সোনার ফ্রেমে বাঁধা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামহীন গোত্রহীনহাসান আজিজুলহকপ্রকাশক: সাহিত্য প্রকাশসাহিত্য অহংকারী। সে বলে: আমি মৃত্যুর চেয়ে শক্তিমান। আমি মৃত্যুর কথা বলতে পারি কবিতায়, গল্পে, উপন্যাসে, নাটকে...কারণ আমি মৃত্যুকে অতিক্রম করেছি।সাহিত্য মৃত্যুকে অতিক্রম করে স্মৃতির শক্তিতে। সাহিত্য বিস্মৃতিকে পরাস্ত করে। সাহিত্য বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সফল সংগ্রাম।সর্বজনের স্বীকৃতি: বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ। প্রধানত এই গৌরবগাথা রচনার লক্ষ্যেই লেখা হয়েছে অনেক গল্প, কবিতা, উপন্যাস, নাটক। কিন্তু যে কথাশিল্পীর চোখ মানব অস্তিত্বের সমগ্রতার দিকে, তিনি কেবলই বীরত্বের গৌরবগাথা রচনায় তৃপ্ত হন না। বীরত্বের পাশাপাশি অসহায়ত্বের ছবিও তাঁকে আঁকতে হয়, কেননা তাও আরেক বাস্তব। মুক্তিযুদ্ধের গল্প মানেই বাঙালির বীরগাথা শুধু নয়; হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ নামহীন গোত্রহীন সে-কথাই বলে। ষাটের দশকের শৈলীকুশল গল্পকার হাসান আজিজুল হকের এই বই স্বাধীনতার পরে লেখা ও প্রকাশিত তাঁর প্রথম গল্পগ্রন্থ (১৯৭৪), যেখানে তিনি আবির্ভূত হয়েছেন নতুন এক রূপ নিয়ে। সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন—ষাটের দশকে প্রকাশিত এই গল্পগ্রন্থগুলোতে ভাষা-শৈলী-প্রকরণ নিয়ে তাঁর যে পরীক্ষা-নিরীক্ষার স্বাক্ষর পাওয়া যায়, নামহীন গোত্রহীন গ্রন্থে এসে তা উধাও হয়ে যায়। প্রতীক ঝরে যায়, বিমূর্ত থেকে বেরিয়ে আসে মূর্ত বাস্তব; ভাষা হয়ে ওঠে লক্ষ্যভেদী, নিরাভরণ, স্ফটিকের মতো স্বচ্ছ।কারণ হতে পারে এই যে যুদ্ধের ঠিক পরপরই যখন তিনি এই গল্পগুলো লেখেন (১৯৭২ সালের জানুয়ারি থেকে) মুক্তিযুদ্ধ তখনো তরতাজা বাস্তব এক অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতার বিবরণ রচনা করতে গিয়ে লেখককে প্রায় কিছুই কল্পনা করতে হয়নি। যা দেখেছেন, যা অনুভব করেছেন, সেসব দৃশ্য ও অনুভবের ছবি আঁকার তীব্র তাড়না টের পাওয়া যায় গল্পগুলোর পরতে পরতে। কথাশিল্পী কথার পর কথা সাজিয়ে যে ছবি রচনা করছেন, তাতে যেন এই আকুতি: সময়ের এই খণ্ডটুকু এখানে ধরা থাক; হুবহু তেমনি, যেমন ছিল এই সময়ের চেহারা। একে বলা হয় সময়ের দলিল রচনা। মুক্তিযুদ্ধের নয় মাসের বিভিন্ন সময়ের ঘটনার অনুপুঙ্খ ছবি এঁকেছেন হাসান আজিজুল হক। সেই ছবিতে শুধু যুদ্ধ আর হত্যাযজ্ঞই নেই; রোদ আছে, বৃষ্টি আছে, শীতরাত্রি আছে, ফুল আছে, গাছপালা, নদীনালা, খালবিল, আলো ও বাতাস আছে, বাতাসে আছে নানা ঋতুর গন্ধ, বিচিত্র শব্দ ও ধ্বনি। এপ্রিলের বিকেলে জনাকীর্ণ হাটের মধ্যে পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞ, বর্ষার বিল পেরিয়ে মুক্তিযোদ্ধাদের শত্রুর মুখোমুখি হওয়া, গরমের রাতে ভুতুড়ে আঁধারময় সন্ত্রস্ত এক শহরে হানাদার বাহিনীর উপস্থিতি ও বর্বরতার অভিঘাত; শীতের ভোরে মিত্রবাহিনীর যুদ্ধবিমানের আসা-যাওয়া, যুদ্ধশেষে গ্রামের যুবকের ফিরে আসা অন্নহীন ভাঙা গৃহে.., এবং প্রত্যেকটি গল্পেই বাইরের বিরাট বিরাট ঘটনার পাশাপাশি ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় মোকাবিলা। যুদ্ধের সমান্তরালে বহমান চিরন্তন মানবজীবন।মুক্তিযুদ্ধের সময়ের সমগ্র এক আবহের ছবি এঁকে বাংলাভাষী মানুষের সামনে হাজির করে লেখক কেবল ইতিহাসের দায় সারেননি, শিল্পের দাবিও মিটিয়েছেন। সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক সব গুরুত্বের কথা পাশে সরিয়ে রাখলেও গল্পগুলো নিজের গুণেই এক-একটি উত্তম মানের শিল্পকর্ম। নামহীন গোত্রহীন গল্পগ্রন্থের সাতটি গল্প যেন আমাদের মুক্তিযুদ্ধের সাতটি অমূল্য ছবি, সোনার ফ্রেমে বাঁধা।