সোনালি সারসের শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ আমাদের কান্না। এ আমাদের প্রার্থনা।’ খুব ছোট্ট করে কথা দুটি লেখা মূর্তির পায়ের কাছে।নয় মিটার উঁচুতে বালিকার ব্রোঞ্জমূর্তি। হূদয়ের সমস্ত আকুতি আর আরতি নিয়ে দুই হাতে ধরে আছে এক উড়ন্ত সোনালি সারস। তার সামনে দাঁড়ালে মাথা নিচু করে ফেলতে হয়। কেননা, বালিকার এই আকুতির সঙ্গে মিশে আছে মানবজাতির এমন এক কলঙ্কময় ইতিহাস, যা অমোচনীয়। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কের বিশাল আয়তন ঘুরে ঘুরে এই চিলড্রেন পিস মনুমেন্ট বা শিশুদের শান্তিসৌধের কাছে এসে দাঁড়ালে তাই সবাই নিস্তব্ধ হয়ে পড়ে। এর পেছনের গল্পটা নয় বছরের এক বালিকার। নাম সাদাকো সাসাকি। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার শিকার সাদাকো আরও কিছুদিন বেঁচে ছিল। তেজস্ক্রিয়তার কারণে দুরারোগ্য লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়েছিল সে। মৃত্যুর আগ পর্যন্ত সে জাপানি অরিগ্যামি পদ্ধতিতে কাগজের রংবেরঙের সারস তৈরি করে বিলিয়ে বেড়াত হাসপাতালে, যুদ্ধের শিকার মানুষের কাছে। ও বিশ্বাস করত, এক হাজার সারস বিলি করতে পারলে সেরে উঠবে সে। মেয়েটির কাছে সেই কাগজের সারসই ছিল বেঁচে থাকার আকুলতার প্রতীক, শান্তির সপক্ষে তখন পর্যন্ত একমাত্র প্রতিবাদ।সাদাকোর মৃত্যুর পর তার স্কুলের বন্ধুরা প্রথম এগিয়ে আসে। যুদ্ধবিধ্বস্ত জাপানের তিন হাজার ২০০ স্কুলের লাখ লাখ শিশুর দেওয়া অর্থে গড়ে ওঠে এই মনুমেন্ট—ধ্বংস হয়ে যাওয়া হিরোশিমা নগরের হাইপো সেন্টার। যেখানে আণবিক বোমা ফেলা হয়েছিল তার খুব কাছে। ১৯৫৮ সালে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হয় চিলড্রেন পিস মনুমেন্ট। এই সৌধের নিচে সাদাকোর স্মৃতির উদ্দেশে পাথরে খচিত আছে পৃথিবীর সব শিশুর এই আরতি—দিস ইজ আওয়ার ক্রাই, দিস ইজ আওয়ার প্রেয়ার। দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার শিশু কাগজে বানানো হাজার হাজার সোনালি সারস নিয়ে আসে এই সৌধ দেখতে। এর নিচে এসে তারা ভেঙে পড়ে কান্নায়, আর প্রার্থনায়—পৃথিবীতে শান্তি দাও প্রভু! শান্তি দাও! এই সৌধের সামনে দাঁড়িয়ে ভাবি, হায়, জাদুর সারস পাখি আজও নীরব! আজও তৈরি হচ্ছে নতুন নতুন বোমা, নিহত হচ্ছে সাদাকোর মতো শিশু, অগণিত।২০১০ সালের হিরোশিমায় এখন বসন্তকাল। জাপানে বসন্তের আরেক নাম ফুল আর রং। জাপানিদের সবচেয়ে প্রিয় চেরি উৎসব সাকুরা। সাকুরার মরশুমে জাপান মানেই রংবেরঙের কত না ফুল—চেরি, গোলাপ, জিনিয়া, হাজার রকমের অর্কিড। নাগোয়ায় ভাইয়ের ফ্ল্যাটের ঠিক নিচেই দেখেছি একই গাছে তিন রঙের জবা ফুটে আছে। আর কী তীব্র, কী আকর্ষণীয় তার সুবাস! কী অসামান্য তার সাজসজ্জার কৌশল! আমার বিস্মিত দৃষ্টি দেখে নাহিদ বলেছে, এসবই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান। শুনেছি, তিন সংখ্যাকে কেন্দ্র ধরে জাপানিদের এই বিখ্যাত পুষ্পবিন্যাসের গভীর অর্থ রয়েছে। এর একটি দ্যোতনা করে স্বর্গের, একটি মানুষের আর একটি ধরিত্রীর। তেরো শ বছর আগে রাজকুমার শোতোকুর আমলে উপাসনা-মন্দিরে পুষ্প নিবেদনের সময় শুরু হয় এই স্বর্গ-মানব-পৃথিবীর ত্রিনীতির অনুসরণ। সেই থেকে পুষ্পবিন্যাস ও উদ্যানবিদ্যা জাপানে এক বিশেষ আয়ত্ত করার বিষয়। চারদিকে এই চমৎকারভাবে বিন্যস্ত পুষ্পরাজি থেকে তীব্র আকর্ষণীয় সুবাস নিয়ে চৈত্রের বিকেলে শান্ত দিঘি থেকে হালকা ঝিরঝিরে একটা ঠান্ডা হাওয়া বইছে শান্তি পার্কে। হিরোশিমা নগরের প্রাণকেন্দ্র এই শান্তি পার্ক। সভা, সেমিনার কি আর্ন্তজাতিক কনফারেন্স, যেকোনো উৎসব, মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রেমিক-প্রেমিকার ডেটিং কি বুড়োবুড়িদের স্রেফ হাঁটাহাঁটি—সবকিছুরই প্রাণকেন্দ্র এই পার্ক।অসম্ভব গতি আর রুদ্ধশ্বাস যান্ত্রিকতা জাপানের অন্য শহরগুলোতে প্রাণপণ ছুটিয়ে মারে। হিরোশিমা এক আশ্চর্য ব্যতিক্রম। এখানে এলেই এই শান্তি পার্কের কোমল ছায়ায়, যেখানে দিনরাত জ্বলছে শান্তির শিখা। যে শিখার আগুন এসেছে পবিত্র দ্বীপ মিয়াজিমা থেকে। তার সামনে একটু বসতে ইচ্ছে করে, চুপচাপ, নিঃশব্দে, একা। পাশেই ছবি এঁকে চলেছে একমনে কতগুলো স্কুলের শিশু, ঘাসের ওপর কারা যেন যোগব্যায়াম করছে। ঘাসে বসা শ্মশ্রুমণ্ডিত এক শ্বেতাঙ্গ তরুণের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। শিশুদের সঙ্গে আসা দুজন স্কুলশিক্ষিকা প্রার্থনা করতে করতে চোখ মুছছেন। এমনই ঘুরতে আসা দুই অশীতিপর বৃদ্ধা কাঁদছেন হাউমাউ করে। ওপাশে হাত জোড় করে দাঁড়িয়ে শান্তির দেবী; বিখ্যাত ব্ল্যাক রেইন থেকে সন্তানকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে এক নারীমূর্তি। এইখানে, আর কিছু না। মনে হয় নীরবে রই, আর জীবনানন্দের কথা ভাবি—সব শেষ হবে;—তবু আলোড়ন,—তা কি শেষ হবে!যেখানটাতে বসে আছি, সেখান থেকে এবং পার্কের যেকোনো দিক থেকেই চোখে পড়ে বম্ব ডোম, ধ্বংসপূর্ব হিরোশিমার একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে দালানটির কঙ্কাল আজও দাঁড়িয়ে আছে। বোমা হামলার আগে এই দালানটি ছিল নগরবাসীর এক প্রিয় দর্শনীয় স্থাপত্য। ১৯১৫ সালে জেন লেটজেল নামের এক চেক স্থপতির নকশায় নির্মিত হয়েছিল সবুজ গম্বুজওয়ালা চমৎকার ভবনটি, হিরোশিমার বাণিজ্যিক এক্সিবিশন হল। এই ভবনটির ঠিক ৬০০ মিটার ওপরে এবং ১৬০ মিটার দক্ষিণ-পূর্ব কোণে আকাশে বিস্ফোরিত হয়েছিল বিশ্বে এযাবৎকালে মানুষের বিরুদ্ধে ব্যবহূত একমাত্র পারমাণবিক বোমা। তার তীব্র তাপ ও দহনে ভবনের ভেতরকার সব মানুষ নিমেষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেও আশ্চর্যজনকভাবে ভবনটির কাঠামো প্রায় অবিকৃত থেকে যায়। ১৯৯৬ সালে ইউনেসকো এই ভবনটিকে ঘিরে গড়ে ওঠা পিস মেমোরিয়াল পার্ককে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ঘোষণা করে। অবাক লাগে শুনলে, এই ঘোষণার বিরোধিতা করে ভেটো দিয়েছিল তখন চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র।একদিকে সাগর, অন্যদিকে পাহাড়। মাঝখানে ওতা নদী দুই ফালি করে দিয়েছে যে উপত্যকাকে, তারই নাম হিরোশিমা। সে তো ইনল্যান্ড সাগরের মুখে ওতা নদীর অববাহিকায় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে গড়ে উঠেছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উর্বর এই নগর। বিখ্যাত সেকিগাহারার যুদ্ধে নগরের পত্তনকারী মোরি তোরুমোতোর দুর্গের পতন ঘটে। তার প্রায় আড়াই শ বছর ধরে হিরোশিমা শাসন করেন যোদ্ধা সামুরাইরা। মেইজি যুগে সমগ্র জাপানের মতোই হিরোশিমার অভাবনীয় উন্নয়ন ঘটে এবং এই দৃষ্টিনন্দন নগর হয়ে ওঠে প্রাচ্যের এক একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর ও বাণিজ্যিক বন্দর। এরই মধ্যে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের সময় হিরোশিমার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। কারণ এই শহর ছিল সেনাবাহিনীর অন্যতম যোগাযোগ ও সরবরাহ কেন্দ্র। কোরিয়া ও চীন থেকে হাজার হাজার শ্রমিককে আনা হয়েছিল অস্ত্র কারখানায় কাজ করার জন্য। এমনকি স্কুলের শিশু-কিশোরেরাও যুদ্ধের সময় কাজ করত এসব কারখানায়। যুদ্ধের প্রথম কয়েক বছর হিরোশিমায় তেমন কোনো মার্কিন আক্রমণই হয়নি। সেদিক দিয়ে নগরবাসী নিজেদের ভাগ্যবান ভেবেছিল। কিন্তু হতভাগারা জানত না যে আরও ভয়ংকর কোনো এক পরিণামের সম্মুখীন হতে হবে বলে পরিকল্পনামাফিকই হিরোশিমাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে বারবার। নতুন এই অস্ত্র ব্যবহারের পর কী হয়, তা-ই দেখার বাসনা বিজ্ঞানীদের মনে।১৯৪৫ সালের ৬ আগস্ট আর সব দিনের মতোই ভোর হয়েছে হিরোশিমায়। শিশুরা যাচ্ছে স্কুলে, পথেঘাটে চলছে ব্যস্ত নাগরিকেরা, শ্রমিকেরা কাজ করছেন কারখানায়, মেয়েরা মন দিয়েছে ঘরের কাজে। সকাল আটটা ১৫ মিনিটে হিরোশিমার আকাশে উড়ে এল আমেরিকান বি টুয়েন্টি নাইন বোমারু বিমান ইনোলা গে। যে পয়েন্টটি আজ হাইপো সেন্টার নামে পরিচিত, তার ঠিক ৬০০ মিটার ওপরে বিস্ফোরিত হলো পারমাণবিক বোমা ‘লিটল বয়’ বা ‘ছোট্ট ছেলে’। মানবতা চিরকালের জন্য প্রশ্নবিদ্ধ হলো সেদিন। প্রায় সব শহর ধূলিসাৎ হয়ে গেল মুহূর্তের মধ্যে। তাপমাত্রা উঠেছিল ৫০ হাজার ডিগ্রি সেলসিয়াস। এক নিমেষের মধ্যে মারা যায় ৭০ হাজার মানুষ। পরে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যায়। আর যারা বেঁচে থাকে, তারা শিকার হয় ভয়াবহ তেজস্ক্রিয়তার। হয়ে পড়ে বিকলাঙ্গ ও প্রতিবন্ধী। আক্রান্ত হয় ক্যানসারসহ নানা ভয়াবহ রোগে। মায়েরা বহু বছর ধরে জন্ম দিতে থাকে প্রতিবন্ধী শিশু। এই বেঁচে যাওয়া হতভাগ্য ব্যক্তিদের আরেক নাম হিবাকুশা। কেবল শারীরিকভাবেই নয়, ভয়ংকর মানসিক ও আর্থসামাজিক বিপর্যয়ও নেমে এসেছিল তাদের ওপর। সেদিনই বিকেলে তেজস্ক্রিয় পদার্থের বিষাক্ত কালো বৃষ্টি নামল শহরে, ব্ল্যাক রেইন নামে যা পরিচিত। জাপানি লেখক মাসুজি ইবুসির মাস্টারপিস ব্ল্যাক রেইন, এ উপন্যাসের বিষয়বস্তু আদতে এই বোমা হামলা-পরবর্তী হিবাকুশাদের মানবেতর জীবনযাপন ও জীবনসংগ্রামের কাহিনি, যারা বেঁচে গিয়েছিল, কিন্তু মৃতদের চেয়েও বেশি দহনের শিকার হয়েছিল দিনে দিনে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, এই হিবাকুশারাই জাপানে যুদ্ধ-পরবর্তী ইতিবাচকতার মূল প্রেরণা; আর এই হিবাকুশারাই আরম্ভ করেন আণবিক শক্তি ও অস্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আন্দোলন।একা একা পিস মেমোরিয়াল মিউজিয়ামে ঢোকার আর সাহস হলো না। মনোবল ভেঙে পড়েছে অনেকটাই, স্নায়ু দুর্বল হয়ে গেছে। পিস মিউজিয়ামে প্রবেশদ্বারের ঠিক আগে বাঁ দিকে বিশ্বখ্যাত পিস মেমোরিয়াল হল ও ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, যেখানে অনুষ্ঠিত হয় সমগ্র জাপানের, বিশেষ বিশেষ সব অনুষ্ঠান। এখানে জেএসপিএন ফেলোশিপ পুরস্কার নিতে আসা ছোটনের অপেক্ষায় দাঁড়াতে না-দাঁড়াতেই সে বেরিয়ে এল। ‘অনুষ্ঠান শেষ। নির্ধারিত সময়ের এক মিনিটও এদিক-ওদিক হয়নি। এবার চলো ঘোরা যাক।’ হোটেল থেকে সে চেক আউট করেছে সকালেই, চেক আউটের সময় বাচ্চাদের জন্য সুন্দরী রিসেপশনিস্ট উপহার দিয়েছে সেই অরিগ্যামি কাগজের সোনালি সারস। হিরোশিমা শহরের এটাই হলো সবচেয়ে বড় প্রতীক। আমাদের নাগোয়ায় ফিরতে হবে আজই, বাচ্চাদের ওখানে রেখে এসেছি ভাইয়ের বাসায়। দেরি না করে, পিস মিউজিয়ামের লকারে ব্যাগ সুটকেস রেখে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি।প্রথমেই একটি অডিও ভিজুয়াল প্রদর্শনীতে দেখানো হয় কী ঘটেছিল ১৯৪৫ সালের ৬ আগস্ট। কেমন ছিল তার ধ্বংসলীলা। কয়েক মিনিটের এই তথ্যচিত্র শুরুতেই ভারাক্রান্ত করে তোলে সবাইকে। এর পরই একটা বড় ঘরজুড়ে রয়েছে বোমা হামলার আগের চমৎকার দৃষ্টিনন্দন হিরোশিমা নগরের বিরাট এক মডেল। কেমন ছিল এই শহরটা, আর শহরবাসীর জীবন, আর তার পাশেই দেখা যাবে বোমা হামলার পরের ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত শহরের রেপ্লিকা। এটি পেরিয়ে মূল জাদুঘরে প্রবেশ করতে হয় এক গা ছমছম লালচে আলোয় আবছা আলোকিত ভেঙেচুরে যাওয়া পথ দিয়ে। এ করিডরটি মানবতার ধ্বংস আর অপমানের প্রতিনিধিত্ব করে। করিডরটা পেরোলে হলঘর। তাতে একের পর এক ধ্বংসলীলার স্মৃতিচিহ্নের সম্মুখীন হতে হতে এক আশ্চর্য হিমশীতল নীরবতা নেমে আসে চারদিকে। স্কুলগামী শিশুদের রক্তমাখা পুড়ে যাওয়া পোশাক, টিফিন বাক্সের ভেতর পুড়ে কয়লা হয়ে যাওয়া টিফিন আজও রেখে দেওয়া। বালকের গলন্ত সাইকেল, ভয়ংকর তাপ ও তেজস্ক্রিয়তায় বিকৃত মানুষের প্রেতাত্মার মতো কিছু প্রায় জীবন্ত মডেল, আর ছবি। এসব ছবির দিকে চোখ তুলে তাকানোই একটা সাহসের ব্যাপার। শিউরে ওঠার মতো এই ভুতুড়ে পরিবেশে আবার শুনতে পাই কান্নার শব্দ, তাও প্রায় নিঃশব্দে। কারণ কাঁদতেও এখানে ভয় করে। যেন হিরোশিমা নিরন্তর অভিশাপ দিয়ে যাচ্ছে মানবজাতিকে। রুমাল বের করে চোখ মুছছে কেউ, কেউ কাঁদছে এক কোণে মেঝেতে বসে। জানি না, নিহতদের মধ্যে তাদের পূর্বপুরুষদের কেউ ছিল কি না, নাকি এ কান্না মানবতার।পুরোটা ঘুরে আসতে কত সময় লেগেছে জানি না। মনে হয়েছে দীর্ঘ সময় ধরে ছিলাম এমন এক জায়গায়, যেখানে মানুষের আরেক নাম দানব, যেখানে নরকের সঙ্গে একটুও পার্থক্য নেই আমাদের পৃথিবীর। এই নরক পেরোলে এক নতুন পৃথিবীর দেখা মেলে। তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র ধারাবর্ণনার মাধ্যমে তুলে ধরা হয়—এখনো পৃথিবীর কোন কোন দেশে কত কত পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে, কারা কত বিপুল অর্থ ঢেলে যাচ্ছে এই ভয়ংকর গবেষণার পেছনে। সেই পরিমাণ অর্থ দিয়ে অনেক আগেই সমস্ত পৃথিবীর মানুষের দারিদ্র্য দূর করা যেত!পৃথিবীকে পারমাণবিক বোমামুক্ত করার ব্যাপারে এক বড় সংগঠন মেয়রস ফর পিস। পিস মেমোরিয়াল পার্ক ও মিউজিয়াম ঘুরে দেখার পর যেকোনো মানুষেরই ইচ্ছে জাগবে, তাদের এই প্রত্যয়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে। সে সুযোগও আছে এখানে। বের হওয়ার আগে একটি কম্পিউটারে নিজের নাম-ঠিকানা-দেশ নিবন্ধন করে যে কেউ শামিল হতে পারেন এই আন্দোলনে। আমরা নিজেদের নাম নিবন্ধন করে যুক্ত হলাম তাদের সঙ্গে। আমার হাতে ধরা তখনো হোটেল থেকে উপহার পাওয়া সেই শান্তির সোনালি সারস, যা আমি নিয়ে যাচ্ছি যুহায়ের আর যুনাইরার জন্য। জীবদ্দশায় কি দেখতে পাব, এই পৃথিবী শেষ পর্যন্ত নিরাপদ ও বাসযোগ্য রেখে যেতে পেরেছি আমার সন্তানদের জন্য?