স্কুলে পড়াটাই আমার জীবনের বাঁক বদলে দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি পড়তাম সেন্ট গ্রেগরী স্কুলে। সেখান থেকে ১২ বছর বয়সে পাকিস্তানের সার্গোদা পাবলিক স্কুলে পড়তে যাই। এটা পাকিস্তান এয়ারফোর্স পরিচালিত ইংরেজি মাধ্যমের স্কুল। ভাবতে অবাক লাগে ১২ বছরের এইটুকু একটা ছেলে আমি, কী করে এক হাজার ২০০ মাইল দূরে পড়তে গেলাম!সেখানকার সব শিক্ষকই ছিলেন ব্রিটিশ। তাঁরাও ভারতবর্ষে নতুন এসেছিলেন। ১৯৫৩ থেকে ’৫৬ পর্যন্ত আমি এই স্কুলে পড়েছি। আমার মনে হয়, সেই স্কুলে পড়াটাই আমার জীবনের বাঁক বদলে দিল। ’৫৬-তে সিনিয়র কেমব্রিজ পরীক্ষা দিলাম।তারপর আমার সামনে দুটি পথ খোলা। চিকিৎসক বা প্রকৌশলী হওয়া। অথবা সেনাবাহিনীতে চাকরি করা। আমরা ছিলাম চার ভাই। সে সময় বাবার এত সামর্থ্য ছিল না যে আমাকে এত টাকা খরচ দিয়ে ডাক্তারি পড়াবেন। আর সার্গোদায় বেতন ছিল মাসে ২৫ টাকা। তার তুলনায় ডাক্তারি পড়তে নিশ্চয়ই অনেক খরচ গুনতে হতো বাবার। তখন চিন্তা করলাম আমি সেনাবাহিনীতেই জয়েন করব। সেনাবাহিনীতে যোগ দিলাম। ১৯৬৭ সালে অস্ট্রেলিয়া স্টাফ কলেজে পড়ার সুযোগ পেলাম। সেখানেও অনেক বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হলাম। তারপর পশ্চিম পাকিস্তানেই সেনাবাহিনীতে চাকরি করতে লাগলাম। এরপর এল মহান মুক্তিযুদ্ধ। আমাদের বন্দী করা হলো। মুক্তি দেওয়া হলো ’৭৩ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর সে বছরের নভেম্বরেই স্বাধীন বাংলাদেশে এলাম। সেনাবাহিনী গড়ার কাজ শুরু করলাম। অফিসারদের নিয়ে কুমিল্লা মিলিটারি একাডেমি গঠন করলাম। সেটাও জীবনের একটা বড় পরিবর্তন। সেনাবাহিনী থেকে অবসর নিলাম ১৯৮১ সালে। তখন আমার বয়স ৪১ বছর। ভাবলাম, এখনো তো জীবনের অনেক দিন পড়ে আছে! এমন একটা কিছু করা দরকার যাতে আমি কিছু একটা করতে পারি। আমার সন্তান চারজন। তাদের ভবিষ্যৎ চিন্তা করে মনে হলো ব্যবসায় নামলে কেমন হয়!কিন্তু এখানেও সেই একই অবস্থা। পরিবারে আগে কেউ কখনো ব্যবসা করেনি। অভিজ্ঞতা নেই। যা-ই হোক, খুব অল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম। খুব কঠিন সময় গেছে সে সময়। ব্যাংক আমাকে সেভাবে কোনো সহযোগিতা করতে চাইত না। ধীরে ধীরে সব পাল্টে গেল। সেই সঙ্গে আমার জীবনটাও। এখন আমার ব্যবসাটাই বাংলাদেশের অন্যতম একটা বড় প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের ব্রত ‘দারিদ্র্য ও ক্ষুধা জীবনের অভিশাপ’। আমরা মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করছি। প্রতিদিন এখানে গ্রামের নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। এখনো বিশ্বাস করি, জীবনে পুরো সাফল্য আসেনি। আমার মনে হয়, বাংলাদেশের দারিদ্র্য দূর করার জন্য, ১৬ কোটি মানুষের কর্মসংস্থানের জন্য দুগ্ধশিল্প একটা বিশাল সম্ভাবনার জায়গা। এই ক্ষেত্রটিকে অবহেলা করলে চলবে না। এই কাজে আমাদের প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে একটা হাসপাতাল নির্মানের কাজও শুরু করেছি। আমার জীবনে প্রতিটি বড় বড় ঘটনায় প্রতিনিয়ত নিজেকে গড়েছি আর ভেঙেছি। নিজের বুদ্ধি, বিবেক আর বিবেচনা দিয়ে জীবনের যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করেছি। জীবনের প্রতিটি ঘটনায় নিজেকে পাল্টেছি। জীবনের বাঁকগুলোকে মেনে আর মানিয়ে নিতে চেষ্টা করেছি।অনুলিখন: সুচিত্রা সরকার