সিসেম দুয়ার খোলো নাসরীন জাহান প্রথমা প্রকাশন; প্রচ্ছদ: সব্যসাচী হাজরা; দাম: ১৫০ টাকাসে এক আজব ফাল্গুনের হাওয়া বইছিল হলুদ হলুদ সবুজ সবুজ গ্রামটিতে। প্রান্তরের পর প্রান্তর দৌড়াত কিশোর-কিশোরী। ওরা আশ্চর্য সব স্বপ্নের কথা বলত। যা মতিবিবি আর কুদ্দুস ছাড়া কেউ বুঝত না। নাসরীন জাহানের উপন্যাস সিসেম দুয়ার খোলো, যেখানে নারী-পুরুষের প্রেম পেয়েছে বিশাল ক্যানভাস। চন্দ্রাবতী-জয়ানন্দের ছায়ায় তৈরি মতিবিবি-কুদ্দুস, মুনতাসির-শশীকলাসহ প্রতিটি চরিত্র পাঠকের বন্ধ দরজায় কড়া নাড়ে।এই উপন্যাস দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক মানুষের প্রতিবাদী হয়ে ওঠার গল্প শোনায়। নাসরীন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই উপন্যাসেও তৈরি করেছেন অদ্ভুত এক মায়াজগৎ। বাস্তবের ঘোরতর আঁধার কখনো সেই জগতে আরও নিষ্ঠুর হয়ে ওঠে, কখনো বা তা যেন শোনাতে চায় শান্তির কিছু কথা। এই উপন্যাসের প্রেটাগনিস্ট মুনতাসির এক স্বপ্ন দেখা পুরুষ। না, সেই স্বপ্ন সুন্দর নয়, তা তাকে দেখায় এমন দৃশ্য, নিয়ে যায় এমন অবাস্তবের রাজ্যে যা তাকে কেবল বিব্রতই করে। শিশুকালের অভিশাপ সে বয়ে বেড়ায় বহুদিন। যা থেকে তার মুক্তির ইঙ্গিত পাঠক পায় এই উপন্যাসের শেষাংশে। মুনতাসির এক স্মৃতিভ্রংশ বালক, সে যত বড় হয় ততই তার এই অসুখ তাকে একা, বিপন্ন করে তোলে। কিন্তু যেভাবে সে স্বপ্ন আর বাস্তবের বিভেদরেখা অতিক্রম করে এই দুই জগতে বাঁচে তা তার চরিত্রটিকে আরও মায়াময় করে তোলে। এমনকি যখন এই দুই জগতের বিভ্রমে মুনতাসির তার একলা বেঁচে থাকার একমাত্র সঙ্গী পুষ্পিতাকে হত্যা করে, তখনো তার দুর্বলতায় করুণাই হয়, ঘৃণা নয়। উপন্যাসের শুরুতে এই বিভ্রমের হাত ধরেই তো তার হারিয়ে যাওয়া রঘুকাকার সঙ্গে সাক্ষাৎ ঘটে, ফের তাকে হারিয়ে ফেলে, উদ্ভ্রান্ত স্মৃতিতে ভর করে রঘুকাকার পলেস্তারা খসা, বিরান বাড়িতে প্রবেশ করে। দেখা মেলে শশীকলার সঙ্গে। পরবর্তী সময়ে যা কিছুই ঘটে তা কখনো আমাদের চেনা পৃথিবীর অংশ, কখনো মায়াজগতের। চিরকালের চেনা ধনী, চরিত্রহীনদের হাতে দুর্বলের, নারীর শোষণ, ক্ষমতার অপব্যবহারে নৃশংসতম অত্যাচার, কয়েকটি নিরপরাধ মানুষের জীবন সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়া! এসব নাসরীন পাঠকের সামনে তুলে ধরেছেন নির্ভুল ডিটেলিংয়ে। এখানে আছে সব ছাপানো প্রেমের উদ্ভাস। চন্দ্রাবতী-জয়ানন্দের ভালোবাসার উপাখ্যানকে স্নিগ্ধ হাওয়ার মতো জড়িয়ে থাকে। মুনতাসিরের বিভ্রান্ত, বিপন্ন অস্তিত্বকে প্রথম প্রেমে জড়িয়ে নেয় পুষ্পিতা, যাকে হারিয়ে ফেলেও ঘৃণা আর প্রেমের মাঝের পথে আঁকড়ে থাকে মুনতাসির, শেষে ফিরে আসে সেই প্রেমকে ফিরে পাওয়ার আকুল আর্তি। মতিবিবি-কুদ্দুসের প্রেম যেন সেই জান-কবুল প্রেমের রূপ, যা নানা সময়ে আমাদের প্রেমে পড়ার, প্রেমকে ফিরে পাওয়ার মায়াবি হাতছানি দেয়। শৈশবের প্রেম যা চরম বিপদ পেরিয়ে এক হয়, থিতু হয় আর পরমুহূর্তেই তলিয়ে যায় চিরবিচ্ছেদের অতলে। যতই হিংসায় ছাওয়া হোক সেই বিচ্ছেদ, তাই তাদের প্রেমকে চন্দ্রাবর্তী-জয়ানন্দের বিরহবিধুর প্রেমের উচ্চতায় নিয়ে যায়। আখ্যান আর বাস্তব মিলেমিশে যায় শুধু প্রেমের আহ্বানে। এই উপন্যাসের বড় প্রাপ্তি মতি-কুদ্দুস পালায় বা তাদের কথোপকথনে নাসরীনের নিজের রচিত পদ। ‘আঁখিতে শরম ভরি ময়ূরের পাখা/ রক্তজবা অঙ্গ দেইখা বক্ষ পুইড়া খাঁ খাঁ/ ছুঁইবার গিয়া ডরাই কইন্যা মাখন গইলা যায়/ কামনার তুলপাড়ে পরান হায় হায়!’ ‘অনেক দিয়া সাগর পাড়ি পাইলাম তোমার বক্ষ স্বামী/ তৃণশয্যা পাতি তাতে/ ধান্য দূর্বা দুধে-ভাতে/ জীবন য্যান তেপান্তর হয় ওগো অন্তর্যামী..।’এখানে প্রকৃতির যে বর্ণনা পাঠকদের ঘোর লাগায়, ভালো লাগায় কিংবা বিষণ্নতায় ডুবিয়ে দেয়। জ্যোৎস্না রাতের চাঁদকে জমাটবাঁধা ঘিয়ের বাটি মনে হয়, যা থেকে জ্যোৎস্না নামছে ফাঁকা গ্রামের গায়ে। যা অদ্ভুত এক ভালো লাগায় মন কেমন করে দেয়। রয়েছে ছোট ছোট চরিত্রের মাধ্যমে খুব প্রাসঙ্গিক কিছু বিষয়কে ছুঁয়ে যাওয়ার অব্যর্থ প্রয়াস। মুনতাসির আটকে পড়া গুহার বন্ধ দরজা খোলার মন্ত্র ভুলে গিয়েছিল যেন বা। একটু একটু করে পিছু হটেও শেষে আঘাত করতে পেরেছিল সে। আবার নেমে এসেছিল পথে। বিশ্বাস আর প্রেম তাকে আবার আগলে নেয় ভরসার হাত বাড়িয়ে এ যে জীবনেরই হাত। মুনতাসিরের মতো স্বপ্ন আর বাস্তবের মাঝে তো বিচরণ আমাদেরও। এই অস্থির সময়ে দাঁড়িয়ে আমাদের শুধু সাহসে বুক বেঁধে লড়াইটা লড়তে হবে, বলতে হবে সিসেম দুয়ার খোলো, অদ্ভুত ঝাঁকড়া চুলের এক বৃদ্ধ হয়তো রয়েছে আমাদেরই অপেক্ষায়।