স্ফুলিঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির মন পাবার আশায়
অনর্গল প্রীতিবাক্য বলে যাচ্ছে ছেলেটি—অন্তরঙ্গ, অনাবিল—
নানারূপ প্রীতিভঙ্গিমাসহ।
হৃৎপুষ্পের আভা-ফোটা অবয়বে এসে মিশছে ভাষার কুহক।

খেলে যায় খরস্রোতা বিদ্যুৎ, মানুষে মানুষীতে।
তাতে চার্জড হয়ে ওঠে মুখোমুখি দুজনের মধ্যবর্তী বায়ুস্তরও।
আর এই সেই দ্রুত-বলয়িত-হতে-থাকা উদ্ভ্রান্ত বিদ্যুৎ
যা মানুষকে মুহূর্তে বানিয়ে ফেলে পরাক্রান্ত চুম্বক।

যে বিভ্রান্ত শিখা এখন দহন করছে ছেলেটিকে
অঙ্কুরণ হয়েছিল তার ছোট্ট একটি স্ফুলিঙ্গে, বেশ আগে।

কখনো সম্ভব হয় যদি,
মেয়েটির মন ঘুরিয়ে দিয়ো তুমি ছেলেটির প্রতি।
এখন নয়, পরে কোনো একসময়।

ছেলেটি থাকবে না একদিন। মেয়েটিও না।
ওই দুঃখদহনের সুরটুকু সম্ভবত বাজতে থাকবে কোথাও-না-কোথাও
চুপচাপ, সংগতবিহীন।