স্নাইপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

নভেম্বর মাসের অস্থির গোধূলি দ্রুতই ঘন কালো রাতে পরিণত হলো। ঢাকা শহরের সম্বল বলতে এখন মেঘের ফাঁক গলে বেরিয়ে আসা চাঁদের ম্লান আলোটুকু, অন্ধকার তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ভোর হওয়ার আগে শুধু ওই আলোটাই বুড়িগঙ্গার বুক থেকে প্রতিফলিত হবে। দিনের আলো ফুটতে আর হয়তো খুব বেশি দেরি নেই, তখন আশপাশের রাস্তাঘাট—ইসলামপুর, বাংলাবাজার, সিমসন রোড, ওয়াইজঘাট, ইত্যাদি দেখতে পাবে তরুণ।
কোর্ট-কাছারির ওদিক থেকে ভারী আগ্নেয়াস্ত্র গর্জে উঠল। শহরজুড়েই এদিক-সেদিক থেকে মেশিন গান আর রাইফেলের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে গুঁড়িয়ে দিচ্ছে, যেন নিঃসঙ্গ একটা খামারবাড়িতে খানিক পর পর কুকুর ডাকছে। যুদ্ধ শেষ হওয়ার পর এক শ বছর কেটে গেলেও যুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তি দেশে গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছে।
বুড়িগঙ্গা সেতুর কাছাকাছি একটা ছাদে শুয়ে শীতে কাঁপতে কাঁপতে চারদিকে কড়া নজর রাখছে তরুণ। দক্ষ স্নাইপার সে, পাশে শুয়ে আছে তার অটোমেটিক রাইফেল একে ফোরটিসেভেন, কাঁধে স্ট্র্যাপ দিয়ে আটকানো একজোড়া ফিল্ড গ্লাস। ওই সরু মুখ একজন পাঠমনস্ক ছাত্রের, পবিত্র ও নিবেদিত, তবে তার হিমশীতল চোখ দুটো একজন ফ্যানাটিকের। ওগুলো গভীর, চিন্তিত, এমন এক লোকের চোখ যে মৃত্যু দেখতে অভ্যস্ত।
শুকনো বনরুটি চিবাচ্ছে তরুণ। সারা রাত কিছু খাওয়া হয়নি তার। বড় বেশি উত্তেজিত ছিল সে। রুটিটা শেষ করে ফ্লাস্কটা টেনে নিল, তিন চুমুকে খেয়ে ফেলল কুসুম কুসুম গরম চা। এক মুহূর্ত স্থির হয়ে থাকল, সিগারেট ধরানোর ঝুঁকি নেবে কি না ভাবছে। সেটা হবে খুবই বিপজ্জনক। অন্ধকারে আলোর ঝলকটা বেশ দূর থেকেও দেখা যাবে। নিরাপদ অবস্থান থেকে চারদিকে নজর রাখছে শত্রুরা। তবু ঠিক করল, ঝুঁকিটা নেবে।
দু-ঠোঁটের মাঝখানে সিগারেট আটকে দেশলাই জ্বালাল তরুণ, তাড়াহুড়ো করে ধোঁয়া ভরল বুকে, ফুঁ দিয়ে কাঠিটা নেভাল। প্রায় সঙ্গে সঙ্গে একটা বুলেট ছাদকে ঘিরে থাকা নিচু পাঁচিলে লেগে চ্যাপ্টা হলো। হাতকে কাপ বানিয়ে, তার আড়ালে আরেকটা টান দিয়ে, সিগারেট নিভিয়ে ফেলল তরুণ। নরম সুরে নিজেকে একটা গালি দিয়ে বাঁ দিকে সরে যাচ্ছে।
খুব সাবধানে একটু একটু করে মাথাটা উঁচু করল সে, নিচু পাঁচিলের মাথার ওপর দিয়ে তাকাল। চাঁদের ম্লান আলোয় ঝলসে উঠল আগুন, বাতাস কেটে তার খুলিকে পাশ কাটাল একটা বুলেট। সঙ্গে সঙ্গে মাথা নামাল সে। আগুনের ঝলকটা দেখতে পেয়েছে, কাজেই জানে রাস্তার উল্টোদিকের একটা ছাদ থেকে করা হয়েছে গুলিটা।
শরীরটাকে গড়িয়ে দিয়ে ছাদের মাঝখানে সরে এল তরুণ। নগ্ন কংক্রিট পিলারের আড়াল নিয়ে ধীরে ধীরে উঁচু করল শরীরটা, চোখ দুটোকে নিয়ে এল ছাদকে ঘিরে থাকা নিচু পাঁচিলের মাথার সঙ্গে সমান্তরাল রেখায়। দেখার মতো কোথাও কিছু নেই—আকাশের গায়ে স্কেচের মতো দেখাচ্ছে উল্টোদিকের বাড়ির মাথার চূড়া। শত্রু আড়াল নিয়ে আছে।
ঠিক তখন দেখা গেল ব্রিজ ধরে ধীর গতিতে রাস্তার দিকে এগিয়ে আসছে একটা আর্মারড কার, হেডলাইট জ্বেলে। রাস্তার উল্টোদিকে পৌঁছে থামল সেটা, পঞ্চাশ গজ দূরে। ওটার যান্ত্রিক, কর্কশ এবং ভোঁতা হাঁপানোর শব্দ শুনতে পাচ্ছে তরুণ। তার পালস রেট বেড়ে গেল। ওটা শত্রুপক্ষের কার। ইচ্ছে হলো গুলি করে, কিন্তু জানে তাতে কোনো লাভ হবে না। দানবটার কালচে রঙের ইস্পাত ভেদ করার ক্ষমতা তার বুলেটের নেই।
আধা মিনিট পর পাশের সরু গলির ভেতর থেকে বেরিয়ে এসে আর্মারড কারের দিকে হাঁটতে দেখা গেল এক বৃদ্ধাকে, তার কাঁধের ওপর ছেঁড়া আর রংচটা শাল। কারের মাথার কাছে টারিটের গোল ঢাকনি খুলে গেল, হেলমেট পরা মাথা বের করল মেশিন গানার। তার সঙ্গে কথা বলছে বৃদ্ধা, হাত তুলে উঁচু দালানের ছাদটা দেখাল তাকে—স্নাইপার তরুণ যেখানে শুয়ে আছে।
আচ্ছা, ভাবল সে, স্থানীয় ইনফরমার।
টারিটের ফাঁক গলে বেরিয়ে আসা মাথাটা ঘুরে গেল, স্নাইপারের দিকে তাকাল মেশিন গানার। রাইফেলের সাইটে চোখ রেখে অপেক্ষা করছিল তরুণ, ট্রিগার টেনে দিল। টারিটের দেয়ালে প্রচণ্ড বাড়ি খেল গানারের মাথা। ছুটে গলির ভেতর পালিয়ে যাচ্ছে বৃদ্ধা। আবার গুলি করল তরুণ। আধা পাক ঘুরল মহিলা, একটা আর্তনাদ ছেড়ে ঢলে পড়ল নর্দমায়।
আচমকা উল্টোদিকের ছাদ থেকে গর্জে উঠল একটা রাইফেল, হাতের অস্ত্র ফেলে দিয়ে শত্রুকে মর শালা বলে অভিশাপ দিল তরুণ। ছাদে পড়ে খটাখট আওয়াজ করল একে ফোরটিসেভেন। তরুণের মনে হলো, মরা মানুষকেও জাগিয়ে দেবে শব্দটা। নিজের অস্ত্র তোলার জন্য ঝুঁকল সে। কিন্তু তুলতে পারছে না। তার বাহু মরে গেছে, এতটুকু সাড়া দিচ্ছে না। ‘আমি গুলি খেয়েছি,’ বিড়বিড় করল।
ছাদে শুলো তরুণ, ক্রল করে নিচু পাঁচিলের কাছে ফিরে গেল। বাঁ হাতের আঙুল দিয়ে ডান হাতের ওপর দিকটা স্পর্শ করল। কোটের আস্তিন ভিজে গেছে রক্তে, চটচট করছে। এখনো ব্যথা অনুভব করছে না, শুধু অসাড় একটা অনুভূতি, যেন হাতটা কেটে ফেলা হয়েছে।
টান দিয়ে বেল্টে গোঁজা ছুরিটা হাতে নিয়ে খাপ খুলল, ফলা সিধে করে কেটে ফেলল কোটের আস্তিন। বুলেট ঢোকার জায়গায় ছোট্ট একটা ফুটো দেখা যাচ্ছে। উল্টোদিকে কোনো ফুটো নেই। গুলিটা হাড়ে আটকে আছে। শুধু আটকায়নি, ওখানকার হাড় নিশ্চয় ফাটিয়েও দিয়েছে। ক্ষতের নিচে হাতটা বাঁকা করল সে, সহজেই সেটা বাঁকা হলো। ব্যথা সহ্য করার জন্য দাঁতে দাঁত পিষতে হলো তাকে।
ফিল্ড ড্রেসিং বের করে ছুরি দিয়ে প্যাকেট খুলল। অ্যান্টিসেপটিক-ভর্তি শিশির ছিপি খুলে কয়েক ফোঁটা ঢালল ক্ষতের মুখে। আকস্মিক ব্যথায় রিরি করে উঠল শরীর। তারপর আরেকটা শিশির ঘাড় ভেঙে খানিকটা আয়োডিন মলম লাগাল ওখানে। মলমে তুলো বসিয়ে ড্রেসিং করল তার ওপর। বাঁধার সময় দাঁত ব্যবহার করতে হলো।
তারপর নিচু পাঁচিলের গায়ে গা ঠেকিয়ে শুয়ে থাকল, চোখ বুজে ব্যথা সহ্য করছে।
নিচের রাস্তায় সবকিছু স্থির। ব্রিজ ধরে দ্রুত পিছু হটে গেছে আর্মারড কার, মেশিন গানারের মাথা টারিটের ওপর নিষ্প্রাণ ঝুলে আছে। মহিলার লাশ এখনো নর্দমার নোংরা পানিতে ভিজছে।
অনেকক্ষণ শুয়ে থাকল তরুণ, মাঝেমধ্যে আহত হাতের যত্ন নিচ্ছে আর মনে মনে পালানোর প্ল্যান তৈরি করছে। সকাল যাতে তাকে ছাদের মাথায় আহত অবস্থায় না পায়। উল্টোদিকের ছাদে পজিশন নেওয়া শত্রু তার পালানোর পথ কাভার করছে। প্রথম কাজ ওকে খুন করা। কিন্তু রাইফেল ব্যবহার করা তার পক্ষে সম্ভব নয়। কাজটা করার জন্য তার কাছে আছে শুধু একটা পিস্তল।
তারপর মাথায় একটা প্ল্যান এল। পকেট থেকে ক্যাপ বের করে রাইফেলের মাজলে ঝোলাল, তারপর ধীরে ধীরে নিচু পাঁচিলের মাথার দিকে তুলল, যতক্ষণ না রাস্তার উল্টোদিক থেকে দেখা গেল ওটা। প্রায় সঙ্গে সঙ্গেই গর্জে উঠল শত্রুর রাইফেল, ক্যাপের ঠিক মাঝখানে একটা ফুটো তৈরি হলো। সামনের দিকে রাইফেল কাত করল স্নাইপার। মাজল থেকে খসে পড়ল ক্যাপ, নিচের রাস্তায় নেমে যাচ্ছে। তারপর রাইফেলের মাঝখানটা আঁকড়ে ধরল, বাঁ হাত ছাদে ফেলে ঝুলে থাকতে দিল, যেন নিষ্প্রাণ। কয়েক মুহূর্ত পর হাতের রাইফেল ছেড়ে দিল সে, খসে পড়তে দিল নিচের রাস্তায়। এবার ছাদে ঢলে পড়তে দিল শরীরটাকে, তার সঙ্গে সরে এল হাতটাও।
দ্রুত ক্রল করে ছাদের এক কোণে সরে গেল তরুণ, নগ্ন কংক্রিট পিলারের আড়াল নিয়ে মাথা তুলে পাঁচিলের ওপর দিয়ে তাকাল। তার কৌশল কাজে লেগেছে। অপর স্নাইপার, ক্যাপ আর রাইফেল পড়ে যেতে দেখে ধরে নিয়েছে সে তার শিকারকে বধ করেছে। এই মুহূর্তে ছাদে স্তূপ করা ইট আর কাঠের খালি বাক্সের পেছনে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলাচ্ছে, আকাশের গায়ে তার মাথা পরিষ্কার একটা স্কেচ।
মুচকি একটু হাসে তরুণ স্নাইপার, প্রথমজন, নিচু পাঁচিলের কিনারায় হাতের পিস্তলটা তুলল। দূরত্ব প্রায় পঞ্চাশ গজের মতো। স্বল্প আলোয় খুব কঠিন শট, তার ওপর ডান হাত এক শ একটা শয়তানের মতো ব্যথা দিচ্ছে। অটল থেকে, সময় নিয়ে, লক্ষস্থির করার চেষ্টা। মনের ব্যাকুলতা কাঁপিয়ে দিচ্ছে হাতকে। ঠোঁটে ঠোঁট চেপে, নাক দিয়ে বড় করে শ্বাস নিয়ে ট্রিগার টেনে দিল। প্রচণ্ড শব্দে প্রায় কালা হয়ে গেল, রিকয়েল ঝাঁকিয়ে দিল হাতটা।
তারপর যখন ধোঁয়া সরে গেল, উঁকি দিয়ে তাকিয়েই উল্লাসে চেঁচিয়ে উঠল তরুণ। তার শত্রু গুলি খেয়েছে। মৃত্যুযন্ত্রণায় কাতর, শরীরটা পাঁচিলের ওপর নুয়ে পড়ল। পায়ের ওপর স্থির থাকার চেষ্টা করছে, কিন্তু ধীরে ধীরে সামনের দিকে আরও ঝুঁকছে শরীর। হাত থেকে পড়ে গেল রাইফেল, বাড়ি খেল পাঁচিলের মাথায়, খসে পড়ছে নিচে। লাইটপোস্টের মাথায় ধাক্কা খেয়ে জুয়েলারির দোকানের সানশেডে লাগল, সেখান থেকে ধাতব শব্দ তুলে শক্ত কংক্রিট ফুটপাতে।
মরতে বসা দ্বিতীয় স্নাইপার ঢলে পড়ল পাঁচিলের মাথায়, একটা গড়ানি খেল শরীর, পাঁচিলের কিনারা থেকে শূন্যে ভাসল, নিচের ফুটপাতে পড়ল ভোঁতা শব্দ করে। ওখানে ওটা একদম স্থির হয়ে থাকল।
নিজের অবস্থান থেকে শত্রুকে পড়ে যেতে দেখে শিউরে উঠল তরুণ, যুদ্ধ করার লোভ আর নেশা মারা গেল তার ভেতর। অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটল। পেট ভরে খাওয়া হয়নি, সারা রাত একবারও দু-চোখের পাতা এক করেনি, রক্তক্ষরণে দুর্বল, এবং সবশেষে তার হাতে নিহত একজন মানুষ যেভাবে ছাদ থেকে খসে ফুটপাতে পড়ল, নিজের প্রতি ঘৃণা হতে লাগল তার।
প্রচণ্ড শীত করছে তরুণের, দু-সারি দাঁত পরস্পরের সঙ্গে বাড়ি খাচ্ছে, নিঃশ্বাসের সঙ্গে অভিশাপ দিচ্ছে এই গৃহযুদ্ধকে, গালিগালাজ করছে সবাইকে।
হাতে ধরা পিস্তলের দিকে তাকাল সে, মাজল থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। প্রচণ্ড রাগে একটা শপথ বা প্রতিজ্ঞা করল, তারপর গায়ের জোরে নিজের পায়ের কাছে আছাড় মারল অস্ত্রটা। খুবই আনাড়ির মতো হয়ে গেল তার এই আচরণ। বিকট শব্দে গুলি বেরিয়ে গেল, ছুটে গেল তার মাথার পাশ ঘেঁষে। শক খেয়ে ভয় লাগল তার, ফিরে পেল কাণ্ডজ্ঞান। ধীরে ধীরে সুস্থির হলো স্নায়ু। ঠান্ডা ঘাম দিয়ে ভয়টা কেটে গেল। হেসে উঠল সে।
ছাদ থেকে নামতে আর কোনো বাঁধা নেই। এখনই নেমে কোম্পানি কমান্ডারকে খোঁজা উচিত। রিপোর্ট করতে হবে। চারপাশের সবকিছু স্থির। রাস্তা দিয়ে হেঁটে গেলে খুব বেশি ঝুঁকি নেওয়া হবে না। পিস্তলটা তুলে হোলস্টারে গুঁজল, তারপর সিঁড়ির দরজা খুলে পরিত্যক্ত বাড়ির নিচে নেমে এল।
রাস্তায় বেরিয়ে আসার পর তার মনে হলো, লাশটাকে সার্চ করা দরকার। শত্রুপক্ষের স্নাইপারকে দেখার একটু কৌতূহলও জাগল। ছোকরা যেই-ই হোক, টিপ খুব ভালো। আবার এমন নয় তো, লাশের মতো পড়ে আছে, কিন্তু এখনো জান বেরোয়নি, অপেক্ষায় আছে ওকে সে দেখতে গেলে ক্লোজ রেঞ্জ থেকে পিস্তলের ট্রিগার টেনে দেবে?
উঁকি দিয়ে রাস্তাটা দেখে নিল তরুণ। গোলাগুলির আওয়াজই বলে দিচ্ছে এই রাস্তার অন্য মাথায় তুমুল যুদ্ধ হচ্ছে। তবে এদিকটা একদম শান্ত।
দূরত্বটা একছুটে পার হচ্ছে সে, হাতে বাগিয়ে ধরা পিস্তল। আশপাশ কোথাও থেকে একটা মেশিন গান খ্যার-খ্যার-খ্যার-খ্যার শব্দে গর্জে উঠল, তবে তার কোনো ক্ষতি হলো না। ডাইভ দিয়ে লাশের পাশে পড়ল তরুণ। মেশিন গান থেমে গেল।
লাশটা ওল্টালো সে, তাকাল মুখটার দিকে। নিজেকে চিনতে পেরে পাগল হয়ে গেল।
বিদেশি গল্পের ছায়াবলম্বনে