স্বপ্ন এখন হাতের মুঠোয়
সায়ীফ সালাহউদ্দিনের হাত ধরে মুঠোবন্দি হতে যাচ্ছে বাংলাদেশের তরুণদের স্বপ্ন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পড়া ছিল যেখানে দুরাশার মতো, সেখানে শিক্ষকতা করছেন সায়ীফ। উদ্ভাবন করেছেন যুগান্তকারী এক প্রযুক্তি। এ কারণে শুধু ক্যালিফোর্নিয়া নয়, গোটা পশ্চিমা বিশ্ব জেনেছে বাংলাদেশের নাম। লিখেছেন নাইর ইকবালএকজন সায়ীফ সালাহউদ্দিনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক সায়ীফ সালাহউদ্দিন। একটা সময় ছিল, যখন বাংলাদেশি ছাত্রছাত্রীদের কাছে এই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ছিল অনেক দূরের স্বপ্ন।সায়ীফ সালাহউদ্দিন তাঁর গোটা শিক্ষাজীবন কাটিয়েছেন বাংলাদেশের জল-হাওয়ায়। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ছাত্র ছিলেন তিনি। সেখান থেকেই ১৯৯৪ সালে ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন মেধাবীদের পীঠস্থান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। বর্তমানে তিনি মেধার প্রমাণ রেখে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শুধু শিক্ষকতাই নয়, তিনি তাঁর দল নিয়ে এমন একটি যুগান্তকারী উদ্ভাবনের নেতৃত্ব দিয়েছেন, যা হয়তো আর কিছু দিন পর বদলে দেবে তথ্যপ্রযুক্তির অনেক চলে আসা ব্যাপারস্যাপার। সায়ীফ ও তাঁর দলের উদ্ভাবন যা-ই হোক না কেন, এর মাধ্যমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াসহ গোটা পশ্চিমা বিশ্ব জেনেছে বাংলাদেশের নাম।কী এই উদ্ভাবনবিজ্ঞানের কচকচানির মধ্যে না গিয়ে একেবারে সহজ ভাষায়, সায়ীফ সালাহউদ্দিন ও তাঁর দলের এ আবিষ্কারটি যেকোনো ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহূত ব্যাটারির ব্যবহারের হার অনেক বাড়িয়ে দেবে। অর্থাৎ, তাঁর এই আবিষ্কার ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া রোধ করে, এক চার্জে এনে দেবে বেশিক্ষণ ব্যবহারের সুযোগ। এই উদ্ভাবনে সায়ীফের সঙ্গী ছিলেন আরেক মেধাবী বাংলাদেশি, আসিফ খান। তাঁরা দুজন এই কাজে প্রাকৃতিকভাবে ইলেকট্রন জমা হয়ে থাকা উপাদান ব্যবহার করে একটি ক্যাপাসিটর তৈরি করেছেন, যে ক্যাপাসিটরটি কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে ভোল্টেজের পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে।প্রাকৃতিকভাবে ইলেকট্রন জমা হয়ে থাকা সেই উপাদানের নাম ফেরোইলেকট্রিক, যা ধনাত্মক ও ঋণাত্মক—দুই ধরনের চার্জই ধারণ করতে সক্ষম। এমনকি যখন কোনো ভোল্টেজ থাকে না, তখনো ফেরোইলেকট্রিক উপাদানে তৈরি ক্যাপাসিটর দুই ধরনের চার্জ ধারণ করতে পারে।২০০৮ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নিজেদের গবেষণায় সায়ীফ সালাহউদ্দিন গ্র্যাজুয়েট ছাত্র আসিফ খানকে সঙ্গে নিয়ে দেখিয়েছেন, যখন একটি ক্যাপাসিটর ফেরোইলেকট্রিক উপাদানে তৈরি করা হয় এবং একে একটি ইলেকট্রিক ইনস্যুলেটরের সঙ্গে সংযুক্ত করা হয়, তখন অনেক কম ভোল্টেজেই এর মধ্যে অনেক বেশি পরিমাণে চার্জ জমা হয়। সেখানে যে ধরনের চার্জ জমা হয়, তা কেবল অনেক বেশি ভোল্টেজের মাধ্যমেই দেওয়া সম্ভব। এই চার্জ যখন যেকোনো ট্রানজিস্টরে দেওয়া হয়, তখন তা দিয়ে অনেক কম বৈদ্যুতিক ভোল্টেজ ব্যবহার করে কম্পিউটার চালানো সম্ভব। বর্তমানে কম্পিউটার চালাতে যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হয়, সায়ীফ সালাহউদ্দিনের উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করলে অনেক কম ভোল্টেজে তা চালানো সম্ভব।আমরা সবাই জানি, কম্পিউটারের প্রসেসর (চিপ) ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়। একটি প্রসেসরে যত বেশি ট্রানজিস্টর থাকবে, প্রসেসরটি তত বেশি শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। সত্তরের দশকে এ ব্যাপারটি আবিষ্কৃত হয়। ‘মুর’র ল নামে পরিচিত এই গবেষণায় দেখা গিয়েছিল, একটি কম্পিউটার চিপে যে পরিমাণ ট্রানজিস্টর ঢোকানো হয়, প্রতি দুই বছর পর তার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। একটি আধুনিক চিপে কয়েক শ কোটি ট্রানজিস্টর থাকতে পারে।সায়ীফ সালাহউদ্দিন তাঁর গবেষণার মাধ্যমে প্রস্তাব রেখেছেন, কম্পিউটার চিপের মধ্যে যদি ফেরোইলেকট্রিক উপাদান দিয়ে তৈরি ট্রানজিস্টর ঢোকানো হয়, তাহলে তা অনেক কম বৈদ্যুতিক ভোল্টেজে চার্জ করা সম্ভব। সায়ীফের এই উদ্ভাবন ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের ৫ শতাংশ ব্যবহূত হয় তথ্যপ্রযুক্তি খাতে, বিশেষ করে কম্পিউটারসংক্রান্ত কাজে। কম্পিউটারের কাজে ব্যবহূত যুক্তরাষ্ট্রের ৫ শতাংশ বিদ্যুৎ আবার ছোটখাটো একটি দেশের মোট উৎপাদিত ও ব্যবহূত বিদ্যুতের সমান। তাই সায়ীফের এই উদ্ভাবনের যদি ব্যবহারিক ব্যবহার হয়, তা যুক্তরাষ্ট্রের বিদ্যুতের ব্যয় কমিয়ে নিয়ে আসতে পারবে অনেকটাই।সায়ীফের ভাবনায় বাংলাদেশসায়ীফ সালাহউদ্দিনের মতে, বাংলাদেশে মেধাবীর কোনো অভাব নেই। মেধাবীরা নিজ যোগ্যতায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে স্থান করে নিচ্ছেন, নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন। কিন্তু তিনি চিন্তিত এই ভেবে যে বাংলাদেশ তার মেধাবীদের ধরে রাখতে পারছে না।নিজের উদাহরণ টেনে বলেন, ‘আমাকে যদি আপনারা মেধাবী বলেন, তাহলে সরকার আমার জন্য কিছুই করেনি, এটা বলা উচিত হবে না।’ একজন ছাত্রকে প্রকৌশলী বানানো কম খরচের বিষয় নয়। দরিদ্র এই দেশের সরকার তো একজনকে প্রকৌশলী বানাচ্ছে। আমাদের দেশের বেসরকারি খাতের উচিত, মেধাবীদের জন্য কাজের সুযোগ করে দেওয়া।’ দেশে ম্যানুফ্যাকচারিং শিল্প গড়ে উঠলে তবেই মেধাবীরা সত্যিকার অর্থে কাজ করার সুযোগ পাবেন। তিনি ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের উদাহরণ টেনে বলেন, এ যন্ত্রটি তৈরি করেছে বাংলাদেশের ছেলেমেয়েরা। সায়ীফ সালাহউদ্দিন বলেন, ‘আমরা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় যে গবেষণাটি করে নাম করেছি, সেটি বেসরকারি খাতের অর্থায়নের গবেষণা। এমন যদি বাংলাদেশে করা যেত, তাহলে দেশের অনেক মেধা দেশের কল্যাণেই কাজে লাগত।’ফেলে আসা দিনগুলোসায়ীফ সালাহউদ্দিনের বাবা এ এস সালাহউদ্দিন আহমেদ ছিলেন সরকারি চাকুরে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার (বিএসএফআইসি) চেয়ারম্যান হয়েছিলেন। মা, সাইয়েদা সালাহউদ্দিন একজন গৃহিণী। ছেলের মেধার সর্বোত্তম বিকাশে তাঁদের অবদান বলে বোঝানোর মতো নয়—এ কথা বলেছেন ছেলে সায়ীফ সালাহউদ্দিন নিজেই। বাবার বদলির চাকরির সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। ১৯৯০ সালের দিকে সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় ঢাকায় এসে থিতু হন। শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা, অর্থাৎ এসএসসি পরীক্ষার আগ দিয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের জীবন তিনি এখনো ভুলতে পারেন না। তিনি বলেন, এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অসম্ভব যত্ন ও ভালোবাসায়, মেধা বলুন আর যা-ই বলুন, সবকিছুই বিকশিত হয়েছে। বুয়েটের জীবনও তাঁর মেধাকে বিকশিত করেছে।শেষ কথা সায়ীফ কয়েক দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন। আবার ফিরে যাবেন তাঁর কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্রে। সেখানে আবার ব্যস্ত হবেন অন্য কোনো গবেষণায়, অন্য কোনো উদ্ভাবনে। তিনি যেখানেই থাকুন, যা-ই করুন, এ দেশের মানুষের ভালোবাসা আর আশীর্বাদ থাকবে তাঁর সঙ্গে। এ দেশের মাটি গর্বভরে জানান দেবে, সায়ীফ সালাহউদ্দিনের মতো কৃতী-মেধাবীদের জন্মগাথা।