স্বচ্ছ জলরঙে প্রকৃতি
শিল্পী বীরেন সোম, অলকেশ ঘোষ ও সোহাগ পারভেজের তত্ত্বাবধানে শিল্পানু একাডেমি অব ফাইন আর্টসের উদ্যোগে ১৫ এপ্রিল থেকে মাসব্যাপী অনুষ্ঠিত হয় জলরং কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, বুলবুল ললিতকলা একাডেমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও চট্টগ্রাম আর্ট কলেজের ২৯ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন। কর্মশালাটি উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। ধানমন্ডি লেক, গাবতলী, আমিনবাজার প্রভৃতি উন্মুক্ত পরিবেশে শিল্পীরা ঘুরে ঘুরে ছবি আঁকেন। ইম্প্রেশনিস্টিক রীতিতে কাগজের ওপর জলরঙে নিসর্গ চিত্রায়ণের কলাকৌশল শেখানোই ছিল মূলত এ কর্মশালার উদ্দেশ্য। নদী, নৌকা, গ্রাম, গাছপালা, লেক প্রভৃতি স্থানে দিনের বিভিন্ন সময়ে আলোছায়ার তারতম্য এবং এর ফলে যে রঙের পরিবর্তন—সেই রংকে চিত্রপটে ধরতে শেখানোই ছিল এ কর্মশালার লক্ষ্য। রোদ, ছায়া এবং নিয়ত পরিবর্তনশীল প্রকৃতির রং চিত্রপটে তুলে আনতে গিয়ে শিল্পীরা আয়ত্ত করেছেন পরিপ্রেক্ষিতের বোধ, বিন্যাসরীতি, ড্রয়িংয়ের মধ্যে দিয়ে বস্তুর রূপ নির্মাণ। রঙের স্বচ্ছতা ও তারল্য এ দুটি বৈশিষ্ট্য আরোপের প্রচেষ্টাও পরিলক্ষিত হয় শিল্পীদের ছবিতে। আর একটি বিষয় তাঁরা এ কর্মশালায় আয়ত্ত করেন, সেটি হলো পরিমিত রং ব্যবহারের জ্ঞান। ভারী করে রং না চাপিয়ে বা প্রচুর রং ব্যবহার না করে অল্প রং, অল্প কিছু তুলির টানের মধ্যে দিয়ে একটি বিস্তৃত পরিসরকে ধরার প্রচেষ্টা প্রায় সব শিল্পীর ছবিতে আছে। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের ৪৯টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিল্পীরা হলেন মনিরুল ইসলাম, বীরেন সোম, অলকেশ ঘোষ, ফয়েজুল কবির, সোহাগ পারভেজ, আরিফুর রহমান, এ জেড শিমুল, আশরাফা সিদ্দিক, আবদুর রব, আনজুম হক, বিপ্লব কুমার দাস, ফারহানা ইয়াসমিন, হুমায়রা আকতার, ইসকিন্দার মির্জা, ইরিন সুলতানা, কামরুননাহার, মো. আসাদুজ্জামান, মনজুর রশীদ, মুসতাকিনা তারিন, নয়ন ত্রিপুরা, নাফিসা ইসলাম, নারগিস আকতার, রকুনুজ্জামান, শাহানুর মামুন, সাগর চক্রবর্তী, সেতারা আকতার, শামিমা আনাম, সিতি ফাতেমা ও ওরিয়র রহমান। শিল্পীদের প্রত্যেকের ছবিতে মূল লক্ষ্য হলো প্রকৃতিকে হুবহু তুলে আনা নয়, বা প্রকৃতির রূপ-রস ও সৌন্দর্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নয়। প্রকৃতির সৌন্দর্যের নির্যাসকে তুলে আনাই ছিল এ কর্মশালার শিল্পীদের আরাধ্য এবং তাঁদের প্রদর্শিত ছবিগুলো এ প্রচেষ্টারই সাক্ষ্য বহন করে। প্রদর্শনীটি আজ শেষ হচ্ছে।