেরটি কাল তোমার দেখা পাব; ২০০৮ সালেরটি কেন আসিলে ভালোবাসিলে।ডায়েরিগুলো আসলে দিনের ঘটনাগুলোর বয়ান। কোনো কোনোটি খুবই সংক্ষেপে, কোনো কোনোটি একটু বিশদে আলোচনা। যেমন, ১৯৮৫ সালের ১ জানুয়ারি লিখছেন মাত্র দুটি লাইন, ‘রাত্রিবেলা লিখতে লিখতে টেলিভিশন আধো দেখতে দেখতে ও শুনতে শুনতে মনে হচ্ছিল, সৃষ্টিশীলতায় ফেরা দরকার আবার। গল্প ও কবিতায়। ভেতরে একটি রণনও টের পাচ্ছি।’ আছে আরও সংক্ষিপ্ত নোট; যেমন, ৪ মে ১৯৯৩-এ লিখছেন, বিটিভি। ‘লায়লা-মজনুর লায়লা চরিত্র: চিরন্তন নারী’ (আলোচনা)। ২৪ আগস্ট ১৯৯৩, শাহবাগ রেডিও। সকাল নয়টা। ‘বাংলা সাহিত্যে নদী’ (৪ মিনিট)। আগারগাঁও রেডিও, দর্পণ: গ্রন্থালোচনা। বড় ভুক্তিগুলোয় বিশদ আলোচনার স্বাদ পাওয়া যায়, তাতে ধরা যায় তাঁর ভাবনার দিকটিকেও।কিছু রহস্যময়, রোমান্টিক ঘটনাও রয়েছে। ১৯৮৯ সালের দুটি ভুক্তি তো তুলে দেওয়াই যায়। ১৭ ডিসেম্বরে লিখছেন, ‘ডেরায়। কমলা ও আপেল খাওয়া। কমলার কোয়া গালে তুলে দেয়। চুমো আমাকে জড়িয়ে। বিকেল পর্যন্ত।’ একই বছর ২৬ ডিসেম্বরের অভিজ্ঞতাটা আরও দামি, ‘অসম্ভব বৃষ্টি। তীক্ষধার হাওয়া। ১৭-২৬ পর্যন্ত অদর্শনের অসম্ভব কষ্ট। কারেন্ট নেই। ব্যাংক বন্ধ। বিরূপ আবহাওয়া। সবদিকে। হঠাৎ আবির্ভাবে সব আলো হয়ে ওঠে। অফিসে কারেন্ট। ব্যাংকে কারেন্ট। রিকশায়-প্রবল বৃষ্টির মধ্যে হুড তুলে দিয়ে চুম্বন-অন্ধকার-দোকানঘরে চুম্বন।’ সব শেষে একথাটি বলতে হয় ভবিষ্যতে একজন গবেষকের জন্য ওই সময় ও সাহিত্যের নানা ঘাত-প্রতিঘাত বোঝার ক্ষেত্রে এ ডায়েরি হয়ে ওঠতে পারে একটি মূল্যবান তথ্যভাণ্ডারে