যে রহস্যের শেষ নেই চাঁদে নাকি বসত গড়বে মানুষ। মঙ্গল গ্রহে চলছে জরিপ। পৃথিবী জয় করে মানুষ এখন হাতের মুঠোয় পুরতে চাইছে বিশ্বজগত্। কিন্তু এখনো এমন কিছু রহস্য আছে, যেগুলো যুগ যুগ ধরেই অমীমাংসিত। আবার কোনোটার মীমাংসা হয়ে গেলেও কিছু লোক সমাধান মানতে নারাজ। সেই সব রহস্য নিয়ে আমাদের এই বিভাগ।
স্টোনহেঞ্জ
যুক্তরাজ্যের ওয়াল্টশায়ার কাউন্টিতে অবস্থিত দুনিয়ার আরেক অমীমাংসিত রহস্যের নাম স্টোনহেঞ্জ। বিশাল সমতল ভূমিতে খাড়া পাথরে তৈরি বিস্ময়কর এক স্থাপনা। প্রায় চার হাজার বছর আগে তৈরি এই স্থাপনা নিয়ে হাওয়ায় উড়ে বেড়ায় অনেক প্রশ্ন। কারা বানিয়েছে স্টোনহেঞ্জ? কেন বানিয়েছে? এটা কি কোনো কবরস্থান? স্টোনহেঞ্জ যারাই বানাক, একটি নির্দিষ্ট নিয়ম তারা অনুসরণ করেছে। ধূসর বর্ণের প্রায় ১৩ ফুট উচ্চতার পাথরগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে জ্যামিতিক বৈশিষ্ট্যের ছাপ লক্ষ করা যায়। প্রাচীন গ্রিক সভ্যতার সঙ্গে এর স্থাপত্যের কিছু মিলও লক্ষ করা যায়। স্থাপত্যের চারপাশজুড়ে বেশ খানিকটা স্থান মিলে কয়েক শ প্রাচীন কবর আছে। এত পুরোনো এ স্তম্ভ নির্মাণের কারণ কিংবা নির্মাণশৈলীর বেমালুম কোনো তথ্য জানা নেই কারও। তবে হাল ছেড়ে দেয়নি অনুসন্ধিত্সু মানুষও।১৭০০ শতাব্দীতে ঐতিহাসিকেরা দাবি করলেন, স্টোনহেঞ্জ সেলটিক ধর্মযাজকদের নির্মিত। এঁদের বলা হয় ড্রুয়িদ। অসম্ভব রহস্যময় এই যাজকদের অলৌকিক নানা শক্তি ছিল। তবে তাঁদের নিয়ে তেমন কোনো তথ্য ছিল না কারও কাছেই। সে সময়ের একজন স্থাপত্যবিদ ইনিগো জোনস বললেন রোমানদের কথা। আবার প্রত্নতাত্ত্বিক ইলিয়ট স্মিথ স্টোনহেঞ্জ নির্মাণের কৃতিত্ব দিলেন মিসরীয় বা ফিনিশীয়দের। ১৮০৮ সালে ইংরেজ প্রত্ন সংগ্রাহক স্যার রিচার্ড কোল্ট হোয়ার স্টোনহেঞ্জের চারপাশের প্রাচীন কবরগুলো থেকে ব্রোঞ্জের অস্ত্রশস্ত্র, সোনার অলংকারসহ হাড়ের স্তূপ খুঁজে পান। সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তে পৌঁছান যে এই নির্মাণ বহিরাগতদের করা। আবার কেউ বললেন, মাইসিনে যোদ্ধারা স্থানীয় বাসিন্দাদের দিয়ে বানিয়ে নিয়েছেন স্টোনহেঞ্জ। তবে কার্বন-১৪ ডেটিং পদ্ধতি দ্বারা প্রমাণিত হয়, স্টোনহেঞ্জ বানানো হয়েছে মাইসেনিয়ান যুদ্ধের ৫০০ বছর আগে।অনেক কাঠখড় পুড়িয়ে ঐতিহাসিকেরা স্টোনহেঞ্জ নির্মাণের তিনটি সময়কাল তৈরি করেন। প্রথম ধাপটি প্রাগৈতিহাসিক যুগের চেয়ে এক হাজার বছর আগের। দ্বিতীয় ধাপটি খ্রিষ্টের জন্মের দুই হাজার বছর আগের। আর শেষ ধাপটি খ্রিষ্টের জন্মের এক হাজার ৯০০ বছর পরের। তিনটি ধাপে স্টোনহেঞ্জের নির্মাণকাজ পুরো সম্পন্ন করা হয়। আশ্চর্য ব্যাপার হলো, এ নির্মাণের কোনো ভাঙা কিংবা ভগ্নদশার টুকরো পর্যন্ত পাওয়া যায়নি ধারেকাছে। ধারণা করা হয়, স্টোনহেঞ্জকে হয়তো একটি পবিত্র স্থান হিসেবে ব্যবহার করা হতো। ১৭৪০ সালে উইলিয়াম স্টুকলে একে ড্রুয়িদদের প্রার্থনার ঘর হিসেবে উল্লেখ করেন। ১৮৪০ সালে এডওয়ার্ড ডিউক একে শনি গ্রহের কক্ষপথের সঙ্গে তুলনা করেন। বহু বিশেষজ্ঞ একে প্রাচীন জাদুর কেন্দ্র হিসেবেও বর্ণনা করে গেছেন। ১৯০১ সালে স্যার নরম্যান লকার ও ১৯৬৩ সালে জেরাল্ড হকিনস একে কম্পিউটারের সঙ্গে তুলনা করেন! ২০০৮ সালে প্রত্নতাত্ত্বিকেরা উল্লেখ করেন, এটি প্রাচীন একটি সমাধিস্থল। খ্রিষ্টের জন্মের তিন হাজার বছর আগে এর প্রথম খননকাজ শুরু হয়। এর পর থেকে ৫০০ বছর ধরে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধি করা হয়। অসাধারণ এ স্থাপত্যের বর্ণনা করার মতো গল্প এতটুকুই। আর কোনো প্রশ্নের উত্তর নেই বিশেষজ্ঞদের কাছে। ১৯৮৬ সালে ইউনেসকো একে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃতি দেয়।সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে স্টোনহেঞ্জ অপার এক সৌন্দর্যের নাম। কিন্তু বিশেষজ্ঞদের কাছে এখনো মাথা গুলিয়ে দেওয়া এক রহস্যের নাম স্টোনহেঞ্জ।