স্বপ্ন খেয়ে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের শিরদাঁড়া বেয়ে হেঁটে চলা নিরন্তর
এ যেন নিমগ্ন যাত্রা,
ভাবনা আর ভুতুড়ে ভূমিকায়—
উঁকি দিয়ে যায় অতীতের ঈপ্সিত ইন্দ্রজাল,
শিরা-উপশিরার প্রত্যেক প্রান্তে বাঁচার আকাঙ্ক্ষা
যেখানে বৃষ্টি নামবে হয়তো কিছুক্ষণ বাদেই।

গাঙচিল আর পতঙ্গদের যাযাবর পথচলা
ফিরে আসার সমস্ত সম্ভাবনা এখন ব্যর্থ
পরাশ্রয়ে পাপড়ির মতো অভুক্ত অনাদিকাল।
জানালার ওপাশে বয়ে চলে ফাগুন বাতাস
অথচ বৈরী বাতাসে এলোমেলো নিত্য জীবন।
জল-রোদের পিপাসা আজ আর নেই
ঘুম-ঘুড়ি উড়ছে আকাশে, নাচছে অভুক্ত জীবন।
দিব্যি বেঁচে থাকার জন্য—
স্বপ্নগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি।
 খুলনা