স্বদেশি মনোবিদ্যা
অমিতরঞ্জন বসু একজন ‘ভুঁইফোঁড়’ মনোবিদ—এটা তাঁর নিজের কথা, কিন্তু আমরা সে কথা মানব না। বাংলা ভাষায় ‘সোশ্যাল সাইকিয়াট্রি’ বিষয়ে লেখালেখি একেবারে অল্প হয়নি। কিন্তু সেসব কাজের পনেরো আনার মধ্যে তরজমার গন্ধ, বাংলা মনে হয় না। অমিতরঞ্জন বসু তাঁর ভুঁইফোঁড়ের মনোবিদ্যা বই থেকে এই গন্ধ বিদায় করেছেন। তিনি যেসব বিষয় নাড়াচাড়া করেছেন, সেগুলোও তাঁর ভাষার মতোই নতুন এবং আমাদের জন্য প্রাসঙ্গিক। আলোচনার মূল বিষয়গুলো শুনতে খটোমটো লাগতে পারে—মনোবিদ্যার ইতিহাস, পদ্ধতি, জ্ঞানগত ভিত্তি; কিন্তু বসু সহজিয়া পথে হেঁটেছেন, বই পড়তে পড়তে মনে হবে না শক্ত কিছু কামড়াচ্ছি। বইয়ের আলোচনায়ও আমরা সেই রীতি বজায় রাখব।ভারতীয় মনোবিদ্যায় পশ্চিমের অসুখগুলোকে ‘স্ট্যান্ডার্ড’ ধরে নিয়ে তার সামান্য এদিক-ওদিক হিসেবে ভারতীয় রোগগুলো বোঝার চেষ্টা হয় (অজিতা চক্রবর্তী: ১৯৯১)। এই ভুঁইফোঁড় নীতির বিরুদ্ধে বসুর প্রধান আপত্তি। আমাদের সাংস্কৃতিক পরিসরে বিদেশি তত্ত্ব কত দূর খাটে, সেটা বুঝে বাকিটা ছেঁটে দিতেই তিনি আগ্রহী। একাডেমীতে চেপে থাকা এজাতীয় দৃষ্টিভঙ্গি খেদাতে তিনি খাটনি করেছেন কয়েকটি ধাপে। উনিশ-শতকী মনোবিদ্যার ইতিহাস ঘেঁটে তিনি এর জ্ঞানতাত্ত্বিক অসুবিধা ও উপনিবেশি খাসলত বোঝার চেষ্টা করেছেন। পাল্টা ডিসকোর্স হিসেবে তিনি খুঁজেছেন স্বদেশি মনোবিদ্যার ইতিহাস। দেশীয় মনোবিদ্যার পরিসর গোছানোয় তিনি মনোযোগ দিয়েছেন স্বতন্ত্র পদ্ধতিতে, সঙ্গে সঙ্গে নিজের কাজে তার প্রয়োগ করে দেখছেন—ফলটা কেমন দাঁড়াচ্ছে। পদ্ধতি নিয়ে বসুর পক্ষপাত ‘মুখের কথার ইতিহাস’-এর ওপর। এই পদ্ধতি মনোবিদ্যা ও ইতিহাস দুই ক্ষেত্রেই প্রচলিত সনাতন পদ্ধতির সমালোচনা করে। ‘জীবনকাহিনি গবেষণা’র সম্ভাবনাকেও তিনি বেশ উসকে দিয়েছেন। এসব পদ্ধতির প্রয়োগকলাও বইয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে। যেমন মুখের কথার ইতিহাসবিষয়ক লেখায় তিনি যেসব প্রশ্ন তুলছেন, তার প্রয়োগ ঘটছে ‘আত্মকাহিনির নির্মাণ’ প্রবন্ধে। মানসিক রোগী নিরঞ্জন ভৌমিকের ওপর কাজ করতে গিয়ে তিনি এসব পদ্ধতি ব্যবহার করছিলেন।‘ভারতীয় মনোবিদ্যার ইতিহাসের ডিসকোর্সের এন্ট্রি পয়েন্ট’ হিসেবে তিনি গ্রহণ করেছেন গিরীন্দ্রশেখর বসুকে। ১৯২১ সালে তিনি যখন কনসেপ্ট অব রিপ্রেশন লিখছেন, তখনো ফ্রয়েডের বই ভারতে এসে পৌঁছায়নি। কিন্তু ফ্রয়েড এই বই হাতে পেয়ে গিরীন্দ্রকে লিখছেন, এর মোদ্দা কথার সঙ্গে তিনি একমত। ব্রিটিশ মনঃসমীক্ষক বার্কলে হিল যখন প্রাণপণ সাধনা করছেন হিন্দুর এক কুচুটে-ব্যক্তিত্ব নির্মাণ করতে, গিরীন্দ্র তখন ইডিপাস-কমপ্লেক্স প্রসঙ্গে নিজের দ্বিমত নিয়ে ফ্রয়েডকে চিঠি লিখছেন। তিনি নিজে ‘বিরুদ্ধ ইচ্ছাবাদ’ বলে একটি তত্ত্ব খাড়া করেছিলেন। ফ্রয়েডের অনেক কথাবার্তায় তাঁর সায় ছিল না। শুরুতে ফ্রয়েড বেশ পিঠ চাপড়ানোর মুডে থাকলেও পরের দিকে অস্বস্তি চেপে রাখতে পারেননি। লেখক গিরীন্দ্রের দুটো গুরুতর বই—স্বপ্ন (১৩৩৫) আর গীতা (১৩৫৫) নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমা ছাঁচ থেকে মুক্তি পেতে গিরীন্দ্র এক ভারতীয় আদিকল্প নির্মাণের চেষ্টা করছিলেন—এসব বইয়ে তার নিশানা স্পষ্ট।গাঁজাবিষয়ক প্রবন্ধটি অমিতরঞ্জন বসু লিখেছেন ‘একজন গঞ্জিকাসেবীর রচিত আধুনিক ভারতের গাঁজাপুরাণ (বা ইতিহাস)’ হিসেবে। শুদ্ধ গবেষকের ভড়ংয়ে এই পুরাণ তিনি রচেননি। গাঁজার প্রেমে তিনি স্বয়ং মজেছেন, আঠারো শতকের কবি শান্তিদাসকেও রেহাই দেননি, ধরে এনে তাঁকে দিয়ে বলাচ্ছেন:‘করজোড়ে ভক্তি আমি এহি করি স্তুতিজন্মে জন্মে থাকে যেন তামাকুতে মতি।ভারতে আসিয়া যেবা তামাকু না খাএপ্রাণ গেলে সেই জন মহাদুঃখ পাএ।’আবার সিত কর্মকারের পুঁথি ঘেঁটে তিনি উদ্ধৃত করছেন:‘তামাকু হইল দেখ পৃথিম্বির সারগাঁজা ভাঙ ধুতুরা তবে হৈল অবতার।নিশাখোরে নেশা খাএ সবার বিদিততাহার যে নিন্দা করা হএ অনুচিত।’এ রকম মধুর ভাব জানান দেওয়ার পাশাপাশি গাঁজা কী করে ভদ্রজনের ঘৃণার লক্ষ্য হয়ে উঠল, তার প্রধান ঘাটগুলো শনাক্ত করেছেন তিনি। কীভাবে ইন্ডিয়ান হেম্প ড্রাগস কমিশনের (১৮৯৩) গবেষণায় গাঁজাবিষয়ক নতুন ডিসকোর্সের নির্মিত হচ্ছে—গাঁজা যেখানে একটি অত্যন্ত ‘বিপজ্জনক’ ভক্ষ্য। গাঁজা চাষের ওপর প্রশ্নের এক বিরাট ফর্দ তৈরি হলো। যেখানে উত্তর করতে হুকুম পেলেন তাঁরাই, যাঁরা গাঁজাবিদ্বেষী, কোনোকালে গাঁজা ছুঁয়ে দেখেননি। এই বিরাট গবেষণা থেকে জানা গেল গাঁজার বল আসুরিক: গাঁজা পাগলামির কারণ, খুনের প্রণোদনা এবং বিদ্রোহে মদদদাতা। শেষ প্রবন্ধে এসে লেখক জানাচ্ছেন, ‘গিরীন্দ্রশেখর তাঁর সমসাময়িক এলিট অ্যাকাডেমিক সংস্কৃতির ঊর্ধ্বে ছিলেন না।’ আফসোস তবু মিটছে না, কারণ দুর্গানন্দ সিন্হার বিরুদ্ধে যেসব কড়া সমালোচনা তিনি করেছেন, তার কয়েকটি গিরীন্দ্রের ক্ষেত্রেও খাটে। যেমন ‘সব ব্যাদে আছে’ (গিরীন্দ্র হামেশাই শরণ নিয়েছেন উপনিষদের), প্রাচীন শাস্ত্রে ফিরে যাওয়ার বাসনা (গিরীন্দ্র মনোবিদ্যাকে ‘সাত্ত্বিক’ বলছেন, কারণ ‘আত্মার সাক্ষাৎকারের চেষ্টাই হিন্দুধর্মের চরম উপদেশ’) ইত্যাদি। গিরীন্দ্রকে বিশ শতকের গোড়ার ‘হিন্দু ভদ্রলোক’ শ্রেণীর একজন বলেই বোধ হয় শনাক্ত করতে হবে। বার্কলে হিল যেমন কুচুটে-হিন্দু গড়ছিলেন, তার বিপরীতে গিরীন্দ্রের আদিকল্পে কেবল ভারতীয় হিন্দুরই স্থান ছিল, বাদবাকিরা তাঁর কল্পনায় খোয়া গেছেন। গীতা বইতে গিরীন্দ্র জানাচ্ছেন গোঁড়ামি থেকে মুক্ত হয়ে গীতাশাস্ত্রের ‘নিরপেক্ষ’ ব্যাখ্যা রচনার কাজে প্রথম হাত দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।শেষ কথাটা এই যে অমিতরঞ্জন বসু বহুদিনের অন্ধকার কুঠুরিতে হাত দিয়েছেন। এ বইয়ের তাই এক চোখ-ঠিকরানো দীপ্তি আছে।