সৌন্দর্যসেবাতেই সীমাবদ্ধ থাকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনটা বেশ সাদামাটাই ছিল। ইডেন মহিলা কলেজ থেকে ইতিহাসে পড়াশোনা শেষ করেছি। মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, ফ্যাশন ডিজাইনার হব। কিন্তু শৈশব থেকেই নিজে সাজতে ভীষণ ভালোবাসতাম। সেই সঙ্গে অন্যকে সাজাতেও। তাই বন্ধুর বিয়ে বা অন্য যেকোনো অনুষ্ঠানে আমার ডাক পড়ত। ধানমন্ডি ৫ নম্বর রোডের ‘মে ফেয়ার’ তখন বেশ বিখ্যাত পারলার। কাউকে সাজাতে হলে প্রায়ই সেই পারলারের দ্বারস্থ হতে হতো। মনে হতো এ রকম কিছু একটা যদি আমি করতে পারতাম! পড়াশোনার পাট চুকিয়ে রূপচর্চা বিষয়ে কিছু ট্রেনিং নিয়ে কাজ শুরু করলাম। আর এর মধ্য দিয়েই অন্য এক কানিজ আলমাসের পথচলা শুরু হলো।মাত্র পাঁচজন কর্মী নিয়ে ১৯৯০ সালে কলাবাগানের বাড়িতে ২০০ বর্গফুটের একটি ছোট্ট রুমে ‘গ্লামার’ নামে একটি পারলার গড়ে তুলি। শুরু করতে ঋণ নিই দুই লাখ টাকা। এরপর ১৯৯৮ সালে ২৭ নম্বর ধানমন্ডিতে ‘পারসোনা’ নামে আমার স্বপ্নের পথচলা শুরু হয়। এবার সঙ্গী ১২ জন। কিছুদিন পর বেড়ে ২০ জন। তার পর থেকে কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মীর সংখ্যা। এখন আমার প্রতিষ্ঠানে দুই হাজার দুই শ জন মেয়ে কাজ করে। ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে পারসোনার সাতটি আউটলেট। আট বছর ধরে ক্যানভাস নামে একটি ম্যাগাজিনও প্রকাশ করছি।প্রাপ্তির খাতায় যোগ হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘উইমেন অ্যাজ অ্যান ইকোনমিক ফোর্স’ সম্মাননা, ওয়ার্ল্ড ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড, দ্য ডেইলি স্টার-এর বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ও স্কয়ারের ‘রাঁধুনী কীর্তিময়ী নারী’ সম্মাননা। তবে আমি তৃপ্ত নই। সমাজের বঞ্চিত মানুষের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করি। তাই বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে পারসোনা ছায়া হয়ে দাঁড়িয়েছে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত নারীর পাশে। আর্থিক ও মানসিক সমর্থন দিয়েছে মুন্সিগঞ্জ অন্ধকল্যাণ সমিতি, মুন্সিগঞ্জের লালনসংগীত স্কুলকে। প্রথম আলোর অ্যাসিডদগ্ধ তহবিলের উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে অ্যাসিডদগ্ধদের পাশেও আছি। অ্যাসিডদগ্ধ নারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে পারসোনায় কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। জীবনে এত চড়াই-উতরাই পেরোতে হয়েছে যে মাঝেমধ্যে ভাবি, জীবনে কী করা হলো! তখনই চোখে ভেসে ওঠে আমার নারীকর্মীদের হাসিমাখা মুখ। ভাবতে ভালো লাগে আমার বাঙালি ও আদিবাসী কর্মীদের পরিবার সুখে আছে, তাদের সন্তানেরা স্বচ্ছন্দে আছে। আমার এই জীবনের এত পাওয়ার মধ্যে হয়তো এটাই সবচেয়ে বড় পাওয়া যে আমি নারীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের ক্ষমতায়িত করেছি। শুধু সৌন্দর্যসেবার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আমার কাজ।শুরুতেই বলেছি, আমার স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নের ডানায় চড়ে এত দূর আসা সম্ভব হয়েছে কিছু মানুষের জন্য। তাঁরা আমাকে এই আমি হতে সব সময় সাহায্য করেছেন। তাই আমার বাবা, মা, স্বামী, মেয়ে বিশেষ করে আমার শাশুড়ির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। অনুলিখন: সুচিত্রা সরকার