সৌন্দর্যের ধ্বংসকাব্য
তর্জমায় যেমন কবিতার প্রকৃত আবেশটাই তরল হয়ে যায়, তেমন রঙের পরিবর্তনে সাদাকালো ফটোগ্রাফগুলো সুন্দরবনের রঙিন সৌন্দর্যের রূপান্তরিত সাদাকালো শবযাত্রায় আমাদের শামিল করে। প্রকৃতির ভাঙনের দিকে পল চোয়ের ফটোগ্রাফগুলো অনেকাংশে রূপক ও দার্শনিকভাবে বিবেচনার জায়গা করে দেয়। তাঁর কাজে প্রাকৃতিক পরিবর্তনের বিষয় সরাসরি দৃষ্টিগোচর নয়, কিন্তু এগুলোর শৈল্পিকভাবে কৌশলগত উপস্থাপন দর্শকের অনুভূতিকে নাড়া দেয় এবং প্রশ্নের সম্মুখীন করে। ৩৪ বছর বয়সী ফটোগ্রাফার জংসং পল চো জন্মসূত্রে কোরিয়ান হলেও কৈশোর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে জীবন কাটান। পড়াশোনা করেছেন আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে। দেশবরেণ্য শিল্পী রফিকুন নবীর উদ্বোধনের মাধ্যমে ‘সুন্দরবন ফরেস্ট’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয় ৫ আগস্ট ঢাকার বেঙ্গল গ্যালারিতে। এতে আরও উপস্থিত ছিলেন স্বনামধন্য ফটোগ্রাফার ড. শহীদুল আলম, কোরিয়ান এম্বাসির সেক্রেটারি সুজি অং লি। সুন্দরবনের বিভিন্ন দিক ও বিষয়ে, বিশেষ করে সারি সারি দাঁড়ানো গাছ, ভূমিতে পতিত গাছ কিংবা শেকড়—এগুলো নিয়ে সাদাকালোয় তোলা মোট ৩০টি আলোকচিত্র স্থান পায় প্রদর্শনীতে। এর উদ্বোধনের সময় ফটোগ্রাফার পল চো বক্তৃতায় বলেন, ‘এটা আমার বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আসা। এই দেশ আমার কাছে অসাধারণ সুন্দর, বন্ধুসুলভ ও সবুজ নিঃস্বর্গের এক কাব্যিক আখ্যান। ভবিষ্যতে কোরিয়ায় অবশ্যই আমি সুন্দরবনের ফটোগ্রাফগুলো প্রদর্শন করব এবং এ দেশের সমৃদ্ধশালী জীববৈচিত্র্য বিশ্বের সামনে তুলে ধরব।’‘সুন্দরবন ফরেস্ট’ বিষয় নির্বাচনের ক্ষেত্রে পল চোয়ের সহজাত প্রকৃতি কাজ করেছে। পাশাপাশি তাঁকে ভাবিত করেছে প্রান্তিক জনগোষ্ঠী বা সংস্কৃতি নিয়ে কিছু করার। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্যের নাজুকতা সম্পর্কে সবাই জ্ঞাত। যার পেছনে কাজ করছে পৃথিবীব্যাপী প্রকৃতির বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকরণ, দেশীয় রাজনীতি কিংবা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ। কোনো কোনো আলোকচিত্রে দৃষ্টিগোচর হয় ভাঙা গাছের কিনারে ক্লান্ত সূর্যের উঁকি এবং হেলে পড়া গাছগুলোর সমৃদ্ধ অতীত। প্রকৃতি যেমন সৌন্দর্যের নিয়ামক, তেমনি প্রকৃতিই হতে পারে ধ্বংসের রূপরেখা। কিন্তু প্রকৃতির এই অন্তর্দ্বন্দ্বমূলক সম্পর্কের পেছনে কলকাঠি নাড়ে মানুষ। সুন্দরবনের এই তীব্র পরিণতির জন্য ছবিগুলো আমাদের দায়ী করে, অপরাধ বোধে আমাদের কাঁধকে ন্যুব্জ করে দেয়। নতুন করে ভাবায়।প্রদর্শনী চলে ১১ আগস্ট পর্যন্ত।