স্বপ্নবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা একটি দেশের, একটি জাতির, একটি সময়ের ইতিহাসে নতুন অভিজ্ঞান নির্মাণ করে। দেশের শিল্প-সংস্কৃতি-সাহিত্য-চিন্তাকাঠামো সবকিছুই প্রাণস্পন্দনের দোলায় সৃজনমুখর হয়ে ওঠে। বিজয় একটি জাতির সর্বোচ্চ অর্জন। বাঙালির সশস্ত্র স্বাধীনতাসংগ্রাম এবং লাখো শহীদের আত্মত্যাগের ভেতর দিয়েই অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। যুদ্ধজয়ের এই প্রেরণা বাঙালি জাতি ও তার ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধির পথ দেখাবে, দেশ বিনির্মাণের শক্তি ও সাহস জোগাবে অনাগত কাল অবধি। ‘উৎসারিত আলোয়’ শিরোনামে শিল্পী অশোক কর্মকারের স্থাপনাশিল্পের প্রদর্শনী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে সম্প্রতি শেষ হলো। আমাদের বিজয়ের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। শিল্পী অশোক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যই তার এই স্থাপনাশিল্প। আমাদের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে, নতুন প্রজন্ম এই গৌরবের প্রত্যক্ষদর্শী নয়; তাই আমাদের দায়িত্ব প্রজন্মের কাছে তার দীপ্তিময় অতীতকে সঠিকভাবে তুলে ধরা।’শিল্পী অশোক বেঙ্গল গ্যালারির সুপরিচিত পরিসরকে চমৎকারভাবে বদলে দিয়েছেন। নান্দনিক আবহে তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের শেকড়সুদ্ধ ইতিহাস। আমাদের রক্তে বয়ে চলা মৃত্তিকার আত্মাকে তিনি প্রতীকী গড়নে তুলে এনেছেন গ্যালারির ছোট্ট পরিসরে। তিনটি পাত্রে রাখা তিন ধরনের কাদামাটি, প্রদর্শনীতে প্রবেশলগ্নেই বাংলার মাটিকে ছুঁয়ে যাওয়ার হার্দিক আহ্বান। প্রদর্শনীতে আগত দর্শকদের মাটিমাখা হাতের ছাপে দেয়ালের সাদা ক্যানভাসগুলো ভরে ওঠে নিমিষেই। আর মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগৃহীত মাটির ওপর তিনি ডিএনএর প্রতীকী উপস্থাপনার মাধ্যমে ধাতব পদার্থকে ১৯৭১ লেখা ফিতা দিয়ে জড়িয়েছেন। মানবজীবনের বৈশিষ্ট্য সংরক্ষিত হয় ডিএনএতে। বাঙালি জাতির ডিএনএলিপিতে রক্তাক্ত একাত্তরই প্রোটাগনিস্ট। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি দেখাতে চান বাঙালি জাতির মৌলিক বৈশিষ্ট্য হিসেবে। আর এই চেতনা প্রজন্মান্তরে লালিত হবে—এই স্বপ্ন শিল্পী অশোক কর্মকারের। স্থাপনাতে রয়েছে চারটি স্তম্ভ, যা আমাদের বিজয়ের চারটি দশককে উপস্থাপন করে। স্থাপনায় মাটির অন্তর্নিহিত শক্তিকে চারটি বৃহদাকার পাত্রের ভেতর থেকে আলোর বিচ্ছুরণ ঘটানোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যা ওপরের ঝুলন্ত সিলিন্ডারের মাধ্যমে অনন্তে ছড়িয়ে পড়ে। সিলিন্ডারের গায়ে আঁকা রক্তের ধারা তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে প্রজন্মের উপলব্ধিতে। অনেকগুলো কম্পিউটার মনিটরে ক্রমাগত ভেসে উঠছে মুক্তিযুদ্ধের দলিলপত্র, তৎকালীন পত্রপত্রিকার রিপোর্টিংয়ের অংশবিশেষ এবং আলোকবর্তিকা হাতে ভবিষ্যৎ প্রজন্মের বাঙালি শিশুদের নিষ্পাপ মুখচ্ছবি। পরিবেশের অন্তরকে ধারণ করা আবহ সংগীত দর্শকের চেতনাকে আরও শাণিত করে তোলে। এই প্রদর্শনীর উল্লেখযোগ্য স্মারক ছিল ক্যানভাসের চিত্রকর্মসমূহ। শিল্পী অশোক এই ছবিগুলো এঁকেছেন কাদামাটির সাহায্যে কোনো ধরনের ব্রাশের ব্যবহার ছাড়া, শুধু হাত দিয়ে। মাটির স্পর্শকে দর্শকের হূদয়ে গেঁথে রাখার এই পরিকল্পনার সঙ্গে সঙ্গে শিল্পী নিজেই নিজেকে জড়িয়েছেন মাটির মায়াময় বাঁধনে। অশোক কর্মকার: ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামে। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। শিশু একাডেমী থেকে সেরা বইয়ের ডিজাইনের জন্য তিনি ‘অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার’সহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বহু একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিল্পনির্দেশক হিসেবে কর্মরত।