স্টেট ইয়েট মেরি অ্যান্ডারসন
বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত পূর্ব বাংলার যোগাযোগব্যবস্থা মূলত নদীনির্ভর ছিল। সে সময় প্রাদেশিক রাজধানী কলকাতা থেকে বেশ কিছু জেলা সদরে পৌঁছাতে নদীপথ ব্যবহার করতে হতো। কলকাতা থেকে কিছু কিছু শহরে সড়ক ও রেলপথে যাতায়াত করা গেলেও নদীপথই ছিল সেই আমলের সবচেয়ে কার্যকর যোগাযোগব্যবস্থা। এ কারণে পূর্ব বাংলার অভ্যন্তরে চলাচলের জন্য বাংলার গভর্নরদের নৌপথকে বেশি গুরুত্ব দিতে হয়। নৌপথে গভর্নরদের চলাচলের জন্য তৈরি করা হয় রাজকীয় নৌযান। এ রকমই একটি নৌযানের নাম মেরি অ্যান্ডারসন, সরকারিভাবে স্টেট ইয়েট (এসওয়াই) মেরি অ্যান্ডারসন।১৯৩৩ সালে এক লাখ চব্বিশ হাজার ৭০২ টাকা খরচ করে কলকাতায় এই রাজকীয় প্রমোদতরীটি তৈরি করা হয়। তৎকালীন গভর্নর স্যার জন অ্যান্ডারসনের মেয়ে মেরির নামানুসারে এই রাজকীয় তরীটির নাম রাখা হয় মেরি অ্যান্ডারসন। মেরি অ্যান্ডারসন ছিল ইঞ্জিনবিহীন তরী। ইঞ্জিনবিহীন হওয়ার কারণে এই তরীটি পৃথক ট্যাগবোট দিয়ে চালানো হতো। মেরি অ্যান্ডারসনের দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৩০ ফুট এবং উচ্চতা ছিল ১৫ ফুট ১০ ইঞ্চি। এর নিচে ছয়টি বিলাসবহুল কক্ষ ও ওপরে একটি ভিআইপি কক্ষ ছিল। তৎকালীন সময়ে কক্ষগুলো গভর্নর ও তাঁর পরিবার ছাড়া শুধু রাষ্ট্রীয় অতিথিদের জন্য ব্যবহূত হতো। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তৎকাৎলীন পূর্ব পাকিস্তানের গভর্নর এবং ১৯৭১ সালের পর বাংলাদেশের রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীদের জন্য তরীটি ব্যবহূত হয়। পাকিস্তান সময়ে পূর্ব পাকিস্তানের গভর্নররা এই তরীর সর্বোচ্চ ব্যবহার করেন। এ ছাড়া ১৯৪৭ সাল-পরবর্তী সময়ে রাষ্ট্রীয় অতিথিদের নৌবিহারের জন্যও এটি ব্যবহূত হয়েছে। অনেক বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এই তরীতে বুড়িগঙ্গা ও আশপাশের নদী বিহার করেছেন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেরি অ্যান্ডারসন প্রমোদতরীটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য স্থায়ীভাবে হস্তান্তর করেন। করপোরেশন এটিকে নবরূপে সজ্জিত করে ১৯৭৮ সালের ২৪ সেপ্টেম্বর ভাসমান রেস্তোরাঁ ও বার হিসেবে উদ্বোধন করে।