স্বপ্ন রোপণের রঙিন ব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজার সামনেই সাদর সম্ভাষণ জানাল একটি উজ্জ্বল আনন্দময় সৃষ্টিশীলতার উচ্ছ্বাস, নতুন ভাবনাকে উসকে দেওয়ার মতো একখণ্ড চিত্রজমিন। বাংলাদেশের চিত্রকলায় সমতলের পুরুষপ্রধান সমাজের ভাবনা উপেক্ষা করে রাঙামাটির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী শিল্পী কনকচাঁপা চাকমা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য, কলাকৌশল ও আঙ্গিকের সমন্বয় ঘটিয়ে সমকালীন চিত্রকলায় স্বমহিমায় উদ্ভাসিত।ধানমন্ডির আবাসিক এলাকায় একটি অ্যাপার্টমেন্টে শিল্পী কনকচাঁপা চাকমার স্টুডিও। দরজা খুলে শিল্পী স্মিত হাসিতে অভ্যর্থনা জানান তাঁর স্টুডিওতে। সাজানো-গোছানো পুরো স্টুডিওই যেন বারোক পদ্ধতির এক সুবিশাল পেইন্টিং। শো পিস, অ্যান্টিকস, ছোটবড় বিবিধ আকৃতির ক্রেস্ট, দুর্লভ মুখোশ, বিভিন্ন দেশের বুদ্ধের ভাস্কর্য, সারি সারি রঙের কৌটা, থাকে থাকে অজস্র বই, বইয়ের টেক্সট, সমাপ্ত-অসমাপ্ত-অর্ধসমাপ্ত ক্যানভাস, ইজেল, টি-টেবিল, আরামদায়ক সোফা, স্তূপাকার রং, বিভিন্ন আকৃতি-অভিব্যক্তির দলবদ্ধ হাতি—শিল্পযজ্ঞের সব উপকরণ আর শিল্পীর বিচরণ মিলিয়ে জীবন্ত হয়ে নেমে আসা প্রাক ক্লাসিক্যাল যুগ। টেবিলে রঙের প্যালেটে বর্ণিল তাজা রং আর বিভিন্ন আকৃতির ব্রাশ। যেকোনো মুহূর্তেই বাস্তবে ধরা দেবে কল্পনার কোনো অদেখা ভুবন। শিল্পী তো বটেই, সাধারণ আগন্তুকেরও শিল্পী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়ে যায় কনকচাঁপা চাকমার স্টুডিওতে। এই মুহূর্তে তিনি ভাবছেন পরবর্তী প্রদর্শনী নিয়ে। কনকচাঁপার প্রদর্শনীতে আদিবাসীদের অস্তিত্ব-সংকট প্রধান প্রতিপাদ্য বিষয় হবে। তাঁদের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা সংকট-সমস্যা নিয়ে লড়াই করে যাচ্ছে। এই সমস্যা অনেকাংশে রাজনৈতিক, এবং উত্তরণের পথগুলোও বন্ধুর। তাঁদের জাতিগোষ্ঠীর এই অস্তিত্বের সংকটে সবাইকে পাশে নিয়ে কাজ করতে আগ্রহী শিল্পী কনকচাঁপা। এই প্রদর্শনীতে শুধু পেইন্টিং নয়, ইনস্টলেশনসহ নানা কিছুর মাধ্যমে একটি প্রধান জাতিসত্তাকে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। তিনি জাতিগোষ্ঠী হিসেবে মুরংদের (ম্রো) আচার-আচরণ, জীবনযাপন প্রণালি, ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব, আনন্দ-বেদনা-দুঃখ ক্যানভাসে তুলে ধরবেন। মুরংদের পোশাক ও ভাষা চাকমা বা অন্যান্য জাতিসত্তা থেকে ভীষণ আলাদা। ‘একটি চারাগাছকে আমি প্রতীক হিসেবে ব্যবহার করেছি। একটি চারাগাছের বেড়ে ওঠা, শাখা-প্রশাখার ব্যাপ্তি, দৃঢ়তা হয়তো আমাদের এই জনগোষ্ঠীর প্রয়োজনীয়তাকে উপলব্ধির সুযোগ তৈরি করবে। এ ছাড়া আমাদের বলা হচ্ছে আমরা আদিবাসী নই। অর্থাৎ আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার অভিপ্রায়। এর প্রতিবাদ আজ করতেই হবে।’যে জাতিগোষ্ঠী এ দেশে রয়েছে হাজার বছর ধরে, নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতিকে লালন করছে মায়ের মমতায় তাদের অস্তিত্বই এখন হুমকির মুখে। ‘পূর্ববর্তী সময়ে আমি এঁকেছি আমার জাতিসত্তার সুখকর স্মৃতি, যা শৈশব থেকেই আমি দেখে এসেছি। তবে এখন তাগিদ অনুভব করছি তাদের সংকট-সমস্যাকে তুলে ধরার।’পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি পরিবেশে শৈশব-কৈশোর পরবর্তী সময়ে তাঁর মননশীল মানস গঠনে ভূমিকা রেখেছে। প্রকৃতি, পাহাড়, অরণ্য ও হ্রদের সৌন্দর্যের সঙ্গে বেড়ে উঠেছেন তিনি। আবার একই সঙ্গে অশান্ত পাহাড়, জাতিগত অস্তিত্বের লড়াই, পাহাড়ি-বাঙালি বৈরিতা, রক্তক্ষয়ী যুদ্ধ, মারণাস্ত্র—এসব বেমানান বিষয় তাঁর সরল জীবনযাপনে স্পষ্ট টানাপোড়েন সৃষ্টি করেছে। তার পরও আদিবাসী জীবনযাত্রা, পাহাড়ি নিসর্গ ইত্যাদি নানা অভিজ্ঞতা বিচ্ছুরিত হয়েছে শিল্পী কনকের চিত্রকলায়। ‘বুদ্ধের অহিংস বাণী আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। পৃথিবীর এই অশান্ত পরিবেশে আমি শান্তি পৌঁছে দিতে চাই আমার সৃজনশীলতা দিয়ে। এখানে ধর্ম নয়, ব্যক্তি আকাঙ্ক্ষা, মানবতার প্রতি মমত্ববোধের বহিঃপ্রকাশ দেখেছি’—শিল্পী কনকচাঁপা এভাবেই তাঁর মনোভূমির কিছু কথা ব্যক্ত করেন।তাঁর শিল্পে নারী একটি সার্বভৌম চরিত্র, এটা আদিবাসী সামাজিকতার অংশ হলেও তিনি জানেন এই নারীদের দুঃখগাথা। নারীরাই সমাজ, সংস্কৃতি ও সমস্ত কর্মযজ্ঞের কেন্দ্রে থাকার পরও তাঁদের প্রতি বঞ্চনা ও বৈষম্যে তিনি ব্যথিত হন। পাহাড়ি পথ, নিসর্গ, জুম ফসলের খেত, স্বচ্ছ জলের ধারা, স্নানরতা রমণী তাঁর চিত্রে ফিরে আসে বারবার। তিনি মনে করেন শিল্পীর আত্মপরিচয়টা জরুরি, জাতিসত্তার জন্মান্তরের অবিচ্ছেদ্য শেকড় প্রাণশক্তি বাড়ায় ও আত্মবিশ্বাসী করে।শিল্পী কনক বলেন, প্রত্যেক শিল্পশিক্ষার্থীকে অবশ্যই তাঁর শিল্পচর্চার ক্ষেত্রে অনেক পরিশ্রমী এবং সততার পরিচয় দিতে হবে। কঠোর পরিশ্রম আর সাধনা ছাড়া সফল শিল্পী হওয়া সম্ভব নয়। শিল্পভাবনায় তিনি আশাবাদী ও স্বতন্ত্র; তবে হতাশা, দুঃখবোধ, নৈরাশ্য তাঁকে বিচলিত করে, কিন্তু তাঁর শিল্পকর্মে তিনি সৃষ্টি করেন আনন্দময় শিল্পের স্বর্গীয় অনুভূতি।কনকচাঁপা চাকমা: জন্ম, রাঙামাটি জেলায়, ১৯৬৩ সালে। ১৯৮৬ সালে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ শেষ করেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, এর মধ্যে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক অন্যতম। তিনি দেশে-বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।