সোনার তরমুজ
>উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল দেশটি। ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উজবেকিস্তানসহ আরও ১০টি দেশ স্বাধীনভাবে যাত্রা শুরু করে। প্রকাশ করতে থাকে তাদের নিজস্ব ডাকটিকিট। দীর্ঘদিন রাশিয়ার প্রভাব থাকলেও উজবেকিস্তান পরম মমতায় লালন করেছে তাদের নিজস্ব সংস্কৃতি ও লোকসাহিত্য। ১৯৯৫ সালের ২৪ আগস্ট দেশটির ডাক বিভাগ তাদের তেমনই পাঁচটি লোকগল্প নিয়ে প্রকাশ করেছে এক সেট ডাকটিকিট। আজ ‘সোনার তরমুজ’ নামের তুমুল জনপ্রিয় উজবেক গল্পটি ছাপা হলো তোমাদের জন্য। ইংরেজি থেকে অনুবাদ করেছেন নিজাম বিশ্বাস

অনেক কাল আগের কথা। এক কৃষক তাঁর ছোট এক খণ্ড জমিতে চাষাবাদ করতেন। একদিন লাঙল টানা শেষে নদীর তীরে বসে তিনি বিশ্রাম নিচ্ছেন, এমন সময় তাঁর সামনে একটি সারস আকাশ থেকে মুখ থুবড়ে পড়ল। কৃষক দেখলেন, পাখিটির একটি ডানা ভেঙে গেছে।
‘আহা, হতভাগা পাখি!’ আহত সারসটিকে কৃষক বুকে টেনে নিলেন। তারপর নিয়ে এলেন তাঁর ঘরে। পাখিটির ভাঙা ডানা সারিয়ে তুলতে মরিয়া হয়ে উঠলেন। শেষ পর্যন্ত কৃষকের সেবাযত্নে সারসটি সুস্থ হয়ে আবার আকাশে উড়ে গেল।
দিন কয়েক পর, কৃষক জমিতে তুলার বীজ রোপণ করছিলেন, হঠাৎ সেই সারসটি মাটিতে তরমুজের তিনটি বীজ বুনে উড়ে গেল। তুলাগাছের সঙ্গে তরমুজের চারাও বড় হতে থাকল। কৃষক সব চারারই সমান পরিচর্যা করলেন। দেখতে দেখতে ফসল কাটার দিন ঘনিয়ে এল। জমি থেকে কৃষক তিনটি মস্ত বড় তরমুজ ঘরে নিয়ে এলেন। আত্মীয়স্বজনদের তাঁর বাড়িতে নিমন্ত্রণও করলেন তরমুজ খাওয়ার জন্য।
নিমন্ত্রণে সাড়া দিয়ে স্বজনেরা এলেন। কৃষক অতিথিদের সামনে তরমুজ কাটতে গিয়ে দেখলেন, তরমুজটি এতই শক্ত যে ছুরির ফলা বেঁকে যাচ্ছে! এবার দ্বিগুণ শক্তি দিয়ে তরমুজ কাটতে গেলেন, আবারও ব্যর্থ হলেন। তিনটি তরমুজের একটিও কাটা গেল না। অবশেষে অতিথিরা একটি তরমুজ প্রচণ্ড শক্তিতে মেঝেতে আছড়ে ফেললেন এবং তরমুজটি দুই টুকরো হয়ে গেল।
‘আরে, দেখো, দেখো! কী অদ্ভুত ঘটনা!’ তরমুজের ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসতে লাগল অসংখ্য স্বর্ণমুদ্রা। তারপর দ্বিতীয় ও তৃতীয় তরমুজটি ভাঙার পর ঘর ভরে গেল চকচকে মুদ্রায়! দরিদ্র কৃষক আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মুদ্রাগুলো সবাইকে ভাগ করে দিলেন সমান ভাগে। আর জমি থেকে অবশিষ্ট তরমুজগুলোও তুলে আনলেন ধীরে ধীরে। অল্প সময়ের মধ্যেই কৃষক হয়ে উঠলেন বিশাল ধনী।
একদিন কৃষকের এক লোভী-হিংসুটে প্রতিবেশী তাঁর কাছে জানতে চাইলেন, ‘হুট করে কীভাবে তুমি এত ধনী হয়ে গেলে?’ সরল মনে কৃষক সেই আহত সারস, অতঃপর তাকে সারিয়ে তোলাসহ সব ঘটনাই খুলে বললেন। কৃষকের এই প্রতিবেশীর ধনসম্পদের মোটেও অভাব ছিল না, তবু তিনি ভাবলেন, ‘আহা! এভাবে আমিও তো সারসের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিতে পারি।’ তাই লোভী লোকটি নদীর তীরে গেলেন এবং একটি সারসের দেখা পেলেন। দেখা পাওয়ামাত্রই শক্ত এক লাঠি দিয়ে সারসটির পা দিলেন ভেঙে! হাত দিয়ে মুচড়ে দিলেন পাখিটির ডানা। সারসটি তাই আগের মতো আর উড়তে পারল না। লোভী লোকটি সারসটিকে বাড়িতে নিয়ে এলেন, তার সেবাযত্ন করলেন। একদিন সারসটি সুস্থ হয়ে আবার উড়ে গেল। তারপর জমিতে লাঙল টেনে লোভী লোকটি প্রতিদিন সেই নদীর তীরে অপেক্ষা করতে থাকলেন। এরই মধ্যে একদিন সেই সারসটি দুটি বীজ জমিতে বুনে তাঁর মাথার ওপর দিয়ে উড়ে গেল।
বীজ দুটি থেকে তরমুজের চারা জন্মাল। দেখতে দেখতে তরমুজগাছ বড় হয়ে উঠল, দ্রুত ফল ধরল। লোভী লোকটি এবার সোনার তরমুজ কাটা উপলক্ষে তাঁর বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানালেন। কিন্তু তরমুজ ভাঙার পর ভেতর থেকে স্বর্ণমুদ্রার পরিবর্তে বেরিয়ে এল অসংখ্য ভিমরুল। অতিথিরা ভিমরুলের কামড় খেয়ে পালিয়ে গেলেন।
ভিমরুলের বিষাক্ত হুল থেকে বাঁচতে লোভী লোকটি লাফিয়ে বাইরে আসতে চাইলেন। কিন্তু তিনি আর রেহাই পেলেন না। ভিমরুলের কামড়ে হিংসুটে লোকটির মরণদশা! তাঁর চোখমুখ, মাথা ভিমরুলের কামড়ে ফুলে তরমুজের মতোই হয়ে গেল। প্রচণ্ড ব্যথায় লোকটি ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। অনেক কষ্টে তিনি নদীর তীরে গেলেন। তারপর ঝাঁপ দিলেন জলে। নদীর তীব্র স্রোতে লোভী-হিংসুটে ধনী লোকটি ভেসে গেলেন, তাঁকে আর কোনো দিনই দেখা গেল না।