স্টিভ ফসেটের হারিয়ে যাওয়া এবং ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়র্কার, গুগলিতে চার-ছয় মেরে হাফভলি বলে আউট হয়ে যাওয়ার ঘটনা শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার জীবনেও নিশ্চয়ই ঘটেছে। কঠিন পরিস্থিতি পার করে এসে সহজ পরিস্থিতিতে হেসে যাওয়া সৈনিকের সংখ্যা দুনিয়ায় একেবারে কম নয়। সেই তালিকায় স্টিভ ফসেটের নামটাও যোগ করে ফেলা যায়!হ্যাঁ, সেই স্টিভ ফসেট। জল-স্থল-আকাশে দুঃসাহসিক সব অভিযান চালিয়ে শেষ পর্যন্ত রহস্যময়ভাবে হারিয়ে যাওয়া সেই স্টিভ ফসেট। হারিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পর শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে স্টিভ ফসেটের টুকরো টুকরো মরদেহ! এমন দুঃসাহসী অভিযাত্রীর কী করে এমন পরিণতি হলো! এ নিয়েই সরগরম পশ্চিমা সংবাদমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের মানুষ জেমস স্টিফেন ফসেট ছিলেন একাধারে সফল ব্যবসায়ী, বৈমানিক, সাঁতারু। জল, স্থল ও আকাশে বিভিন্ন ধরনের ১১৫টি বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন ফসেট। এখনো তাঁর ৬০টি বিশ্বরেকর্ড কেউ টপকে যেতে পারেনি। শারীরিক ও মানসিক সহনশীলতায় ফসেটের তুলনা ছিল না। এ যুগে যেন জুলভার্নের এক চরিত্র হয়ে এসেছিলেন তিনি। তা না হলে কি আর একা বেলুনে চড়ে সারা বিশ্ব পাড়ি দেওয়া সম্ভব? বেলুনে করে একা একা সর্বোচ্চ দূরত্ব পার হওয়ার রেকর্ড ছিল তাঁর। বিমানে করেও একা জয় করেছেন বিশ্বকে। সবচেয়ে দ্রুত সমুদ্রপথে বিশ্বভ্রমণ করেছেন ফসেট। এমন দুঃসাহসী স্টিভ ফসেট একদিন হারিয়ে গেলেন। দিনটা ছিল ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর। কিছুদিন ধরেই রানওয়েতে বিমানের সর্বোচ্চ গতি তোলার রেকর্ড নিজের দখলে নেওয়ার কথা ভাবছিলেন ফসেট। সে জন্য জুতসই একটা জায়গা তো চাই। সেই ইচ্ছা নিয়েই বেড়াতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের নেভাডার দক্ষিণে ইয়েরিংটন এলাকায়। আতিথ্য নিয়েছিলেন খ্যাতিমান ব্যবসায়ী ব্যারন হিলটনের র্যাঞ্চে।‘গা গরম’ করার জন্যই নাশতার পর ফসেট একটা বিমান নিয়ে একটু চক্কর দিতে বের হলেন। বিমানটা ছিল নীল-সাদা তারাওয়ালা এক ইঞ্জিনের ‘বেলাংকা সিটাব্রিয়া সুপার ডেকাথলন-এন২৭৭এসএফ’। ফসেট এর আগেও বেশ কয়েকবার এই বিমানে চড়েছেন। সকাল আট-নয়টার মধ্যে বসলেন ককপিটে। ভরে নিয়েছিলেন ১৫০ লিটার জ্বালানি। এই পরিমাণ জ্বালানিতে প্রায় ৬৪০ কিলোমিটার চলতে পারার কথা। দুপুরে ফসেটদের আপ্যায়ক হিলটন ভোজের আয়োজন করেছিলেন। সেই ভোজের কথা মাথায় রেখেই তাড়াতাড়ি ফেরার জন্য রওনা হলেন স্টিভ ফসেট। কিন্তু ফসেটের আর ফেরা হলো না। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হলো। কিন্তু স্টিভ ফসেট আর ফিরলেন না। তোলপাড় শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্রজুড়ে। ফসেটকে খুঁজতে সরকার ডজনখানেক বিমান, প্রায় ১০০ জন বিশেষজ্ঞকে কাজে লাগাল। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলো এই অনুসন্ধানে। এ অভিযানে ব্যবহূত কিছু হেলিকপ্টার ও বিমানের আফগানিস্তানের দুর্গম অঞ্চলগুলোতে ওসামা বিন লাদেনকে খুঁজতে যাওয়ার অভিজ্ঞতাও ছিল। তন্ন তন্ন করে খোঁজার পর রাউলি বিগসবি নামের এক রাখাল বালকের সন্ধান মেলে। সকাল সাড়ে নয়টার দিকে আর বেলা ১১টার দিকে সে ফসেটের বিমানটিকে দেখতে পেয়েছিল। এর পর থেকেই জোরেশোরে সন্ধান অভিযান শুরু হয় ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডার পাহাড়গুলোতে। ফসেট যাঁর বাড়িতে ছিলেন, সেই হিলটন যুক্তরাষ্ট্রের প্যারামিলিটারি করপোরেশন ‘ব্লাকওয়াটার’ থেকে একটি বিশেষজ্ঞ দলকে কাজে লাগানোর ব্যবস্থা করেন। অভিযানে যুক্ত করা হয় বিশ্ববিখ্যাত মহাকাশচারী বাজ অলড্রিনসহ কয়েকজন নভোচারীকে; যাঁরা প্রাপ্ত তথ্য ও উপাত্ত পরীক্ষা করে দেখবেন। হিলটন নিজেও তাঁর ১৫টি হেলিকপ্টার ও ১০টি উড়োজাহাজ দিয়ে সুঁই-খোঁজা সন্ধান শুরু করেন। এদিকে ‘সিভিল এয়ার প্যাটল’ ও নেভাডা কর্তৃপক্ষ ২৬টি উড়োজাহাজ নিয়ে আলাদাভাবে খুঁজছিল ফসেটের বিমান। মাটিতে যাঁরা খোঁজাখুঁজি করছিলেন, তার আয়োজনও কম ছিল না। নেভাডার বিশালাকার দুটি লেকেও চলছিল চরম অভিযান। ‘গুগল আর্থ’-এর সাহায্যে অনুসন্ধানে এগিয়ে এল গুগল ইনকরপোরেশন। এত খোঁজাখুঁজিতে বহু আগে হারিয়ে যাওয়া ছয়টি বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পর্যন্ত বেরিয়ে এল। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই ফসেটের টিকিটাও খুঁজে পাওয়া গেল না। তাহলে ফসেট কি হাওয়ায় উবে গেলেন! সবাই হাল ছেড়ে দেওয়ার পর পেগি ফসেট যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ‘ফায়ারবল’-এর আশ্রয় নেন। ফায়ারবলের আবার নাসার সঙ্গে কাজ করার সম্পর্ক আছে। তারা ৫৭ হাজার বর্গকিলোমিটার পর্যন্ত হাজার হাজার ছবি তুললেও সেখানে বিমানের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। শেষমেশ ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয় স্টিভ ফসেটকে। কিন্তু সংবাদমাধ্যম তখনো হাল ছাড়েনি। তারা এবার শুরু করল আনুমানিক কাহিনি তৈরি। অনেকে বলল, নেভাডার মরুভূমিতে নিষিদ্ধ কোনো সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন ফসেট। অনেকে দাবি তুলল, এটি আত্মহত্যা। ২০০৮-এর জুলাই মাসে নিউজ অব দি ওয়ার্ল্ড লিখেছিল, ফসেট তাঁর ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক টানাটানিতে ছিলেন। তাঁর স্ত্রী নাকি দুজন। তাই মৃত্যুর মধ্য দিয়ে জীবন বিমার ৩৮ মিলিয়ন ডলার সংসারে দিয়ে যেতে চেয়েছেন ফসেট। যদিও পরে জানা যায়, ফসেটের কোনো জীবন বিমাই ছিল না।এর পরও কিছুদিন ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে ফসেটকে খোঁজা হয়েছে। এর মধ্যে ছিল কানাডার সিমন ডোনাটোর ‘অ্যাডভেঞ্চার রেসার্স’ নামে এক দল। নিউইয়র্কের ‘এক্সপ্লোরারস ক্লাবের’ রবার্ট হাইমান ২৮ জনের একটি দল নিয়ে নেমেছিলেন অভিযানে। কিন্তু সব রহস্যের যিনি কিনারা করে দিলেন, তাঁর কোনো আগ্রহই ছিল না স্টিভ ফসেটকে খোঁজার। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রোজকার মতো কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন সিয়েরা নেভাডার বাসিন্দা প্রেস্টন মোরো। হাঁটতে হাঁটতেই হঠাত্ তাঁর চোখে পড়ে একটি পরিচয়পত্র। সঙ্গে একজন বৈমানিকের লাইসেন্স, হাজার খানেক ডলার ও অন্যান্য ছেঁড়া বিধ্বস্ত কাগজপত্র। বৈমানিকের নাম জেমস স্টিফেন ফসেট! আর যায় কোথায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে।এবার সহজ হয়ে গেল কাজ। তিন দিন পর সিয়েরা নেভাডা থেকে ১০ হাজার ফুট উঁচুতে খুঁজে পাওয়া যায় বিধ্বস্ত ফসেটের বিমান, ফসেটের পোশাকের ছিন্নভিন্ন অংশ এবং কিছু হাড়গোড়। ডিএনএ পরীক্ষার ফল আসে—হাড়গুলো আসলেই স্টিভ ফসেটের। প্রেস্টন মোরোর কাকতালীয় এক আবিষ্কারে লজ্জায় পড়ে গেল যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা উদ্ধারকর্মী আর অনুসন্ধানকারীরা। ওয়েবসাইট অবলম্বনে শিখ্তী সানী