স্নিগ্ধ নিঃশ্বাসের ধরিত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন পূর্ণিমার নীলবর্ণের আলোয় আলোকিত পৃথিবী। নদীর জোয়ার-ভাটার উজ্জ্বল ও অন্ধকার ছায়ার পৃথিবী। ২৫ জন নবীন-প্রবীণ শিল্পীর ভাসমান জলরং ছবি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২২ ও ২৩ জুন। আর আসছে ২৩ জুলাই থেকে গ্যালারি চিত্রকে ২৫ জন শিল্পীর আঁকা ছবির প্রদর্শনী শুরু হচ্ছে। ঢাকার আমেরিকান সেন্টার ও গ্যালারি চিত্রক এ প্রদর্শনীর আয়োজক। প্রদর্শনীর শিরোনাম ‘আড্ডা থ্রু আর্ট’। ছবি আঁকার সঙ্গে অগ্রজ শিল্পীদের সঙ্গে অনুজ শিল্পীদের মতবিনিময় ছবিসংশ্লিষ্ট গল্প আর হইহুল্লোড়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় জলরং ছবিগুলো। প্রকৃতি দর্শনের জন্য একাডেমিক শিল্পশিক্ষায় আলাদা একটি বিষয় পাঠ্যসূচিতে থাকে। সে ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষালাভকারী শিল্পীদের প্রকৃতি পাঠের অভ্যাস অব্যাহত থাকে। রং ও বিষয়ের নিরীক্ষায় সৃষ্ট এ প্রদর্শনীর কাজগুলোতে কেউ প্রকৃতিকে পাঠ করেছেন হুবহু, আবার কোনো শিল্পী প্রথাগত আকৃতির ভাঙন তৈরি করে ছবি এঁকেছেন। প্রকৃতির ভেতর আবিষ্ট জ্যামিতি আর রঙের উপস্থাপন দেখা যায় কোনো কোনো কাজে। নাগরিক জীবনের কোলাহল আর সবুজহীন রুক্ষ শহরের হারানো স্নিগ্ধতা ফিরে পেয়েছে জলরং কর্মশালায়। প্রদর্শনীর মোট কাজের সংখ্যা ২৫। অলকেশ ঘোষ ঘনঘোর ধূসর রঙের ধোয়ায় এঁকেছেন নদী ও নৌকা চলাচলের মুহূর্তকে। হালকা নীল জলের বুকে পাল তোলা নৌকার রং এসে পড়েছে নদীর জলে। শহীদ কবির নদীর ওপারে পারাপারের ব্রিজ দেখিয়েছেন ছবিতে।নদীর ওপর আকাশ আর মেঘের অস্থিরতা বৃষ্টির পূর্বাভাস দেয়। শহীদ কবিরের এ ছবি বন্ধনের সেতু হিসেবে দেখা যায়। শিল্পী রফিকুন নবী এঁকেছেন নদীর পাড়ে একদল মানুষের জটলা। নদীতে অপেক্ষা করছে একটি নৌকা। গাঢ় সবুজ রঙে নদীর পাড় গড়িয়ে পড়ছে জলের দিকে। নিপুণ কারিগরের হাতে গড়া খাঁটি অলংকারের মতোই রফিকুন নবী আঁকেন প্রকৃতির রূপ। এ ছবির বিষয়ে বৈচিত্র্যের চেয়ে চিত্রতলে সাজানো বিষয় অনেক বেশি পরিকল্পিত। তরুণ শিল্পী জয়া শাহরিন হক প্রকৃতির ছবি এঁকেছেন প্রকৃতির খণ্ড উপাদানে। নকশাধর্মী ফর্মের ভেতর হাতের মুঠোয় ফুল আর মুষ্টিবদ্ধ হাতের ওপর দুরন্ত বাঘের অবয়ব, হরিণ, মাছ, ডলফিন, জিরাফ ও নানা পাখির প্রতীকী উপস্থাপন ছবির বিষয়ে ভিন্নতা এসেছে। বাস্তবরীতির অঙ্কন প্রথার বাইরে এসে শিল্পী মনিরুল ইসলাম প্রকৃতির রং ও আকৃতি উপস্থাপন করেছেন। ছবির জমিনে তিনি লম্বালম্বি ও আড়াআড়ি রেখার সৃষ্টি করেছেন। জ্যামিতিক পরিধি ভেঙে দিয়েছেন কৌণিক রেখা প্রয়োগ করে। শিল্পী মনিরুল ইসলামের আধাবিমূর্ত ঢঙের উপস্থাপনায় প্রকৃতি স্পষ্ট। হামিদুজ্জামান খানের ছবির আকাশ অন্ধকার। মেঘে ছাওয়া। এটি রাতের আকাশও হতে পারে, নৌকায় দাঁড় বাওয়া মানুষের আশপাশ ঘিরে আলোর আভা। উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে নদী ও নৌকার মানুষেরা। গোলাম ফারুক প্রকৃতিকে তুলে এনেছেন জ্যামিতিক আকৃতি আর দুরন্ত রেখার মিশেলে। নীল, ধূসর রঙে আঁকা ঘরবাড়ির বাস্তব আকৃতি ভেঙে চিত্রতল গড়েছেন। বীরেন সোম এ প্রদর্শনীতে নিরীক্ষাধর্মী কাজ উপস্থাপন করেছেন। ক্যানভাস দুটি ভাগে ভাগ করা। নীল, হলুদ, সবুজ, লাল রং ছবির প্রথম ভাগে ও দ্বিতীয় ভাগে গাঢ় নীলের বর্গাকৃতি ইমেজ। প্রকৃতির সঙ্গে মিশে থাকা মৌলিক রং আর আকাশের জ্যামিতিক রূপ প্রকাশ করেছে। আনিসুজ্জামানের জলরঙে আমরা খুঁজে পাই প্রিন্টমেকিংয়ের চেনা রংগুলো। সেপিয়া গ্রিনের ধোঁয়ায় আকাশ, ঘরবাড়ি, নৌকা বাস্তবরীতিতে এঁকেছেন। চিত্রতলে বিষয়ের বিন্যাস সামঞ্জস্যপূর্ণ। গত ২২ ও ২৩ জুন শীতলক্ষ্যা নদীর বুকে ভেসে চলা জলযানে নবীন-প্রবীণ শিল্পীদের প্রকৃতির আরাধনায় আবহমান বাংলার চিরচেনা নদী আর সবুজ প্রকৃতির কথা উঠে এসেছে।ভ্রমণে অংশগ্রহণকারী শিল্পীদের প্রত্যেকের একটি করে কাজ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা হলেন, রফিকুন নবী, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, শহীদ কবির, বীরেন সোম, অলকেশ ঘোষ, গোলাম ফারুক, মনিরুজ্জামান, লায়ল শারমিন, জহির উদ্দিন, আনিসুজ্জামান, ফিরোজ মাহমুদ, জয়া শাহরিন, খালিদ মাহমুদ, সুমন আহমেদ, ওয়াহিদুজ্জামান, আয়শা সুলতানা, মনজুরুল লভি, জাফরিন গুলশান, শাকিল আহমেদ ও কামাল উদ্দিন। প্রদর্শনী শেষ হবে ২০ জুলাই।